পুঠিয়ায় প্রতারণার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার
রাজশাহীর পুঠিয়ায় জামায়াতে ইসলামী পরিচালিত বাংলাদেশ চাষি কল্যাণ সমিতির রাজশাহী পূর্ব জেলার সভাপতি জামায়াতের রুকন হাফিজুর রহমানকে গত বুধবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ওই সমিতি বিক্রির নামে প্রতারণার অভিযোগ রয়েছে। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হামিদ বলেন, সমিতি বিক্রি করার নামে প্রতারণার অভিযোগে করা মামলায় হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার তাঁকে মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত ২২ মার্চ রিমান্ড শুনানির দিন ধার্য করে হাফিজুরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পুঠিয়া থানার পুলিশ জানায়, সমিতির মাঠকর্মী উপজেলার বানেশ্বর ইউনিয়নের নামজ গ্রামের ফেরদৌসী খানম বাদী হয়ে সমিতির দুই কেন্দ্রীয় সমন্বয়কারীসহ পাঁচজনের বিরুদ্ধে গত বুধবার দুপুরে পুঠিয়া থানায় মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন সংগঠনের উপজেলার সভাপতি ও বানেশ্বর ইউনিয়ন জামায়াতের সভাপতি জালাল উদ্দিন, সমিতির উপদেষ্টা ও পুঠিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি শহীদুল ইসলাম, সমিতির কেন্দ্রীয় সমন্বয়কারী রকিবুল ইসলাম ও হাবিবুর রহমান। অভিযোগে বলা হয়, উল্লিখিত জামায়াত নেতারা ২০০৭ সালের ৩০ অক্টোবর সমিতির বানেশ্বর কার্যালয়ে দুই লাখ ২০ হাজার টাকা নিয়ে সমিতি ফেরদৌসী খানমের কাছে বিক্রি করেন। ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে এই বিক্রয় সম্পাদন করা হয়। পরবর্তী সময় আসামিরা বাদীকে সমিতির কার্যক্রম বুঝিয়ে না দিয়ে টালবাহানা শুরু করেন। এই মামলায় পাঁচজনকে সাক্ষী করা হয়েছে।