নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের কদমতলীর একটি পুকুর থেকে নয় মাস বয়সী যমজ দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ শিশুদের বাবা আবুল কাশেমকে গ্রেপ্তার করেছে। পুলিশের ধারণা, সামীন্ত ও শিমু নামের ওই দুই শিশুকে পরিকল্পিতভাবে পুকুরের পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, কদমতলীর নওয়াব মিয়ার বাড়ির ভাড়াটিয়া আবুল কাশেমের সঙ্গে সালমার বিয়ে হয় সাত থেকে আট বছর আগে। তাঁদের ছিল পাঁচ বছর বয়সী এক ছেলে ও নয় মাস বয়সী যমজ ছেলে-মেয়ে সামীন্ত ও শিমু। পোশাক তৈরির কারখানার স্বল্প বেতন দিয়ে আবুল কাশেমের সংসার চলছিল না। এ নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। সোমবার রাতে খাওয়া-দাওয়া শেষ করে আবুল কাশেম ও সালমা তিন সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। গতকাল সকালে ঘুম থেকে উঠে সালমা দেখতে পান, বিছানায় সামীন্ত ও শিমু নেই। অনেক খোঁজ করার পর সকাল ১০টার দিকে বাড়ি থেকে ৫০ গজ দূরের একটি পুকুরে দুই শিশুর লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।এ ঘটনায় সালমা স্বামী আবুল কাশেমকে আসামি করে হত্যা মামলা করেছেন। এজাহারে বলা হয়েছে, সোমবার রাতের কোনো এক সময় আবুল কাশেম দুই শিশুসন্তানকে পুকুরের পানিতে চুবিয়ে হত্যা করে।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম জানান, ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে শিশুটি দুটিকে পরিকল্পিতভাবে পুকুরের পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছে। আসামি আবুল কাশেমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।