পুঞ্জীভূত ক্ষোভ থেকে বিদ্রোহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহ ও হত্যাযজ্ঞের সঙ্গে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর সংশ্লিষ্টতা পায়নি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। জওয়ানদের পুঞ্জীভূত ক্ষোভ ও দাবিদাওয়া থেকেই বিদ্রোহের সূত্রপাত। টানা ৫০০ দিনের (১৬ মাস) তদন্তে এ তথ্য পাওয়া গেছে। গতকাল সোমবার বহুল আলোচিত এ মামলার অভিযোগপত্র দেওয়া হয়। এতে ৮০১ জওয়ানসহ ৮২৪ জনকে অভিযুক্ত করা হয়। এঁদের মধ্যে ২১ জন পলাতক।বিএনপির নেতা নাসির উদ্দীন আহাম্মেদ পিন্টু ও আওয়ামী লীগের ওয়ার্ড নেতা তোরাব আলীকেও এ মামলায় আসামি করা হয়েছে। হত্যা, লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ, ভয়ভীতি দেখানো, নির্যাতন, জিম্মিসহ দণ্ডবিধির ২৫টি ধারায় এসব আসামির বিরুদ্ধে অভিযোগ আনা হয়।অভিযোগপত্র দেওয়ার পর গতকাল (১২ জুলাই, ২০১০) দুপুরে সিআইডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য জানান। সম্মেলনে তদন্ত কর্মকর্তা ও সিআইডির বিশেষ সুপার আবদুল কাহার আকন্দ বলেন, এ ঘটনায় বাইরের কোনো ইন্ধনদাতা ছিল এমন তথ্যও সিআইডির তদন্তে পাওয়া যায়নি। বাংলাদেশে এই প্রথম কোনো মামলায় এত বিপুলসংখ্যক ব্যক্তিকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হলো। এ মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জবানবন্দি নেওয়া হয়েছে। এ ছাড়া মন্ত্রী, সাংসদ, সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানেরা এবং পুলিশের মহাপরিদর্শকসহ ১৪ জন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাক্ষ্য নেওয়া হয়েছে।সিআইডির কর্মকর্তারা জানান, কয়েক দফা সময় নেওয়ার পর গতকাল বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম এ কে এম এনামুল হকের আদালতে অভিযোগপত্রটি দাখিল করা হয়। ১৩২ পৃষ্ঠার অভিযোগপত্রের সঙ্গে প্রায় পাঁচ হাজার পৃষ্ঠার নথিপত্র (কেস ডায়েরি) জমা দেওয়া হয়েছে।সংবাদ সম্মেলনে সিআইডির ডিআইজি সাইফুল আলম, জ্যেষ্ঠ সহকারী সুপার ফজলুল কবীর ও আইনজীবী মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। সাংবাদিকদের সব প্রশ্নের জবাব দেন তদন্ত কর্মকর্তা আবদুল কাহার আকন্দ। সিআইডির কর্মকর্তারা জানান, এ ঘটনায় বিস্ফোরক আইনেও একটি মামলা হয়। এ মামলার অভিযোগপত্র খুব শিগগির দেওয়া হবে।এ হত্যাকাণ্ডের বিচার সেনা আইনে করার দাবির পরিপ্রেক্ষিতে সরকার বিষয়টি সুরাহার জন্য সুপ্রিম কোর্টে পাঠায়। সেখানে ১০ জন আইনজীবীর মতামতের ভিত্তিতে হত্যাকাণ্ডের বিচার প্রচলিত আইনেই করার সিদ্ধান্ত হয়। এরপর সিআইডি মামলাটির তদন্ত শুরু করে। এ তদন্ত ছাড়াও বিডিআরের নিজস্ব আইনে বিদ্রোহের অভিযোগে সারা দেশে সাড়ে ছয় হাজার বিডিআর সদস্যের বিচার শুরু হয়েছে।তদন্ত: সংবাদ সম্মেলনে কাহার আকন্দ বলেন, গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহে জওয়ানদের হাতে ৫৭ কর্মকর্তা, তিন নারীসহ ৭৪ জন প্রাণ হারান। রাজধানীর নিউমার্কেট থানায় করা এ মামলার তদন্তের দায়িত্ব পায় সিআইডি। তদন্তকাজ নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সর্বাত্মক চেষ্টা করা হয়েছে। এতে ২০০ জন কর্মকর্তা দিনরাত কাজ করেন। এফবিআই ও স্কটল্যান্ড ইয়ার্ড তদন্তকাজে সহায়তা করে।