প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, নির্বাচনের সময় কয়েকটি মন্ত্রণালয়ের কর্তৃত্ব নির্বাচন কমিশনের অধীনে ছেড়ে দেওয়া হলে নির্বাচন সুষ্ঠু হবে। অন্যথায় সুষ্ঠু নির্বাচন করা কঠিন।আজ বৃহস্পতিবার নিজেদের মেয়াদের শেষ কার্যদিবসের কাজ শেষে নির্বাচন কমিশন ত্যাগ করে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা ও নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন। আজ সন্ধ্যায় দপ্তর ত্যাগের আগে শামসুল হুদা সাংবাদিকদের এ কথা কথা বলেন।এ সময় ছহুল হোসাইন বলেন, তাঁদের কমিশন কখনো রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে কাজ করেনি।সিইসি হিসেবে পুনর্নিয়োগের প্রস্তাব পেলে আপত্তি আছে কি না, জানতে চাইলে এ টি এম শামসুল হুদা বলেন, ‘কেউ এখনো আমার সঙ্গে যোগাযোগ করেনি। অপারগতা বা আগ্রহের প্রশ্ন আসছে কেন? সিইসি নাকি পুরো ইসি, যদি আসে তবে দেখার এবং বোঝার বিষয় আছে।’দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে কি না, জানতে চাইলে সিইসি বলেন, অসম্ভব নয়। তবে কাজটা কঠিন। এটা করতে গেলে শর্তহীনভাবে কিছু কাজ ইসির ওপর ছেড়ে দিতে হবে। এসব শর্ত না মানলে সুষ্ঠু নির্বাচন কঠিন হবে।তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপির বিভক্তি সম্পর্কে শামসুল হুদা বলেন, ‘সবচেয়ে ভালো এ বিষয়টা ভুলে যাওয়া। যারা ওই সময় আরেকটি দলে গিয়েছিলেন, তাঁরা আজকে ভালো ভালো পদে সমাসীন। আমাদের বড় অশান্তির কারণ হচ্ছে, অতীতের রেখে যাওয়া লিগেসি জিইয়ে রাখা। দোষারোপ-পাল্টা দোষারোপ করাটা দুর্ভাগ্যজনক।’বিরোধী দলের পক্ষপাতিত্বের অভিযোগের জবাবে শামসুল হুদা বলেন, ‘যত গালাগালি করেন, ততই আমি মহীয়ান। যত বলবে, তত ভালো। বিদেশি সংস্থার জরিপে ৭০ শতাংশ লোক বলেছে, আমি ঠিক কাজ করেছি। এই ৭০ শতাংশের মধ্যে বিএনপিও আছে। বিএনপির কিছু লোকও বলেছে আমরা ভালো কাজ করেছি।’বিদায় অনুভূতি জানাতে গিয়ে সিইসি বলেন, ‘খুবই সুখকর। দেশের জন্য কিছু ভালো কাজ করে গেলাম, রেখে গেলাম। কঠিন সময়ে দায়িত্ব নিয়েছিলাম। নবম সংসদ নির্বাচন করা ছিল বিশাল চ্যালেঞ্জ। এ কাজ সফলভাবে করতে পেরেছি। সবাই বলে রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকলে নির্বাচন করা খুব কঠিন। আমি তা বোধ করিনি।’শেষ সময়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় না পাওয়া সম্পর্কে সিইসি বলেন, ‘এতে ভালো হয়েছে। প্রমাণিত হয় যে সরকারের সঙ্গে আমাদের সে রকম যোগাযোগ নেই।’এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, স্বাধীন ইসির একক কর্তৃত্ব সিইসির কাছে এবং সচিবালয়ের কর্তৃত্ব সচিবের কাছে থাকা বাঞ্ছনীয়। ভবিষ্যতে মহামতি পাঁচজন নিয়ে কমিশন হবে। সে ক্ষেত্রে একটা ফাইল নিয়ে পাঁচ টেবিলে তো দৌড়াদৌড়ি করা যাবে না। প্রশাসনিক কাজের গতি থাকতে হবে। এ ক্ষেত্রে সিইসির কাছে কর্তৃত্ব থাকাই ভালো।ছহুল হোসাইন সাংবাদিকদের জানান, বর্তমান কমিশন কোনো দলের সঙ্গে পক্ষপাতিত্বও করেনি। সাফল্যই বেশি। তাঁর মধ্যে কোনো হতাশা নেই। কমিশন শতভাগ স্বাধীনভাবে কাজ করেছে। সরকারি কোনো চাপ কমিশনের ওপর ছিল না।বিএনপির একটি অংশকে চিঠি দেওয়ার ব্যাপারে ছহুল হোসাইন বলেন, ‘তখন একটি কাগজ দেখে কমিশন এ সিদ্ধান্ত নেয়। বিশেষ মহলের চাপেই দলটি ভাগ হয়েছিল। বরং পরে বিএনপি সঠিক ধারায় (ট্র্যাকে) ফিরে আসায় ইসিও তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে। এতে আমার কোনো দুঃখ নেই। রাজনীতিতে যারা বিরোধী দলে থাকে, তারা রাজনীতি করার জন্য অনেক কিছুই বলে। আমি বিশ্বাস করি, তারা মন থেকে এ কথাগুলো বলছে না। তা ছাড়া ওই সময়ের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন ছিল।’ঢাকা সিটি করপোরেশন নির্বাচন করতে না পারার কারণ সম্পর্কে ছহুল হোসাইন বলেন, জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা ইসির একক এখতিয়ার। কিন্তু স্থানীয় নির্বাচনে সরকারের সঙ্গে পরামর্শ করতে হয়। সে জন্যই ঢাকা সিটির নির্বাচন করা সম্ভব হয়নি।সংবিধান অনুযায়ী এ টি এম শামসুল হুদা ও ছহুল হোসাইনের পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে ৫ ফেব্রুয়ারি। কিন্তু আজ কাল ও পরশু সরকারি ছুটি থাকায় এই মেয়াদে তাঁরা আর দাপ্তরিক কাজ করার সুযোগ পাচ্ছেন না।এ টি এম শামসুল হুদা এবং ছহুল হোসাইন নির্বাচন কমিশনে নিয়োগ পেয়েছিলেন ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি। সেই দিন বিকেলে শপথ গ্রহণ করায় সরকারি বিধান অনুযায়ী তাঁদের মেয়াদ ৫ ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। অন্য নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেনের মেয়াদ শেষ হবে ১৪ ফেব্রুয়ারি।