পুতিন কারাগারে, তবে... (ভিডিও)
রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন কাঠগড়ায়। গরাদে বন্দী অবস্থায় একের পর এক জিজ্ঞাসাবাদ আর জেরার মুখে নাজেহাল তিনি। দুর্নীতি আর সন্ত্রাসের অভিযোগ তোলা হচ্ছে তাঁর বিরুদ্ধে।খবরটা নিঃসন্দেহে চমকে ওঠার মতো। আর এ রকম খবরের খোঁজ পেলে বিশ্বই হয়তো নড়েচড়ে বসবে—জানার চেষ্টা করবে আদ্যোপান্ত। ঘটনা অনেকটা সে রকমই। গত তিনদিনে অনলাইনে এই খবরটিতে হিট হয়েছে প্রায় ৩০ লাখেরও বেশিবার।
সান ফ্রান্সিসকো ক্রনিকলের খবরে বলা হয়, এই সপ্তাহে ইউটিউবে ছাড়া হয় ভ্লাদিমির পুতিনের গ্রেপ্তারের ওই ভিডিওটি। ভিডিওটির নাম ‘দ্য অ্যারেস্ট অব ভ্লাদিমির পুতিন’। এই ভিডিও দেখে রাশিয়ায় পুতিনের সমর্থকদের মধ্যেও দেখা গেছে ব্যাপক প্রতিক্রিয়া। তারা পুতিনবিহীন রাশিয়া কেমন হবে, তা নিয়ে ভিডিও চিত্র তৈরি করেও ছাড়তে শুরু করেছে। সেসব ভিডিওতে দেখা গেছে, বন্যায় আক্রান্ত মানুষের হাহাকার, গৃহহীন মানুষ, সামরিক বাহিনীতে বিশৃঙ্খলাসহ নানা দৃশ্য।তবে চমকে ওঠার মতো এমন কিছুই ঘটেনি। ভিডিওটি সাবেক ধনকুবের মিখাইল কদরোভস্কির বিচারের দৃশ্য। ইউটিউবের ওই ভিডিওতে কম্পিউটার কারসাজির মাধ্যমে মিখাইলের জায়গায় বসানো হয়েছে পুতিনকে। ২০০৩ সালে ধনকুবের কদরোভস্কির বিচার শুরু হয়। সে সময়কার একটি ভিডিওতেই পুতিনের নকল ছবি বসিয়ে ছাড়া হয় ইউটিউবে। আর তাতেই পড়েছে ব্যাপক সাড়া।