পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকায় ট্রাক্টরের ধাক্কায় দেশীয় ইঞ্জিনচালিত যানের (ভটভটি) তিন যাত্রী নিহত ও চারজন আহত হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলো: নওগাঁর রানীনগর এলাকার তানিয়া (৭) ও পুঠিয়া সেনভাগ গ্রামের নাসিমা (১৬) এবং নাটোর মেসপাড়া এলাকার আদুরি (১৬)। নাসিমা ও আদুরি পুঠিয়া মহিলা কলেজের শিক্ষার্থী। তারা কলেজ শেষে ভটভটিতে বাড়ি ফিরছিল।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে যাত্রী নিয়ে একটি ভটভটি পুঠিয়া থেকে নাটোরের দিকে যাচ্ছিল। ঝলমলিয়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক্টর ওই ভটভটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আহত হয় আরও চার যাত্রী। তাদের একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং আরেকজনকে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বাকি দুজন প্রাথমিক চিকিত্সা নিয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, নাসিমা ও আদুরির লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত তানিয়ার পরিবার থেকে এখনো কোনো যোগাযোগ না করায় তার লাশ পুলিশের হেফাজতে আছে।