পুতুল হাসে, পুতুল কাঁদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবার পুতুলনাচের দল ছিল। নাম রূপসী বাংলা পুতুলনাচ। বাবা নিজেই পুতুল-মাস্টার ছিলেন। তিনি পুতুল নাচাতেন। পুতুল হাসে, পুতুল ফাঁদে। পুতুল গায়, নাচে আবার নাটকের মতো অভিনয়ও করে। বিষয়টি শৈশবে আমার কাছে বিস্ময়কর মনে হতো। তখন দেশ স্বাধীন হয়নি। পাকিস্তান আমল। আমাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলা সদরে। প্রথমে বাবার নামের সঙ্গে দলের পরিচিতি আসে। আশপাশের গ্রামের লোকজনের কাছে ‘রূপসী বাংলা পুতুলনাচ’ দলটি মকবুল মাস্টারের দল হিসেবে পরিচিত হয়। এরপর আমি দল গঠন করি ‘দি নিউ স্টার সোনালী ঝুমুর ঝুমুর পুতুলনাচ’ নামে। কিন্তু লাইসেন্স করার সময় শুধু ‘নিউ সোনালী ঝুমুর ঝুমুর পুতুলনাচ’ নামটুকু রাখি। এই নামে ২৭ বছর চালিয়ে আসছি। সুনামও পেয়েছি।এখানে বলে রাখা ভালো, আমার দল আর বাবার দলের মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে। আমি এখন ১২ জন কর্মী নিয়ে দল চালাচ্ছি।সুতোয় টানা পুতুল নাচাই। বাদ্যযন্ত্র হিসেবে অর্গান, ড্রামসেট, জুড়ি ব্যবহার করছি। কিন্তু ওই আমলে (পাকিস্তানি আমলে) আমার বাবার দলে সুতোয় টানা তারের পুতুল এবং দস্তানা পুতুলের নাচ হতো। বাদ্যযন্ত্রের তালিকায় থাকত হারমোনিয়াম, জুড়ি, বাংলা ঢোল, বাঁশের বাঁশি এবং খমক-খঞ্জুরি। এখানকার মতো প্যান্ডেল করে টিকিট কেটে তখন পুতুলনাচের আসর বসত না। আমার দল গঠনের আগে বাবার দলে যখন পুতুল নিয়ে খেলতাম (পুতুল নাচাতেন) তখন আসর বসত গ্রামের কোনো মোড়ল-মাতবরের বাড়ির আঙিনায়। হিন্দু অঞ্চল হলে মন্দিরসংলগ্ন চত্বরে। সেখানে প্রচুর লোকজন আসত। শিশু, যুবা থেকে বৃদ্ধরা পর্যন্ত। পুতুলের হাসি, কান্না, নাচ দেখে তারা খুব মজা পেত। আর আয়োজন হতো পাউতি ধরে (টাকার একটি অংশ) আর তোলা তুলে (মাঙ্গন বা বাড়ি বাড়ি ঘুরে বউ-ঝিদের কাছ থেকে চাল, ডাল, আনাজ-তরকারি তুলে)। এতে পুতুলনাচ দেখিয়ে শুধু টাকাই পেতাম না, চতুষ্পাঠী পণ্ডিতদের মতো উপঢৌকন পেতাম; চাল, আনাজ-তরকারি পেতাম। একবার মুন্সিগঞ্জের শ্রীনগর থানার খালপাড়ে পুতুলনাচ দেখাতে গেছি। গ্রামের পশ্চিম মাথায় পুতুলনাচ দেখানোর পর ডাক এল পূর্ব মাথায়। সেখানে দেখানোর পর গ্রামের এক মাতবর এসে আব্দার করলেন তাঁর বাড়িতে পুতুলনাচ দেখাতে হবে। বললাম, গ্রামের দুই মাথাতেই তো দেখলেন। আবার কেন? লোকটি বললেন, এটা আমার ইজ্জতের ব্যাপার। এর সঙ্গে আমার মানসম্মান জড়িয়ে রয়েছে। পরে জেনেছিলাম, লোকটি ছিল ইউনিয়ন পরিষদের সদস্য।আর একবার পুতুলনাচ দেখাতে গেছি খুলনার বুড়ো ফকিরের থানে। মানিকগঞ্জের বলরাম রাজবংশীর বিশ্বরূপা পুতুলনাচ দল আগেই পৌঁছে গেছে, আমরা জানি না। আমরা যাওয়ার পর থানে স্থান সংকুলান হচ্ছে না। ভাবলাম আমরা ফিরে আসব। ফেরার প্রস্তুতি নিচ্ছি। এর মধ্যে মুরব্বিরা এলেন। তাঁরা থানের থেকে মাইলখানেক দূরে গ্রামে প্রবেশমুখে আমাদের পুতুলনাচের কথা বললেন। বাবা ছিলেন আমার দলে। তিনি অসম্মতি জানালেন। তাতে থান ও বুড়ো ফকির মাজার কমিটির লোকজন আমাদের অনুনয়-বিনয় করতে থাকে। ইতিমধ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও এসে গেছেন। তিনি অনুরোধ করে গ্রামে ঢোকার পথেই পুতুলনাচ দেখাতে বললেন। জানালেন, ‘এই থানের মেলার বিশেষ বৈশিষ্ট্যই হচ্ছে পুতুলনাচ। আপনারা চলে গেলে একদিকে ঐতিহ্য নষ্ট হবে, অন্যদিকে আমাদের দুর্নাম হবে। ইজ্জত যাবে।’ একসময় পুতুলনাচ দেওয়াটা মানসম্মান-ইজ্জতের ব্যাপার ছিল। এক গ্রামে পুতুলনাচ হয়েছে, অন্য গ্রামে তা দেখাতেই হবে। তখন গ্রামে পুতুলনাচ দেওয়ার জন্য বাড়ির বউ-ঝিরা আব্দার করতেন। আর পুুতুলনাচ দেখে শিশু থেকে শুরু করে থুরথুরে বুড়োরা পর্যন্ত আনন্দে মেতে উঠতেন। এই মুহূর্তে একটা কথা মনে পড়ছে। একবার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কানসাট গেছি পুতুলনাচ দেখাতে। ভাদ্রসংক্রান্তি মেলা উপলক্ষে। আমরা হেমেন্দ্র কুমার নাট্যমঞ্চে পুতুলনাচ দেখাচ্ছি। পাশেই একটি প্যান্ডেল।যশোর থেকে দল এসেছে। গনেশ অপেরা। ভালো নামডাকের দল। কিন্তু রাতে ঘটল কি—একদল লোক যাত্রাগানের ভেতর অধিক নাচগানে আপত্তি তুলে প্যান্ডেল থেকে বেরিয়ে এসেছে। তারা যাত্রার সমঝদার দর্শক। কিন্তু ওই রাতে যাবেন কোথায়?শেষ পর্যন্ত তাঁরা এসে পুতুলনাচের দাবি জানান। অত রাতে পুতুলনাচ! আমি তো অবাক! স্থানীয় লোকজনের অনুরোধে আমরা পুতুলনাচের ব্যবস্থা করি। সে রাতে ‘রূপবান’ পালার নাচ দেখাই। এই পালার অভিনয় দেখাতে অনেকগুলো পুতুল লাগে। তখন দলে অনেকগুলো, হরেক রকম পুতুল থাকত।এখন আর অত লাগে না। এখন এই শিল্পের কদর কমেছে। গ্রামে আর আগের মতো পুতুলনাচের আয়োজন হয় না। এখন মেলা-পার্বণ উপলক্ষে কোনোরকমে টিকে আছে শিল্পটি। আগের নিয়মে পুতুলনাচ প্রদর্শনীর কথা আর ভাবাও যায় না। এখন দর্শনীর বিনিময়ে পুতুলনাচ হয়। কোথাও ১০ টাকার টিকিট, আবার কোথাও তারও বেশি ২০ টাকায় টিকিট বিক্রি করা যায়।প্রতিদিন পাঁচ থেকে ছয়টি শো করা যায়। এক একটি শোতে গোটা পঞ্চাশেক লোক আসে। তাতে খরচ বাদ দিয়ে তেমনটা আর থাকে না। ১২ জন স্টাফ বেতন, টিকিট ছাপা, প্যান্ডেল তৈরি করা, মঞ্চ বাঁধা—এতে যে খরচ যায়, তা পোষানো দায়। এ ছাড়া প্রচারের খরচটাও এখন কম যায় না। ইদানীং নাচের প্রচলন ঘটেছে। পুতুলনাচের আসরে এ এক বিড়ম্বনা। কিন্তু নাচ না থাকলে শহুরে দর্শক আসবেই না। গ্রামের মেলা আর শহুরে মেলার মধ্যে পার্থক্য অনেক। ফলে আমরা পুতুলনাচের মালিকেরাও চালাক হয়ে গেছি। দর্শক ডেকে দুই-তিনটা নাচ-গান দিয়ে, শেষে চার-পাঁচটা পুতুল এনে সামান্য নাচাই। এতে সময় বাঁচে, শো বেশি করা যায়, আবার সূত্রধরেরও শ্রম কম যায়। বাদ্যযন্ত্র যারা বাজায় তাদের অবশ্য কষ্ট একটু বেশিই হয়।তা হোক। টাকা একটু বেশি দিয়ে পুষিয়ে দিই। এর ফলে পুতুলনাচের আসরে আগে যেভাবে যাত্রার অংশবিশেষ করতাম তা এখন আর করতে পারি না। আগে রূপবান, লাইলি মজনু, রাখাল বন্ধু, মহুয়া, বেহুলা সুন্দরী, সত্ মা চরিত্র যাত্রার অংশ দেখাতাম। এখন একটা বাউলগান, নৌকাবাইচ, সাপখেলা, বরবধূ—এই জাতীয় জোড়াতালির অনুষ্ঠান দিয়ে শেষ করে দিই। বুঝি, এও এক প্রকার প্রতারণা। তবু সময়ের সঙ্গে তাল রেখে চলতে গিয়ে করতে হচ্ছে।