পুঠিয়ায় ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিড়ালদহ কলেজ মাঠ ও তার পার্শ্ববর্তী এলাকায় আজ সোমবার সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। ছাত্রদল নেতা খুনের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি ওই স্থানে একই সময়ে সমাবেশ আহ্বান করায় প্রশাসনের পক্ষ থেকে এ ১৪৪ ধারা জারি করা হয়েছে।পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আলম বলেন, এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। জানা যায়, গত বৃহস্পতিবার রাতে রাজশাহীর পুঠিয়া উপজেলার ছাত্রদল নেতা আতাউর রহমানকে প্রকাশ্যে জবাই করে হত্যা করা হয়। আর এ হত্যার ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ-দলীয় সাংসদ আবদুল ওয়াদুদের ভাই আবু হানিফ ওরফে সুজাকে এক নম্বর আসামি করে ১৬ জনের নামে গত শুক্রবার পুঠিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে এ মামলায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। এ ব্যাপারে স্থানীয় বিএনপি আসামি গ্রেপ্তারের দাবিতে আজ সোমবার বেলা তিনটায় ওই স্থানে সমাবেশ ডাকে। আর ষড়যন্ত্রমূলকভাবে সাংসদের ভাইকে আসামি করার প্রতিবাদে আওয়ামী লীগের পক্ষ থেকেও একই জায়গায় একই সময় সমাবেশ ডাকা হয়।