পুতিন ভেনেজুয়েলার সঙ্গে জ্বালানি ও সামরিক সহযোগিতা বাড়াবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়া ও ভেনেজুয়েলার মধ্যে গতকাল শুক্রবার জ্বালানিসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন শুক্রবার এক সংক্ষিপ্ত সফরে ভেনেজুয়েলা পৌঁছালে দুই হাজার কোটি ডলারের এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তি অনুযায়ী রাশিয়ার কয়েকটি প্রতিষ্ঠান ও ভেনেজুয়েলার সরকারি তেল কোম্পানি পিডিভিএসএ একটি যৌথ উদ্যোগের অধীনে ভেনেজুয়েলার ওরিনোকো তেল অঞ্চল থেকে প্রতিদিন প্রায় চার লাখ ৫০ হাজার ব্যারেল তেল উত্তোলন করবে, যা ওপেকের এই সদস্য দেশটির মোট তেল উত্পাদনের এক-পঞ্চমাংশের সমান। খবর রয়টার্সের।তেল উত্পাদন চুক্তির পাশাপাশি আগে স্বাক্ষরিত এক প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী রাশিয়া ভেনেজুয়েলাকে প্রতিশ্রুত ৩৮টি সামরিক হেলিকপ্টারের শেষ চারটি সরবরাহ করবে। তবে পুতিনের শুক্রবারের সফরে দেশ দুটির মধ্যে নতুন করে কোনো প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়নি। অবশ্য পুতিন ভেনেজুয়েলার পরমাণু কর্মসূচিতে রাশিয়ার সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ভেনেজুয়েলা এ পরমাণু কর্মসূচির মাধ্যমে বিদ্যুত্ উত্পাদনে আগ্রহী।প্রেসিডেন্ট হুগো শাভেজ বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো জোট গঠন করতে যাচ্ছি না। এ ব্যাপারে ওয়াশিংটন কী ভাবছে তা নিয়ে আমরা মোটেই চিন্তিত নই।’ রাশিয়ার সঙ্গে ভেনেজুয়েলার প্রতিরক্ষা সহযোগিতা সম্পর্কে শাভেজ বলেন, ‘রাশিয়ার কাছ থেকে খুব অল্প অস্ত্রশস্ত্র কিনেছে ভেনেজুয়েলা। এ অস্ত্র ভেনেজুয়েলার প্রতিরক্ষাব্যবস্থার জন্য না কিনলেই নয়।’বিশ্লেষকেরা মনে করছেন, ভ্লাদিমির পুতিনের এই ১২ ঘণ্টার সফর আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে নানা চাপের মুখে থাকা হুগো শাভেজের অবস্থানকে শক্তিশালী করবে। দেশটির অর্থনৈতিক দুরবস্থা কাটিয়ে উঠতে না পারার ব্যর্থতা ও বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলনের হুমকির মুখে রাশিয়ার প্রধানমন্ত্রীর সফর হুগো শাভেজের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে। ক্রমবর্ধমান বিদ্যুত্ সংকটে জর্জরিত ভেনেজুয়েলার জন্য রাশিয়ার পরমাণু সহযোগিতার প্রতিশ্রুতিও শাভেজের একটি রাজনৈতিক অর্জন বলে মনে করছেন বিশ্লেষকেরা।রাশিয়ার প্রধানমন্ত্রী শুক্রবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসের সঙ্গেও মতবিনিময় করেন। এ মুহূর্তে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ ও বলিভিয়ার ইভো মোরালেসই বিশ্বনেতাদের মধ্যে কট্টর মার্কিনবিরোধী হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্র এখন ভেনেজুয়েলা থেকে সবচেয়ে বেশি জ্বালানি তেল আমদানি করলেও, হুগো শাভেজ মনে করেন যুক্তরাষ্ট্র যেকোনো সময় ভেনেজুয়েলার তেলক্ষেত্রগুলো আক্রমণ করতে পারে। এ কারণে তিনি রাশিয়া, চীন প্রভৃতি দেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে আগ্রহী।