পুকুরে দাপাদাপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা শহরে খেলার মাঠই খুঁজে পাওয়া দায়, তাও আবার গোসল করার পুকুর। কিন্তু নেই নেই করেও বেশ কয়েকটি পুকুর পাওয়া গেল, যেখানে সাঁতার কাটা সম্ভব, তাও আবার বিনা পয়সায়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পুকুর নিয়ে কুসংস্কার ছিল, এখানে গোসল করতে গেলেই মারা পড়ে লোকজন। এই কুসংস্কারের ভিত্তিটা যে কতটা পাকাপোক্ত, সেটা টের পাওয়া গেল বড় বড় হরফে লেখা কর্তৃপক্ষের সতর্কবাণী দেখে। কিন্তু দিব্যি গোসল করে যাচ্ছে লোকজন। তাই কুসংস্কারের ভয় যদি মনে না থাকে, তাহলে নিশ্চিন্তে যেতে পারেন গোসল সারতে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পুকুর আর জহুরুল হক হলের পুকুরেও সাঁতরানো যায় অনায়াসে। তাই এখানকার পুকুরগুলোতেও ঢুঁ মেরে আসতে পারেন, মনে ধরলে নেমেও যেতে পারেন। তবে একটা কথা বলে রাখা ভালো, যদি আপনি বহিরাগত হন, সে ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ছেলেপুলেদের সঙ্গে কোনো রকম ঠ্যাটামি না করতে যাওয়াই ভালো। কেননা, তখন মনের আনন্দের বদলে দেহের বেদনা নিয়েই ফেরার আশঙ্কা বেশি।রমনা পার্কের পুকুরটি অসম্ভব রকম সুন্দর। চারদিকে স্নিগ্ধ সুন্দর প্রকৃতি। তার মাঝখানে টলটলে জলাধার। দেখলেই চোখ জুড়িয়ে যায়। তাই এখানে এলে পুকুরে নামতে ইচ্ছে করবেই। চাইলে পুকুরে সাঁতার কাটতে পারেন, তবে ততক্ষণ, যতক্ষণ পাহারাওয়ালার চোখে না পড়ে।ঢাকেশ্বরী মন্দিরের পুকুরে পুণ্যার্থীরা স্নান সারতে আসেন নিয়মিত। পুণ্য লাভের আশায় না হোক, গরম থেকে বাঁচতে চাইলে তাঁদের সঙ্গে যোগ দিতে পারেন আপনিও। কদমতলা রাজারবাগের শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দিরে রয়েছে গঙ্গাসাগর দিঘি। এই দিঘিটি দৈর্ঘ্য-প্রস্থে বিশাল। দেখতে খুবই মনোরম। বহু লোক প্রতিদিন এখানে আসে গোসল সারতে। সবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধবিহারের পুকুরও উন্মুক্ত রয়েছে সাধারণ মানুষের জন্য। এখানে চাইলে যে কেউ এসে সকাল-সন্ধ্যা সাঁতার কাটতে পারবে। পুরান ঢাকার পাটুয়াটুলী-ইসলামপুরের নবাববাড়ির পুকুরে নামতে হলে অবশ্য কিছু টাকা খরচ করতে হবে। তবে সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। মাত্র তিন টাকাতেই মেলে এখানে গোসল করার অনুমতি। তবে এই পুকুরে গোসলের সময় কোনো ধরনের সাবান ব্যবহার করা যাবে না।পুরান ঢাকার বংশাল পুকুরে রয়েছে সিঁড়িসহ দুটি ঘাটলা। একটিতে বংশাল ও এর আশপাশের এলাকার বাসিন্দারা সাঁতার কাটতে পারে আর অন্য ঘাটলায় মাত্র দুই টাকার বিনিময়ে যে কেউ গোসল সারতে পারে।তবে পুকুরে ঝাঁপিয়ে পড়ার আগেই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা ভালো করে শুনে রাখুন—আপনি যে পুকুরেই সাঁতার কাটতে যান না কেন, আপনাকে অবশ্যই ভালোভাবে সাঁতার জানতে হবে। সাঁতার শেখার জন্য পুকুর নয়, সুইমিং পুলে যান।