পুনম পাণ্ডের আইফোন ছিনতাই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা কীর্তি-কলাপের মধ্য দিয়ে হরহামেশাই খবরের শিরোনাম হচ্ছেন মিডিয়া সরগরম করে রাখা ভারতীয় মডেল ও রিয়েলিটি টিভি তারকা পুনম পাণ্ডে। সম্প্রতি আবারও সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। তবে এবারের কারণটি ভিন্ন। সম্প্রতি মুম্বাইয়ের আন্ধেরির কাছে আদর্শ নগরে ছিনতাইয়ের শিকার হয়েছেন তিনি। পুনমের ৪৫ হাজার রুপি দামের আইফোনটি নিয়ে গেছে ছিনতাইকারীরা।গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের অন্যতম ব্যস্ত এলাকা থেকে ছিনতাইকারীরা পুনমের মূল্যবান আইফোনটি নিয়ে নির্বিঘ্নেই চম্পট দিতে পেরেছে। আইফোন খোয়ানোর পর ওশিওয়ারা থানা পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন পুনম।পুনম তাঁর অভিযোগে বলেছেন, ‘বন্ধুর গাড়িতে চেপে গুড়গাঁও থেকে কোকিলাবেন হাসপাতালের দিকে যাচ্ছিলাম। আদর্শ নগরের কাছে পৌঁছলে মোটরসাইকেলের দুই আরোহী আমাদের গাড়ির জানালায় টোকা দিয়ে খোলার অনুরোধ করে। জানালার কাচ নামালে একজন বলে ওঠে, পেছনের একটি গাড়িকে নাকি ধাক্কা দিয়েছি আমরা। গাড়ি থেকে নামার সঙ্গেই একজন ছিনতাইকারী গাড়ির ড্যাশ বোর্ডে রাখা আমার আইফোনটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।’থানায় অভিযোগ করতে গিয়ে পুনম জানতে পারেন, কয়েক দিন ধরেই ওই জায়গায় আরও বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ প্রসঙ্গে পুনমের উদ্ধৃতি দিয়ে মিড-ডে জানিয়েছে, ‘স্বপ্নেও ভাবিনি, ছিনতাইকারীরা আমাকে বোকা বানিয়ে আমার সামনে দিয়েই চোখের পলকে মূল্যবান আইফোনটি নিয়ে যাবে।’পুনমের আইফোনে তাঁর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও আছে। যদি কোনো দুষ্ট চক্রের হাতে এই ছবি ও ভিডিওগুলো পড়ে; বলাই বাহুল্য, এতে আবারও চাঞ্চল্য সৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে।