পুনর্বিবেচনায় রাষ্ট্রপতির কাছে রাশেদার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের বিএনপি নেতা নুরুল ইসলাম হত্যা মামলায় ফাঁসির দণ্ড পাওয়া আসামি এ এইচ এম বিপ্লবের দণ্ড মওকুফের আদেশ পুনর্বিবেচনার জন্য রাষ্ট্রপতির কাছে লিখিত আবেদন করেছেন নিহতের স্ত্রী রাশেদা ইসলাম।রাশেদা ইসলাম রাষ্ট্রপতি বরাবর লিখিত এই আবেদন গত সোমবার রেজিস্ট্রি ডাকযোগে পাঠিয়েছেন। তিনি গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে স্বামীর খুনিকে ক্ষমার আদেশ পুনর্বিবেচনার জন্য আবেদন করতে চেয়েছিলেন তিনি। এ জন্য তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির সচিব ও ব্যক্তিগত কর্মকর্তার সঙ্গে টেলিফোনে কথা বলেন। কিন্তু এ ব্যাপারে কোনো সহযোগিতার আশ্বাস পাননি। এরপর নিরুপায় হয়ে তিনি ডাকযোগে এই আবেদন পাঠান।সংবাদপত্র ও টেলিভিশনের খবরে নুরুল ইসলাম হত্যা মামলায় বিপ্লবের ফাঁসির দণ্ড মওকুফ করা হয়েছে বলে জানতে পারার কথা উল্লেখ করে রাষ্ট্রপতির কাছে রাশেদা ইসলাম লিখেছেন, ‘উক্ত সংবাদে আমি ও আমার পিতৃহারা সন্তানেরা হতবাক হয়েছি। ... আরো দুটি হত্যা মামলায় বিপ্লবের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ রয়েছে। প্রায় ১০ বছর পলাতক থেকে চার মাস আগে বিপ্লব আদালতে আত্মসমর্পণ করেছে। মাত্র চার মাসের মাথায় এ রকম দুর্ধর্ষ খুনি রাজনৈতিক বিবেচনায় মহামান্য রাষ্ট্রপতির অনুকম্পা পেতে পারে, তা ছিল আমার ভাবনারও অতীত।’আবেদনে আরও বলা হয়, ‘অপহরণের পরদিন সকালে লক্ষ্মীপুরের ডিসি অফিসে বিপ্লব আমার স্বামীকে মুক্তি দেওয়ার বিষয়ে তদানীন্তন ডিসি, এসপি ও বারের সিনিয়র আইনজীবীদের সাথে প্রকাশ্যে দর কষাকষি করেছে। আর এখন ... ক্ষমতাধর মন্ত্রীরা বলছেন, বিপ্লবকে মিথ্যা মামলায় জড়িত করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতির ক্ষমায় বেরিয়ে এসে বিপ্লব যখন মিডিয়ার সামনে দাঁড়িয়ে বীরদর্পে বলবে, আমাকে মিথ্যা মামলায় আটকে রাখতে পারেনি, সে দৃশ্যও আমি ও আমার সন্তানদের অসহায়ভাবে দেখতে হবে। এর চাইতে যন্ত্রণা আর কি হতে পারে? ... বিপ্লবের দণ্ড মওকুফের ফলে আমার গোটা পরিবার আজ চরম হতাশা ও নিরাপত্তাহীনতায় ভুগছে। ... আপনার কাছে আকুল আবেদন বিপ্লবের ফাঁসির দণ্ড মওকুফ সংক্রান্ত আদেশ পুনর্বিবেচনা করে আমার ও আমার সন্তানদের যন্ত্রণাদগ্ধ হূদয়ের কষ্ট লাঘব করবেন।’এ প্রসঙ্গে জানতে চাইলে রাশেদা ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁর বিশ্বাস বিপ্লবের দণ্ড মওকুফ ন্যায়ানুগ হয়নি। এ জন্য তিনি সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন। রাশেদা ইসলাম বলেন, ‘দেশের ১৫ কোটি মানুষের কাছে আমার প্রশ্ন—মাননীয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীর ২১ আগস্ট, ১৫ আগস্ট ও ৩০ মে ওনাদের প্রিয়জনের আত্মার মাগফিরাত কামনার জন্য কবরস্থানে যাওয়ার ব্যবস্থা আছে। কিন্তু আমি ও আমার সন্তানদের কবরস্থানে গিয়ে দোয়া করারও কোনো অবস্থা থাকল না। তাহলে আমরা আজ কোথায়, কোন দেশে বসবাস করছি?’উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০০০ সালের ১৮ সেপ্টেম্বর রাতে লক্ষ্মীপুরের বাসা থেকে বিএনপির নেতা ও আইনজীবী নুরুল ইসলামকে অপহরণ করা হয়। পরে তাঁর লাশ টুকরা টুকরা করে মেঘনা নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় পৌর চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহের তখন সন্ত্রাসের ‘গডফাদার’ হিসেবে ব্যাপক পরিচিতি পান।২০০৩ সালে নুরুল ইসলাম হত্যা মামলায় (চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল মামলা নং ৪৮/২০০৩) তাহেরপুত্র বিপ্লবসহ পাঁচজনের মৃত্যুদণ্ড ও নয়জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন বিচারিক আদালত।বিপ্লবের দণ্ড মওকুফের ব্যাপারে প্রথম আলোতে গত ২০ জুলাই প্রথম খবর প্রকাশিত হয়।