পুতিনের বিচ্ছেদ: মানতে পারছে না মস্কোবাসী
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তাঁর স্ত্রী বিয়ে ভাঙার ঘোষণা দিয়েছেন রাষ্ট্রীয় টেলিভিশনে। তবু মস্কোর মানুষ দ্বিধাদ্বন্দ্বে। তাদের কাছে বিবাহবিচ্ছেদের এই ঘটনা অবিশ্বাস্য। তারা ভাবতেই পারছে না, রাশিয়ার কোনো প্রেসিডেন্ট বিবাহবিচ্ছেদের কথা কল্পনা করতে পারেন। খবর বিবিসির।মস্কোর বাসিন্দা ভ্যালেরি বলেন, ‘আমি বিশ্বাস করি না। না আমি কিছুতেই বিশ্বাস করব না। আমাদের নেতারা এমন করতেই পারেন না। তাঁরা কখনো করেন না।’ নাদেজদা নামের অপর একজনের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনিও একই কথা বলেন। তিনি বলেন, ‘এটা গালগল্প ছাড়া আর কিছু না। গত রাতে টেলিভিশনে আমরা পুতিনের সাজে একজন ভাঁড়কে দেখেছি।’ নাদেজদার এক কথা, ‘ভ্লাদিমির পুতিন এবং তাঁর স্ত্রী রাশিয়ার জনগণ ও ঈশ্বরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তাঁদের বিচ্ছেদ হতে পারে না।’রাশিয়ার মানুষের এই বিস্ময়ের পেছনে কারণ আছে। গত ৩০০ বছরে রাশিয়ার কোনো নেতা এভাবে বিয়ের সম্পর্ক শেষ করে দেননি। ৩০০ বছর আগে পিটার দ্য গ্রেট তাঁর স্ত্রীকে সন্ন্যাসিনী (নান) হতে বাধ্য করেছিলেন। হয়তো জার পিটারের সময় টেলিভিশন থাকলে তিনিও তাঁর স্ত্রীসহ ভ্লাদিমির পুতিন ও লুদমিলার মতো টেলিভিশনে হাজির হতেন।