পুতিনের বিজয়ে ওবামার শুভেচ্ছা
রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ভ্লাদিমির পুতিনকে গতকাল শুক্রবার শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউসের এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্স ওয়ান থেকে ফোন করে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে শুভেচ্ছা জানান ওবামা।এ পদক্ষেপের মাধ্যমে হোয়াইট হাউসের সঙ্গে ক্রেমলিন সম্পর্কের ভাগ্য নির্ধারিত হবে বলে ধারণা করা হচ্ছে। আর ওবামার নির্বাচনী প্রচার কর্মসূচির আগে এ ঘটনাকে তাঁর পররাষ্ট্রনীতির বড় ধরনের সফলতা হিসেবে দেখছে হোয়াইট হাউস।যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক উন্নয়নে সব ধরনের বাধা দূর করতে উভয় নেতা সম্মত হয়েছেন বলেও বিবৃতিতে জানানো হয়। এ ছাড়া শুভেচ্ছা বিনিময়ের সময় দুই নেতার মধ্যে ইরান, সিরিয়া ও প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র বিষয়ে আলোচনা হয়েছে বলে হোয়াইট হাউস জানিয়েছে। এর ফলে আগামী বছরগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার বন্ধুপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলে ধারণা করা হচ্ছে। তবে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে যুক্তরাষ্ট্রের প্রাথমিক মন্তব্য সম্পর্কে হোয়াইট হাউসের ওই বিবৃতিতে কিছু বলা হয়নি।