গ্রেপ্তার: সংবাদ সম্মেলনে বলা হয়, এই মামলায় দুই হাজার ৩০৭ জনকে গ্রেপ্তার করা হয়। এঁদের মধ্যে ৩৯ জন বেসামরিক। পলাতক আছেন ২১ জন। পলাতকসহ ৮২৪ জনের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। গ্রেপ্তার হওয়া দুই হাজার ৩০৭ জনের মধ্যে এক হাজার ৫০৪ জনের বিরুদ্ধে অভিযোগের তথ্যপ্রমাণ পায়নি সিআইডি। তবে এঁরা হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেও বিডিআরের নিজস্ব আইনে বিদ্রোহের অভিযোগে মামলা চলছে।জিজ্ঞাসাবাদ: সিআইডির কর্মকর্তারা জানান, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাংসদ শেখ ফজলুল করিম সেলিম, শেখ ফজলে নূর তাপসসহ বিভিন্ন সাংসদ, র‌্যাব কর্মকর্তা, বিডিআর কর্মকর্তা, পুলিশ-সেনা সদস্যসহ জিজ্ঞাসাবাদ করা হয়েছে সাত হাজার ৯৭৪ জনকে। এঁদের মধ্যে বেসামরিক নাগরিক আছেন ৪৩১ জন, বিডিআরে কর্মরত সাধারণ সদস্য আছেন ৩১১। দুই হাজার ২০০ লোককে রিমান্ডে আনা হয়েছে। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ৯৫৬ জন।সাক্ষী: সংবাদ সম্মেলনে বলা হয়, মন্ত্রী, সাংসদ, তিন বাহিনীর প্রধানেরা, সাংবাদিক, সেনা কর্মকর্তাসহ এক হাজার ২৮৫ জনকে সাক্ষী করা হয়েছে। তাঁদের মধ্যে সেনা কর্মকর্তা ১০৬ জন, নিহতদের পরিবারের সদস্য ৬৮, বিডিআর সদস্য ১৮২, সাংবাদিক ১৫, সাধারণ মানুষ ১১০, পুলিশ সদস্য ২০২, র‌্যাব ৫৭, জব্দ তালিকার সাক্ষী ২৩০, দমকল বাহিনীর সদস্য ১০, জবানবন্দি নিয়েছেন এমন ম্যাজিস্ট্রেট ৩৩ জন, লাশের সুরতহালের সাক্ষী ১০২, চিকিৎসক ৩৭, নকশা তৈরির সাক্ষী তিন ও আগ্নেয়াস্ত্র পরীক্ষার সাক্ষী তিনজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাক্ষী করা না হলেও তাঁর জবানবন্দি রেকর্ড করা হয়েছে বলে কাহার আকন্দ জানান।আলামত: সিআইডির কর্মকর্তারা জানান, এ মামলার আলামত সংগ্রহ করা হয়েছে পাঁচ হাজার ৩০০। নিহত মহাপরিচালকসহ বিভিন্ন কর্মকর্তার মুঠোফোন, পরিবারগুলোর স্বর্ণালংকারসহ লুণ্ঠিত অনেক মালামাল উদ্ধার করা হয়েছে।সংবাদ সম্মেলনে কাহার আকন্দ জানান, ওই দিন ৬২টি স্থানে অপরাধ হয়েছে। এসব স্থান থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। জব্দ আলামতের মধ্যে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারও আছে। ঘটনার সময় ওই হেলিকপ্টারটি গুলিবিদ্ধ হয়েছিল।ঘটনার কারণ: সংবাদ সম্মেলনে বলা হয়, শুধু দাবিদাওয়া নিয়েই এ ঘটনা ঘটেছে। এর বাইরে কোনো কিছু পাওয়া যায়নি। তবে যারা ঘটনা ঘটিয়েছে, তারা পরিকল্পনা করেই ঘটিয়েছে। পরিকল্পনা ছিল বিডিআর কর্মকর্তাদের জিম্মি করার। তবে প্রয়োজনে গুলি করারও সিদ্ধান্ত ছিল তাদের। তদন্তকালে জানা গেছে, ১৯৯১ সালেও দাবি নিয়ে আন্দোলন হয়েছিল। সেই সূত্র ধরেই তাদের কিছু কথিত দাবির নামে দরবার হলে আক্রমণ চালানো হয়। এর আগে তারা ষড়যন্ত্রমূলকভাবে বিভিন্ন স্থানে বৈঠক করে। বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক তারা অস্ত্রাগার ভেঙে অস্ত্র নিয়ে আসে। এরপর দরবার হল আক্রমণ করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে সেনা কর্মকর্তাদের হত্যা করে। তারা হত্যার পাশাপাশি অগ্নিসংযোগ, লুটপাট, নির্যাতন চালিয়েছে; গ্রেনেডে বিস্ফোরণও ঘটিয়েছে। তারা চেয়েছিল