পুকুরে সামুদ্রিক কুমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমটায় ওমর ফারুক ভেবেছিলেন চোখের ভুল। কিন্তু চারদিকে আলো ফুটে গেছে। তিনি দিব্যি দেখতে পেলেন, চোখের সামনে দিয়ে বিশাল আকারের কুমিরটি হেলেদুলে নেমে গেল পুকুরের পানিতে। তখন ভোর প্রায় পৌনে ছয়টা। অজু করার জন্য পুকুরঘাটে আসতেই তাঁর নজরে পড়ল ওই অদ্ভুত দৃশ্যটি। ঘাটলার ওপর সটান শুয়ে থেকে ভোরের রোদ পোহাচ্ছে ইয়া বড় এক কুমির।ভয়ে ওমর ফারুক চিৎকার দেন। বাড়ির লোকজন এসে হাজির পুকুরপাড়ে। ঘটনা কারও বিশ্বাস হয়, কারও হয় না। এই যখন পরিস্থিতি, তখন সবার সন্দেহ ঘোচাতেই যেন কুমিরটি আবার রোদ পোহাতে উঠে আসে পুকুরপাড়ে। এবার সব সন্দেহের অবসান। সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় নতুন তৎপরতা। কুমির শিকারের উৎসবে মেতে ওঠে গ্রামের নওজোয়ানেরা। ঘটনাটি গতকাল রোববারের। ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের রামদাসপুর গ্রামে আমিনুল্যার বাড়ির সামনের পুকুরে ছিল কুমিরটি।প্রতি রাতে কুমিরটি ঘাই দিত পুকুরে। আমিনুল্যাহ ভাবতেন, বড় বড় রুই-কাতলা ঘাই দিচ্ছে। মনটা তাঁর ভরে যেত। ভাবতেন, গত বছর জলোচ্ছ্বাসে সবার পুকুরের মাছ চলে গেলেও তাঁর পুকুরে বড় বড় মাছ ঢুকেছে। সেই মাছই ঘাই দিচ্ছে। এদিকে বাড়ির নারীরা জানান, দু-চার দিন পর পর তাঁদের খোপের হাঁস হারিয়ে যেত। এবার তাঁরা বুঝতে পেরেছেন, কে তাঁদের হাঁসগুলো খেয়ে ফেলত।পুকুরটির দক্ষিণে প্রায় ১০০ গজ দূরে ইলিশা নদী। উত্তরে প্রায় দেড় কিলোমিটার দূরে মেঘনা। পূর্বে ও পশ্চিমে জনবসতি। তাই গ্রামবাসীর অবাক জিজ্ঞাসা—তাহলে এই পুকুরে কুমিরটি এল কীভাবে? গৃহস্বামী আমিনুল্যাহর ধারণা, গত বছরের অক্টোবরে অস্বাভাবিক বৃষ্টি ও জলোচ্ছ্বাসে ভোলা জেলার প্রায় ৮০ শতাংশ এলাকা ডুবে যায়। সে সময় পুরো রাজাপুর ইউনিয়ন ছিল প্লাবিত। ১০ দিন পর পানি নেমেছে। কুমিরটি জলোচ্ছ্বাসে ভেসে এসে পুকুরে আশ্রয় নিয়েছিল। পরে পানি নেমে গেলেও কুমিরটি কোনো কারণে চলে যায়নি।এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুমির শিকারের তোড়জোড় বাড়তে থাকে। গ্রামের সাহসী নওজোয়ান আবদুল হানিফ, গিয়াসউদ্দিন, শিপন, কামরুল ইসলাম, জাহের আলী, সফিউল্যাহ, নেছার উদ্দিনসহ ১৫-২০ জন রীতিমতো কোমর বেঁধে লেগে পড়লেন কুমির শিকারে। আনা হলো পাওয়ার পাম্প। পুকুর সেচে কমিয়ে ফেলা হলো পানি। তারপর মাছ ধরার জাল দিয়ে শুরু হলো কুমির ধরার চেষ্টা। কিন্তু ব্যাপারটা তত সহজ ছিল না। জালে ধরা পড়তেই কুমিরটি লাফঝাঁপ দিয়ে জাল থেকে ছুটে যাচ্ছিল। পুকুরপাড়ে তখন সারা গ্রামের লোক জুটে গেছে। কুমির শিকার দেখতে স্থানীয় স্কুলের শিক্ষার্থীরাও শ্রেণীকক্ষ থেকে ছুট দিয়ে চলে এসেছে পুকুরপাড়ে। অগত্যা শিক্ষকেরা ছুটি দিয়েছেন স্কুলে। পাড়ে দাঁড়ানো কৌতূহলী সবাই মিলে গগনবিদারী হাঁক দিয়ে সমানে উৎসাহ জুগিয়ে চলেছে কুমির শিকারিদের। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকেরাও চলে এসেছেন ঘটনাস্থলে।এরই মধ্যে পুকুরে কুমির শিকারের খবর চলে গেল স্থানীয় বন বিভাগেও। বন বিভাগের কর্তারাও এসে উপস্থিত। তাঁরা জানিয়ে দিলেন, কোনোভাবেই কুমিরটি মেরে ফেলা যাবে না। কুমির ধরতে যে খরচ হবে, তা বন বিভাগের পক্ষ থেকে দেওয়া হবে। উপরন্তু যাঁদের ক্ষতি হয়েছে, সেটাও পুষিয়ে দেওয়া হবে। এ ঘোষণায় যেন উৎসাহের বন্যা বয়ে গেল শিকারিদের মধ্যে। দুপুর নাগাদ কুমিরটি জ্যান্ত অবস্থাতেই ধরা হলো। ঘোষণা অনুযায়ী বন বিভাগের কর্তারা পাঁচ হাজার টাকা মজুরি দিলেন কুমির শিকারিদের। এবং কী কী ক্ষতি হয়েছে, তার তালিকা করে একটি আবেদন করতে বললেন।পরে কুমিরটি একনজর দেখতে শত শত বৃদ্ধ, নারী ও শিশু জমায়েত হয় ইউনিয়নের ২৭ দাগ বাজারে। কুমিরটি লম্বায় সাত ফুট। উপকূলীয় বন বিভাগের উপপরিচালক আবু সাঈদ প্রথম আলোকে বলেন, এটি সামুদ্রিক কুমির। এরা সাধারণত হালকা লোনা পানিতে বাস করতে পছন্দ করে। এর বৈজ্ঞানিক নাম Brakish Water Crocodyle। ধারণা করা হচ্ছে, গত অক্টোবরে জলোচ্ছ্বাসে সাগর থেকে ভেসে এসে রামদাসপুরের পুকুরে কুমিরটি আটকে গেছে। অতিরিক্ত গরম ও ক্ষুধায় এটি রাতে পুকুরের ওপরে উঠে আসত। তা ছাড়া, এটি মাঝেমধ্যে রোদ পোহাতে ওপরে উঠে আসে।উপপরিচালক জানান, কুমিরটি গতকালই বন বিভাগের ঢাকার প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে এটি ছাড়া হবে।এলাকাবাসী জানান, চার মাস আগে ওই রামদাসপুরের দক্ষিণে কানাবগির চরের এক পুকুরে এভাবেই একটি সামুদ্রিক কুমির দেখা গিয়েছিল। এলাকাবাসী কুমিরটি ধরে পিটিয়ে মেরে ফেলে। পরে ওই মরা কুমিরটিই বন বিভাগ নিয়ে গেছে। থানায় এ ব্যাপারে একটি মামলা হয়েছে।