ভ্লাদিমির পুতিন তৃতীয়বারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন। বুথ ফেরত ভোটারদের ওপর পরিচালিত জরিপের ফলাফলে এ তথ্য জানা গেছে।আজ রোববার বিবিসির খবরে বলা হয়, চার বছর প্রধানমন্ত্রী থাকার পর তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন। জরিপে দেখা গেছে, পুতিন মোট ৬০ শতাংশ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট নেতা গিনাডি জুগানভ।এর আগে পুতিন ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু পরপর দুই মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার বিধান দেশটিতে নেই বলে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে আজ সকাল থেকে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে ভ্লাদিমির পুতিনের বিজয় সুনিশ্চিত বলেই ধারণা করছিলেন পর্যবেক্ষকরা। ভোটের আগেও জনমত জরিপে বলা হয়েছে, ৫৯ বছর বয়স্ক সাবেক কেজিবি এজেন্ট পুতিন প্রথম দফার ভোটে ৬০ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হবেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট পার্টির গেন্নাদি ইয়োগানভ ১৫ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হবেন। এ ছাড়া তৃতীয় অবস্থানের জন্য মিখাইল প্রোখরভ ও ভ্লাদিমির ঝিরিনভস্কির মধ্যে লড়াই হবে। পার্লামেন্টের উচ্চকক্ষের সাবেক স্পিকার সের্গেই মিরোনভ সবার পেছনে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।গত ডিসেম্বরে পার্লামেন্ট নির্বাচনে ব্যাপক কারচুপি ও জালিয়াতির অভিযোগ তুলে আন্দোলন-বিক্ষোভ শুরু করে বিরোধীরা। সেই বিক্ষোভ এখন পুতিনবিরোধী বিক্ষোভে রূপ নিয়েছে। এ নিয়ে দেশটিতে বেশ উত্তেজনা বিরাজ করছে। নির্বাচন ও নির্বাচন-পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্রেমলিন কর্তৃপক্ষ বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। রয়টার্স, বিবিসি।