পুনর্গঠন কাজকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন চিলির নতুন প্রেসিডেন্ট
চিলির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সেবাস্টিয়ান পিনেরা। বন্দরনগর ভালপারায়িসোতে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ নেওয়ার পরই পিনেরা জানান, তিনি ভূমিকম্প বিধ্বস্ত চিলি পুনর্গঠনের কাজ শুরু করবেন।১২ দিন আগে দেশটিতে আঘাত হানা ভূমিকম্পে ৫ শতাধিকেরও বেশি লোকের প্রাণহানি হয়েছে। চিলির দক্ষিণাঞ্চলের বেশির ভাগ এলাকা ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে। এতে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য নির্বাচনে পিনেরা যে শপথ নিয়েছিলেন তা পূরণ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। শপথ নেওয়ার পরে পিনেরা বলেন, ‘আমি মনে করি, এখন আমার সবচেয়ে বড় কাজ হলো ভূমিকম্প বিধ্বস্ত চিলির পুনর্গঠন করা।’ পিনেরা স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যক্তিগতভাবে ভূমিকম্প বিধ্বস্ত চিলির পুনর্বাসন কাজে সহায়তা করার নির্দেশ দিয়েছেন।চিলির সাধারণ জনগণ মনে করছে, অর্থনীতিবিদ পিনেরা ভূমিকম্প বিধ্বস্ত চিলির আর্থিক স্থিতিশীলতা ফেরাতে অনেকটা ভূমিকা রাখতে পারবেন। রয়টার্স