পুকুরে ডুবে একাত্তর টিভির প্রযোজকসহ তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের একটি পিকনিক স্পটের পুকুরে ডুবে গতকাল শুক্রবার চ্যানেল একাত্তরের নির্বাহী প্রযোজকসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন: চ্যানেল একাত্তরের নির্বাহী প্রযোজক তানভীর জাহিদ (৩৩), তাঁর বন্ধু জামিল আখতার (৩২) ও তাঁর স্ত্রী আসমা আক্তার (২৪)। তানভীর জাহিদ আওয়ামী লীগের প্রচার সম্পাদক নূহ-উল-আলম লেনিনের বড় মেয়ে সুবর্ণা সেঁজুতির স্বামী। আসমা আক্তার ঢাকার পশ্চিম কাজীপাড়ার বাসিন্দা ইসরাইল মিয়ার মেয়ে। জামিল আখতার একই এলাকার ইউসুফ আলীর ছেলে। পুলিশ ও পিকনিক স্পট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাঁরা দুই দম্পতি গাজীপুর সদর উপজেলার বাংলাবাজার এলাকার শিরনি কটেজে বেড়াতে যান। গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে আসমা আক্তার কটেজের পুকুরে গোসল করতে যান। এ সময় আসমা পানিতে ডুবে যেতে থাকলে তাঁকে বাঁচাতে জামিল পুকুরে ঝাঁপ দেন। কিন্তু তিনি সাঁতার না জানায় দুজনই পানিতে তলিয়ে যেতে থাকেন। এ সময় তানভীর তাঁদের দুজনকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দেন। পরে আস্তে আস্তে তিনজনই পানিতে তলিয়ে যান। তানভীরের স্ত্রী সুবর্ণা দৌড়ে কটেজের বাইরে গিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন ছুটে এসে তাঁদের উদ্ধার করে উত্তরার জাহানারা ক্লিনিকে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।শিরনি কটেজের দায়িত্বে থাকা লিটন মিয়া বলেন, গতকাল ভোরে তাঁরা ঘুম থেকে উঠে পুকুরে গোসল করতে গেলে তিনি বাড়িতে চলে যান। কিছু সময় পর জানতে পারেন, তাঁদের তিনজনই পানিতে ডুবে মারা গেছেন। পরে তিনি আশপাশের লোকজনের সহায়তায় একটি গাড়ি দিয়ে তাঁদের তিনজনকে উত্তরার ক্লিনিকে নিয়ে যান।জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।দুই শিশুর মৃত্যু: শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি জানান, শাহরাস্তি উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের কালোচোঁ পাটোয়ারী বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। শিশুদের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মোজাম্মেল হকের মেয়ে আরমিন আক্তার (৫) ও একই বাড়ির মিজানুর রহমানের মেয়ে সুমা আক্তার (৫) খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিবেশীরা মৃত অবস্থায় পুকুর থেকে তাদের উদ্ধার করে। দুই বোনের মৃত্যু: ধুনট (বগুড়া) প্রতিনিধি জানায়, ধুনট উপজেলায় পুকুরের পানিতে ডুবে গতকাল শুক্রবার সুমাইয়া আকতার (১২) ও ববিতা আকতার (৭) নামের দুই বোনের মৃত্যু হয়েছে। তারা উপজেলার চিকাশি ইউনিয়নের গুলারতাইড় গ্রামের বকুল মণ্ডলের মেয়ে।