পুতিনের বিরুদ্ধে লড়বেন ধনকুবের প্রখরোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ায় আগামী বছর অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন দেশটির শীর্ষ ধনকুবের মিখাইল প্রখরোভ। গতকাল সোমবার সাংবাদিকদের তিনি তাঁর এ ইচ্ছার কথা জানান বলে আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে বলা হয়েছে।রাশিয়ার ধনকুবের ও যুক্তরাষ্ট্রের একটি বাস্কেটবল দলের মালিক মিখাইল প্রখরোভ সাংবাদিকদের জানিয়েছেন, আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনকে চ্যালেঞ্জ করতে আগ্রহী। মিখাইল প্রখরোভ বলেন, ‘আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আমি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াচ্ছি।’ এ ঘোষণার পরই তিনি তাঁর নিজ দল রাইট কজ পার্টি থেকে অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বের জেরে পদত্যাগ করেন। এ জন্য তিনি ক্রেমলিনকে দোষারোপ করেন। ৪ ডিসেম্বর রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া বিজয়ী হয়েছে। তবে নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে দেশটির হাজার হাজার মানুষ পুতিন বিরোধী বিক্ষোভ করছে। এই প্রেক্ষাপটে মিখাইল প্রখরোভ আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিলেন। রাশিয়ার শীর্ষ পাঁচ কোটিপতির একজন মিখাইল প্রখরোভ যুক্তরাষ্ট্রের নিউ জার্সি নেটস বাস্কেটবল দলের মালিক। এ ছাড়া তিনি রাশিয়ার পলিয়াস গোল্ড মেটাল মাইনিং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। ফোর্বস ম্যাগাজিনের ২০১০ সালের হিসাব মতে, মিখাইল প্রখরোভ ১৮ বিলিয়ন ডলার সম্পদের মালিক।এদিকে দুমা নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তে রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের ঘোষণাকে সতর্কতার সঙ্গে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।