পুনর্বাসনসহ অনেক কাজই বাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুর ঠিকাদার নিয়োগের প্রাক-যোগ্যতা যাচাই (পিকিউ) দরপত্র আহ্বান পিছিয়ে গেছে। চূড়ান্ত ঠিকাদার নিয়োগ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও নদী শাসনের নকশা অনুমোদনসহ আরও বিভিন্ন প্রক্রিয়ায় বেশ কয়েক মাস লাগার কথা। এ অবস্থায় ইতিপূর্বে ঘোষিত আগামী সেপ্টেম্বর মাসে সেতুর নির্মাণকাজ শুরু করার বিষয়ে সংশয় দেখা দিয়েছে।ফেব্রুয়ারি মাসেই প্রাক-যোগ্যতা দরপত্র আহ্বান করার কথা থাকলেও এখনো এ ব্যাপারে উন্নয়ন সহযোগীদের আনুষ্ঠানিক অনুমোদন পাওয়া যায়নি। অবশ্য পদ্মা সেতু প্রকল্পের পরিচালক রফিকুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, আগামী সপ্তাহে উন্নয়ন সহযোগীদের অনুমোদন পাওয়া যাবে।সেতু বিভাগ সূত্রে জানা গেছে, পিকিউ প্রক্রিয়া পিছিয়ে যাওয়া ছাড়াও প্রকল্প এলাকায় জমি অধিগ্রহণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমও অসম্পূর্ণ রয়ে গেছে। এ বছরই ঠিকাদারের সঙ্গে চুক্তি স্বাক্ষরের ব্যাপারে জোরালো আশাবাদ ব্যক্ত করলেও প্রথম আলোর সঙ্গে আলাপকালে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন সেপ্টেম্বর মাসেই সেতুর নির্মাণকাজ শুরু হবে কি না, তা নিশ্চিত করেননি। তিনি বলেন, ‘আমরা প্রস্তুত। যেকোনো সময় পিকিউ দরপত্র আহ্বান হয়ে যাবে। উন্নয়ন সহযোগীদের কাছ থেকে সময়মতো সব সহায়তা পেলে ঠিকাদারের সঙ্গে চুক্তি স্বাক্ষর এ বছরই হবে।’ইতিপূর্বে যোগাযোগমন্ত্রী ও অর্থমন্ত্রী চলতি বছরের সেপ্টেম্বর মাসে সেতুটির নির্মাণকাজ শুরু করার ঘোষণা দিয়েছিলেন। সেতুর নকশা ও পিকিউ দলিলপত্র অনুমোদনের জন্য গত মাসে উন্নয়ন সহযোগীদের কাছে পাঠানো হয়। তারা নকশাটি বিশেষজ্ঞদের দিয়ে যাচাই করার পরামর্শ দিয়েছে। অর্থায়নের ব্যাপারেও তারা এখনো পরস্পরের সঙ্গে আলোচনা করছে। পিকিউ দলিল চূড়ান্ত অনুমোদন পাওয়ার বিষয়টি এ জন্যই বিলম্বিত হচ্ছে।যেসব কাজ বাকি: সেতু বিভাগ সূত্রে জানা গেছে, মূল সেতু নির্মাণ শুরু করার জন্য কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এসবের মধ্যে রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রাক-যোগ্যতা যাচাই (পিকিউ), অধিগ্রহণ করা জমির অর্থ পরিশোধ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, নদী শাসনের নকশা অনুমোদন, টোল প্লাজা ও অ্যাপ্রোচ সড়ক ঠিক করা এবং চূড়ান্ত ঠিকাদার নিয়োগ। পিকিউ দরপত্র আহ্বানের পর আগ্রহী ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে কমপক্ষে দেড় মাস সময় দিতে হবে। এরপর চলবে প্রতিষ্ঠানগুলোর মূল্যায়ন। মূল্যায়ন শেষে প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা, দক্ষতা ও আর্থিক সক্ষমতা যাচাই করে যোগ্য প্রতিষ্ঠানের তালিকা তৈরি করা হবে। কর্মকর্তাদের বক্তব্য, এ কাজে অন্তত সাড়ে তিন মাস সময় চলে যেতে পারে। ঠিকাদারদের তালিকা করার পর তা আবার উন্নয়ন সহযোগীদের দিয়ে অনুমোদন করিয়ে নিতে হবে। এরপর আহ্বান করা হবে মূল দরপত্র। চূড়ান্ত দরকষাকষি ও একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিয়োগ দিতে আরও কয়েক মাস চলে যাবে। এ কারণে এ সেতুর কাজ চলতি বছরের মধ্যেও শুরু করা যাবে কি না—তা নিশ্চিত করতে পারছেন না সেতু বিভাগের কোনো কর্মকর্তাই।টোল প্লাজা বিতর্ক: প্রস্তাবিত সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজা কোথায় হবে, এই নিয়ে বিরোধ তৈরি হয়েছে। জাপানি উন্নয়ন সহায়তা সংস্থা জাইকার সমীক্ষায় টোল প্লাজা মুন্সিগঞ্জের মাওয়া এবং মাদারীপুরের শিবচরে করার সুপারিশ করা হয়। জাজিরা প্রান্তের টোল প্লাজা নিয়ে শরীয়তপুর ও মাদারীপুর জেলার মধ্যে বিরোধ চলছে। শরীয়তপুরের মানুষের দাবি, পদ্মা সেতু মাওয়া ও জাজিরা উপজেলার মধ্যে হবে বলে টোল প্লাজাও হতে হবে জাজিরায়। এলাকার অনেকে বলছেন, এটি শিবচরে হলে শুধু টোলের টাকা দেওয়ার জন্য শরীয়তপুরের যানবাহনকে বেশ কয়েক কিলোমিটার ঘুরতে হবে।নকশা প্রণয়নকারী ‘মনসেল এইকম’ ২০০৯ সালের অক্টোবর মাসে জাজিরার নাওডোবায় টোল প্লাজা করার বিকল্প একটি প্রস্তাব করে। কিন্তু এখনো সরকার এর স্থান চূড়ান্ত করতে পারেনি। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এ বিষয়ে বলেন, দুই জেলাতেই টোল প্লাজা করার বিষয়ে চিন্তা চলছে।