লাশগুলো পুড়িয়ে ফেলতে। পরে সিদ্ধান্ত পাল্টে কিছু লাশ ম্যানহোলে ফেলে দেওয়া হয়। তাদের লুট করা টাকা-পয়সা, গয়না ও মুঠোফোন উদ্ধার করা হয়। নেতৃত্বে যাঁরা: সিআইডির কর্মকর্তারা জানান, বিদ্রোহের কোনো একক নেতা খুঁজে পাননি তাঁরা। তবে জওয়ানদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাঁরা বিদ্রোহের বিভিন্ন পর্যায়ের নেতাদের শনাক্ত করেছেন। এঁদের মধ্যে ডিএডি তৌহিদ, হাবিব, জলিল, নাসির ও রহিম, সুবেদার মেজর গোফরান, নায়েক সুবেদার মনোরঞ্জন, হাবিলদার মনিরুজ্জামান, জওয়ান সেলিম রেজা, তারেক, আইয়ুব, কাজল, সাহাবুদ্দিন, মুহিত, মাইনুদ্দিন, রেজাউল, রুবেল, হাবিব, সাহাদত, ল্যান্স নায়েক সাইদুর, লুৎফর রহমান, জাকারিয়া, ওবায়েদ উল্লেখযোগ্য। পলাতক ২১ জনকে পরিকল্পনাকারী হিসেবে আসামি করা হচ্ছে বলে জানা গেছে। সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেওয়া আসামির সংখ্যা ৫৬ জন বলে জানা গেছে।প্রশ্নোত্তর: এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘বিডিআর বিদ্রোহ একার পক্ষে করা সম্ভব নয়। এ ঘটনার পেছনে একটি গোষ্ঠীর ইন্ধন রয়েছে। এ ব্যাপারে মন্তব্য জানতে চাইলে কাহার আকন্দ বলেন, ‘প্রধানমন্ত্রী কবে বলেছেন, আমি জানি না।’এত বড় ঘটনা কি শুধু দাবিদাওয়ার কারণেই, নাকি অন্য কিছু? কাহার আকন্দ বলেন, ‘বিভিন্ন বিষয় নিয়ে বিডিআর সদস্যদের পুঞ্জীভূত ক্ষোভই বিদ্রোহের কারণ।’সেনা কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা ছিল কি না, জানতে চাইলে কাহার আকন্দ বলেন, তাদের পরিকল্পনা ছিল কর্মকর্তাদের জিম্মি করার। প্রয়োজনে গুলি করার সিদ্ধান্ত ছিল তাদের।জওয়ানেরা বিদ্রোহের আগে-পরে সাংসদ ফজলে নূর তাপসসহ কয়েকজন রাজনৈতিক নেতার সঙ্গে যোগাযোগ করেছিলেন। বিদ্রোহের সঙ্গে এঁদের সংশ্লিষ্টতা ছিল কি না, প্রশ্ন করা হলে কাহার আকন্দ বলেন, এ ঘটনাটি হত্যা মামলা হিসেবে তদন্ত করা হয়েছে। রাজনৈতিক বিষয় নিয়ে কোনো তদন্ত করা হয়নি।এ ঘটনার পেছনে কোনো রাজনৈতিক শক্তির যোগসূত্র ছিল কি না, এর উত্তরে কাহার আকন্দ বলেন, ‘আমি হত্যার তদন্ত করেছি। রাজনৈতিক বিষয়ের নয়।’নাসির উদ্দীন পিন্টু ও তোরাব আলী কীভাবে জড়িত হলেন? কাহার আকন্দ বলেন, ‘এটা জনসমক্ষে বলার বিষয় নয়। যা বলার আদালতে বলা হবে।’ বিদ্রোহ নিয়ে যে বৈঠক হয়েছিল, সেখানে বিডিআরের বাইরের লোক ছিল কি না? কাহার আকন্দ বলেন, ‘হ্যাঁ, ছিল।’বিদ্রোহ করেছে বিডিআর, তাহলে সাধারণ মানুষ কেন আসামি? কাহার আকন্দ বলেন, তারা নানাভাবে এদের সহায়তা করেছে। কেউ পালাতে, কেউ জিনিসপত্র চুরি করতে সাহায্য করেছে। মোট অভিযুক্তের মধ্যে নারী আছে কি না, জানতে চাইলে নাম না বলে তিনি বলেন, ‘একাধিক মহিলা আছে।’প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছেন কি না, জানতে চাইলে কাহার আকন্দ বলেন, ‘হ্যাঁ, তাঁর সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে। তাঁর বক্তব্য রেকর্ড করা হয়েছে।’ তিনি এ মামলার সাক্ষী কি না? জবাবে বলা হয়, না, তাঁকে সাক্ষী করা হয়নি। বিদ্রোহের আগে সাংসদ ফজলে নূর তাপসের সঙ্গে জওয়ানেরা যোগাযোগ করেছিলেন, তাঁকে আসামি করা হয়নি কেন জানতে চাইলে তিনি বলেন, ‘এমন কোনো সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি।’