পুনর্গঠন দিয়ে শুরু করতে হবে আ.লীগকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নাগরিক কমিটির প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পরাজয়ের পর স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। স্থানীয় নেতা-কর্মীরা দলীয় কোন্দলকেই এ পরাজয়ের কারণ মনে করছেন। এ অবস্থায় দলের শীর্ষ নেতৃত্ব চট্টগ্রাম আওয়ামী লীগের পুনর্গঠন নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম গতকাল ঢাকায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, চট্টগ্রামের নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগকে পুনর্গঠন ও শক্তিশালী করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।দলীয় সূত্র জানায়, গত চার বছরেও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি হয়নি। স্থানীয় নেতৃত্বের কোন্দলের কারণে ২৩ জনের যে কমিটি হয়েছিল, তাও দুই ভাগে বিভক্ত ছিল। চট্টগ্রামে আওয়ামী লীগের দৃশ্যত একক নেতা মহিউদ্দিন চৌধুরী এর একাংশের নেতৃত্ব দিয়েছেন। অপর অংশের নেতৃত্বে ছিলেন সাবেক মন্ত্রী প্রয়াত এম এ মান্নান। এই অংশ এখন সাংসদ নুরুল ইসলাম বিএসসির নেতৃত্বে মহিউদ্দিনবিরোধীদের মঞ্চ।নগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা ডাকা হলে মহিউদ্দিন চৌধুরী ও নুরুল ইসলামকে একসঙ্গে দেখা যায় না। অনেক দিন ধরে তাঁদের মুখ দেখাদেখিও বন্ধ ছিল। যদিও প্রধানমন্ত্রীর নির্দেশে নুরুল ইসলাম বিএসসি নির্বাচনের পাঁচ দিন আগে মহিউদ্দিন চৌধুরীর একটি নির্বাচনী সভায় অংশ নেন।মহিউদ্দিনের সমর্থক নেতারা বলছেন, তাঁদের বিরোধীরা লোক দেখানো প্রচারণায় নামলেও ভেতরে ভেতরে মহিউদ্দিনের বিরুদ্ধে কাজ করেছেন। নির্বাচনে দলের সমর্থিত প্রার্থীর জয়ের চেয়ে তাঁরা মহানগর আওয়ামী লীগের নেতৃত্ব দখল নিয়ে বেশি তৎপর ছিলেন। কারণ, তাঁদের বিশ্লেষণ ছিল, মহিউদ্দিন চৌধুরী মেয়র পদে থাকলে দলের অন্যরা মহানগরের রাজনীতিতে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারবেন না। তা ছাড়া এক-এগারোর পর নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার হলে তাঁর বিরোধীদের মধ্যে এই শীর্ষ পদ দখলের আকাঙ্ক্ষা জেগে ওঠে। আবার নির্বাচনের আগে কেন্দ্র থেকেও এমন ধারণা দেওয়া হয়, মেয়র নির্বাচনের পর কমিটি পুনর্গঠন হবে এবং তাতে মহিউদ্দিনকে গুরুত্বপূর্ণ পদে রাখা হবে না। এসব নানা সমীকরণ সামনে রেখে মহানগর আওয়ামী লীগের কয়েকজন নেতা তাঁর বিরুদ্ধে গোপনে কাজ করেন। কেবল প্রধানমন্ত্রীর কড়া মনোভাবের কারণে তাঁরা মহিউদ্দিনের পক্ষে মাঠে নামতে বাধ্য হয়েছিলেন।তবে নির্বাচন নিয়ে দলের নেতাদের তৎপরতার বিষয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থাও আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে অবহিত করেছে। স্থানীয়ভাবেও এ বিষয়ে কেন্দ্রে জানানো হয়েছে।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের নেতারা মহিউদ্দিন চৌধুরীর পক্ষে মাঠে নেমেছেন ঠিকই, কিন্তু অনেক নেতা আমাদের প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছেন। এটা প্রধানমন্ত্রী জানতে পেরেছেন। আমি বলব, তাঁদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার। কারণ, তাঁরা দলের শৃঙ্খলাপরিপন্থী কাজ করেছেন।’দলীয় সূত্র জানায়, মহিউদ্দিন চৌধুরীর অনুপস্থিতিতে কে সভাপতি ও কে সাধারণ সম্পাদক হবেন, তা নিয়ে নির্বাচনের আগেই গোপন সমঝোতায় বসেছিলেন মহিউদ্দিনবিরোধীরা। নেতা-কর্মীদের মধ্যে এখন এ নিয়ে আলোচনা চলছে।নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক প্রথম আলোকে বলেন, ‘নগর আওয়ামী লীগের নেতৃত্ব দখলের লিপ্সা থেকে একটি অংশের নেতারা দলের সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে কাজ করেছেন। তাঁরা মনে করেন, মহিউদ্দিন চৌধুরী হেরে গেলে নগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হওয়া যাবে। আমাদের একজন এমপি (সাংসদ) অন্য একজন নেতাকে এমনও বলেছেন, আমি সভাপতি ও আপনি সাধারণ সম্পাদক হলে ভালো হয়।’মহিউদ্দিন চৌধুরীর বিরোধী হিসেবে পরিচিত স্থানীয় সাংসদ নুরুল ইসলাম বিএসসি মহিউদ্দিনের পক্ষে কাজ না করার অভিযোগের বিষয়ে বলেন, ‘আমরা আন্তরিকভাবে কাজ না করলে মহিউদ্দিন চৌধুরী জামানত হারাতেন। তিনি নিজেই নিজের বিপক্ষে ছিলেন বলে হেরেছেন। আসলে দাম্ভিকতা উনার পরাজয়ের মূল কারণ। আর নগরবাসী উনার কর্মকাণ্ডে চরম ক্ষুব্ধ, যার প্রতিফলন ঘটেছে নির্বাচনে।’তবে দলের নিরপেক্ষ ভাবমূর্তির নেতারা জানান, নির্বাচনে মহিউদ্দিন চৌধুরীর পক্ষে আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন এমন নেতার নাম বলা কঠিন। অনেক নেতা তো গণসংযোগ করতে গিয়ে মহিউদ্দিন চৌধুরীর ভোট নষ্ট করেছেন। এমনকি ঢাকা থেকে আসা কিছু নেতার কর্মকাণ্ড নিয়েও তৃণমূলের নেতা-কর্মীরা প্রশ্ন তোলেন।নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী মনে করছেন, দলীয় কোন্দল মহিউদ্দিন চৌধুরীর পরাজয়ের অন্যতম কারণ। তিনি বলেন, বিষয়টি দলের কার্যকরী সভার বৈঠকে আলোচনা হবে। তৃণমূল আওয়ামী লীগের নেতাদের কাছ থেকেও এ সংক্রান্ত প্রতিবেদন চাওয়া হবে।২০০৬ সালের জুনে এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে সভাপতি ও কাজী ইনামুল হককে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। ৭২ সদস্যের কমিটির জায়গায় সভাপতি ও সাধারণ সম্পাকসহ ২২ জন নিয়ে চার বছর ধরে আওয়ামী লীগের সাংগঠনিক কাজ চলছে। এখন সব পর্যায়ের নেতারা মনে করছেন, দলের স্বার্থে কমিটি পুনর্গঠন করে নতুনভাবে দলকে গণমুখী ও শক্তিশালী করতে হবে।