পুতিন, পুতুল ও প্রতিবাদ (ভিডিও)
প্রতিবাদের ভাষা অনেক রকম। রাশিয়ায় সম্প্রতি করা হয়েছে অন্য রকম এক প্রতিবাদ। খেলনা পুতুলেরা রাশিয়ায় প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের পদত্যাগ চেয়েছে। তাও প্রচণ্ড তুষারপাতের মধ্যে। পুতুল দাঁড়িয়েছে ব্যানার নিয়ে, কোনোটি আবার প্ল্যাকার্ড নিয়ে। সবগুলোরই একটাই দাবি। আর সেটি হলো পুতিনের পদত্যাগ। প্লাস্টিকের তৈরি এসব পুতুলকে বার্নাও সিটি স্কয়ারের সামনে দাঁড় করানো হয়েছে।
প্রতিবাদের আয়োজক দল জানায়, তারা চায় ভ্লাদিমির পুতিনের শাসনের অবসান হোক। আয়োজক দলের সদস্য সেরগেই মামায়েভ বলেন, এর মধ্য দিয়ে সারা দেশের জনগণের দাবি তুলে ধরা হয়েছে। আর খেলনা পুতুলেরা হলো প্রতিবাদী জনগণের প্রতীক। পুতুলদের প্রতিবাদ আন্দোলনকে জোরালো করতে একজন খেলনা পুলিশকেও দাঁড় করানো হয়েছে। সে ঘটনার ওপর নজর রাখছে।রাশিয়ায় সাধারণত কোনো ধরনের সমাবেশের জন্য কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। এখন তারা বলছে, পুতুলের এ ধরনের সমাবেশ করার অধিকার নেই, কারণ তারা দেশের বৈধ নাগরিক নয়। রয়টার্স।