পুঠিয়ায় দরপত্রের নথি লুট করল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধোলাই কাজ এবং পথ্য ও মনিহারি পণ্য সরবরাহের জন্য নির্বাচিত সর্বনিম্ন দরদাতাকে কাজ না দেওয়ার জন্য স্থানীয় সাংসদ হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন রাজশাহীর সিভিল সার্জন জহরুল ইসলাম। এর জের ধরে গতকাল মঙ্গলবার রাজশাহী জেলা ছাত্রলীগের নেতারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কর্মচারীকে মারধর করে দরপত্রের যাবতীয় নথিপত্র লুট করে নিয়ে গেছেন। পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে পুঠিয়া থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মকবুলের ভাই মুকুল হোসেন, রাজশাহী জেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক শেখ আজিজুল বারীসহ ১৫ জন যুবক এসে হাসপাতালের প্রধান সহকারী কাম-হিসাবরক্ষক আবদুল মালেকের দপ্তরে ঢুকে দরপত্রসংক্রান্ত কাগজপত্র দেখতে চান। আবদুল মালেক এতে আপত্তি করলে তাঁকে মারধর করে দরপত্রসংক্রান্ত সব নথিপত্র লুট করে নিয়ে যান ওই যুবকেরা। পরে আবদুল মালেক বাদী হয়ে পুঠিয়া থানায় এ ব্যাপারে একটি মামলা করেন।পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মজিবর রহমান জানান, মাস খানেক আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ধোলাই কাজ এবং পথ্য ও মনিহারি পণ্য সরবরাহের জন্য দরপত্র আহ্বান করা হয়। ১৪ জন ঠিকাদার দরপত্র জমা দেন। গত সোমবার দরপত্র বাছাইয়ের পর সর্বনিম্ন দরদাতা হিসেবে শরীফুল আলমকে নির্বাচিত করা হয়।রাজশাহীর সিভিল সার্জন জহরুল ইসলাম বলেন, ‘সোমবার সন্ধ্যার দিকে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাংসদ আবদুল ওয়াদুদ তাঁকে মোবাইল ফোনে ওই সিদ্ধান্ত বাতিল করতে বলেন। জবাবে তিনি বলেন, নিয়ম অনুযায়ী সবকিছু করা হয়েছে। সিদ্ধান্ত বাতিল করা সম্ভব না। সাংসদ ওয়াদুদ তাঁকে বলেন, ‘তাহলে কাল মারামারি হবে।’এ ব্যাপারে পুঠিয়া থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মকবুল হোসেন বলেন, ‘বিষয়টি ও রকম নয়। নিয়ম অনুযায়ী তাঁর ভাই মুকুলের জমা দেওয়া হাদী ট্রেডিংয়ের কাজটি পাওয়ার কথা ছিল। কিন্তু সিভিল সার্জন, পুঠিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও প্রধান সহকারীসহ হাসপাতালের কর্মীরা শরীফুল আলমের বাসায় খাওয়া-দাওয়া করে তাঁকেই কাজটি দিয়েছেন।’ মকবুল অভিযোগ করেন, ‘বেলা সাড়ে ১১টায় দরপত্র খোলার কথা ছিল। কিন্তু সিভিল সার্জনের অনুপস্থিতির অজুহাতে দেরি করা হয়। সিদ্ধান্ত নিতে দুই-তিন দিন সময় লাগবে বলে আমাদের ফেরত পাঠিয়ে পরে কাজটি শরীফুলকে দেওয়া হয়। গতকাল দুপুরে গিয়ে শুধু দরপত্রের দর দেখতে চেয়েছি। আবদুল মালেক ফাইল দেখাতে অস্বীকার করেন। এখন শুনছি তাঁদের ফাইল খোয়া গেছে।’হামলার ব্যাপারে জেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক আজিজুল বারী বলেন, ছাত্রলীগের ছেলেরা দরপত্রের বিষয় জানতে যাচ্ছে দেখে তিনি সঙ্গে গিয়েছিলেন। তিনি কিছু বুঝে ওঠার আগেই ছেলেরা নথিপত্র নিয়ে যান। তিনি তাঁদের ফাইল ছিঁড়তে নিষেধ করেছেন।সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত শরীফুল আলম বলেন, সর্বনিম্ন দরদাতা নির্বাচিত হওয়ার খবর তিনি শুনেছেন, তবে কোনো কাগজপত্র পাননি। সিভিল সার্জন, পুঠিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের খাওয়ানোর অভিযোগ অস্বীকার করেছেন তিনি। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হামিদ মামলার কথা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে কথা বলার জন্য সাংসদ আবদুল ওয়াদুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তাঁর ব্যক্তিগত সহকারী রাজু কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করবেন বললেও সুযোগ করে দেননি।