টেলিভিশনে পাপেট শো দেখি। ভালো লাগে। কিন্তু ওতে দর্শকের সঙ্গে সরাসরি যোগাযোগ কোথায়? আমাদের যদি সরকারিভাবে নেকনজরে দেখা হতো, তাহলে পুতুলনাচ আবার আগের অবস্থানে ফিরে যেত। ব্রাহ্মণবাড়িয়ার বানী বীণা, সাতক্ষীরার নিউ রংমহল পুতুলনাচ দলে সুতোয় টানা পুতুলের নাচ-গান মনোযোগ দিয়ে দেখেছি। সূত্রধরের অপূর্ব টেকনিক আমাকে মুগ্ধ করেছে। কিন্তু নাচের নগ্নতায় বড়ই ব্যথিত হয়েছি। আমার বাবার সঙ্গে পুতুল নাচাতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার ধনমিয়া সরদারের রয়েল বীণা পুতুলনাচের দলের সঙ্গে মেলায় প্রতিযোগিতায় অংশ নিয়েছি। তখন কোনো রকম নাচ-গান করতে হয়নি। কোনো কোনো প্যান্ডেলে একজন শিশুশিল্পীর পর্যায়ের কাউকে দিয়ে একটা সংগীত পরিবেশন করে নিতাম। এরপর পেছনের বক্সমঞ্চ থেকে (গ্রিনমঞ্চ) সামনের উদ্যান মঞ্চে (মূল মঞ্চ) পুতুলের প্রবেশ ঘটাতাম। এটা করতাম পাকিস্তানের শেষ দিকে এসে। এর আগে সামনের উদ্যানমঞ্চখ্যাত এই মঞ্চটির কোনো অস্তিত্বই ছিল না। এটা ধীরে ধীরে বাধ্যতামূলক মঞ্চে পরিণত হয়েছে। শুধু মেয়েদের নাচ-গানের জন্য। আমরা এই জাতীয় নাচগান বর্জন করতে চাই। তার জন্য সেই রকম পরিবেশ চাই।লোকশিল্প নিয়ে লোকমানসের সঙ্গে মিশে কাজ করতে চাই। পুতুলনাচ আবার গ্রামে ফিরে যাক—এটাই কামনা। স্কুল, মন্দির, বারোয়ারিতলা, গ্রামের মাতবরদের দহলিজ কিংবা চৈত্রসংক্রান্তি, মহরম, পয়লা বৈশাখসহ গ্রামীণ মেলাতে থেকে পুতুলনাচের চর্চা করতে চাই। আমার দলের সূত্রধর দুজন, বিপ্লব ও ফরিদা, অন্য কোনো কাজ জানে না। ওরা যাত্রাশিল্পীদের মতো সামনের মানুষ না। ওরা পেছনের মানুষ। ওদের কেউ দেখে না। দেখে ওদের হাতের আঙুলের কারুকার্য। শোনে ওদের চটার বাঁশি কিংবা পাতার বাঁশির ডাক, গান, কথোপকথন। একসময় বছরজুড়ে পুতুলনাচ দেখাতে পারতাম। এখন ছয় মাস পারি না। ফলে ওরাও ছয় মাসের মতো ছুটি পায়। তা বলে ওদের বাঁশির ডাক, হাতের টেকনিক কিন্তু ওরা ভোলে না। কাজ শুরু হলে দলে এসে ঠিকই পুতুল নাচায়। একটা একটা করে পুতুলের পোশাক পাল্টায়। একই পুতুল শুধু পোশাকের গুণে ভিন্ন রূপ পায়। একটু আগে যে ছিল রাজা; মুহূর্তে পোশাক পাল্টে দিয়ে তাকে সাজানো হচ্ছে প্রজা। অনুরূপ রানিকে বানানো হচ্ছে দাসী। তবে সুতোয় টানা তারের পুতুলের পোশাক থাকে পূর্ব নির্ধারিত। যে অনুষ্ঠানে যে জাতীয় পালা হোক, গান হোক কিংবা নৃত্য, যুদ্ধ হোক—পুতুলের সেই চরিত্রানুযায়ী সাজপোশাক পরানো থাকে। আমার দলে এখন ২৫টির মতো পুতুল আছে। সবগুলো অনুষ্ঠানে কাজে লাগে না। দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে পুতুল এবং এর উপকরণ সবকিছুরই দাম বেড়ে গেছে। যার ফলে আমরাও খুব সতর্ক থেকে পুতুল নাচাই। যাতে সহজে পুতুলের মুখাবয়বের রং না চটে, পোশাক সহজে ময়লা না হয়। মোট কথা, সময়ের সঙ্গে তাল রেখে পাল্লা দিয়ে আমাদের চলতে হচ্ছে।অনুলিখন: এমএ মজিদ