মৌলভীবাজারের কমলগঞ্জের একটি পুকুর থেকে গত রোববার ভোরে দুই শিশুসন্তানসহ এক অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। মৃতরা হলেন শেলী রানী দেব (৩০), তাঁর ছেলে উজ্জ্বল দেব (৩) ও মেয়ে ঐশী রানী দেব (১৮ মাস)।গৃহবধূর পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী অসিত চন্দ্র দেব, শাশুড়ি অঞ্জলী রানী দেব এবং দুই দেবর অজিত চন্দ্র দেব ও বিজয় চন্দ্র দেবকে গ্রেপ্তার করা হয়েছে। কমলগঞ্জের ১ নম্বর রহিমপুর ইউনিয়নের ছয়কুট গ্রামে এ ঘটনা ঘটেছে।গ্রেপ্তারের আগে অঞ্জলী রানী দেব প্রথম আলোকে বলেন, আগের রাতে ১০ টাকা নিয়ে ছেলের বউ শেলীর সঙ্গে তাঁর ঝগড়া হয়। এ সময় তাঁরা পরস্পরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ঝগড়ার কারণে শেলী রাতে রান্না করেননি। পরে এ নিয়ে আরেক দফা ঝগড়া হয়। এই অবস্থায় রাতে না খেয়েই শেলী তাঁর দুই অবুঝ শিশুকে নিয়ে ঘুমিয়ে পড়েন।অঞ্জলী রানী দেব বলেন, রোববার ভোরে ঘুম থেকে উঠে তাঁরা ঘরের দরজা খোলা দেখতে পান। ঘরে গিয়ে দেখেন, বিছানায় শেলী ও তাঁর দুই সন্তান নেই। পরে খুঁজতে খুঁজতে বাড়ির পুকুরে গিয়ে দেখেন, ঐশী ও উজ্জ্বলের মরদেহ পানিতে ভাসছে। তাদের লাশ পাড়ে তুলে আনার সময় শেলীর মরদেহও তাঁরা পুকুরে ভাসতে দেখেন।গ্রেপ্তারের পর স্বামী অসিত দেব থানায় বসে সাংবাদিকদের বলেন, কেন কীভাবে এ ঘটনা ঘটেছে, তা তিনি বুঝতে পারছেন না। পরে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, অসিত মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন।শেলীর দেবর বিজয় বলেন, পুকুর থেকে ভাতিজা-ভাতিজির মরদেহ উদ্ধারের পর পানির নিচে পা বাঁধা ও গলায় শাড়ি পেঁচানো অবস্থায় তাঁর বউদির মরদেহ পাওয়া যায়।তবে শেলীর বাবা রেনু ভূষণ দেব অভিযোগ করে বলেন, শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে তাঁর মেয়েকে হত্যা করেছে। পরে পা বেঁধে পুকুরে ফেলে দিয়েছে। এ দৃশ্য তাঁর দুই নিষ্পাপ নাতি-নাতনি দেখে ফেলায় তাদেরও হত্যা করা হয়েছে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় গৃহবধূর বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। মামলার তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) সুধীন চন্দ্র বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এ ব্যাপারে কিছু বলা যাচ্ছে না।জেলা মহিলা পরিষদের সভাপতি মায়া ধর জানান, পরিষদের পক্ষে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাঁদের প্রাথমিক ধারণা, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।