পুনর্মুদ্রণের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি ২০ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম সংশোধনীর রায়ের আলোকে সংবিধানের কয়েকটি বিধান পুনর্মুদ্রণের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি পিছিয়েছে। ২০ জুন শুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি মো. শওকত হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির এ দিন ধার্য করেন।শুনানিতে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সঙ্গে সাংবিধানিক বিষয় ও ব্যাখ্যা জড়িত। এ জন্য এক সপ্তাহ সময় প্রয়োজন। পরে আদালত ২০ জুন শুনানির দিন ধার্য করেন। আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মো. আবদুল হালিম।এর আগে আদালত ৬ জুন আজ শুনানির দিন ধার্য করেছিলেন। রিটে বলা হয়, পুনর্মুদ্রিত সংবিধানের প্রস্তাবনার বিসমিল্লাহির রাহমানির রাহিম বহাল রাখা হয়েছে। কিন্তু প্রস্তাবনার ফুটনোটে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের রায়ে বিসমিল্লাহকে মার্জনা করা হয়েছে। কিন্তু এ অংশটুকু সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী। পুনর্মুদ্রিত সংবিধানে আদি সংবিধানের ৩৮ অনুচ্ছেদ পুনর্বহাল করা হয়। ওখানে ধর্মের নামে রাজনৈতিক কোনো সংগঠন করা যাবে না বলা হয়েছে। এটা প্রস্তাবনার সঙ্গে সাংঘর্ষিক। পুনর্মুদ্রিত সংবিধানের ৯৯ অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা না হওয়ার বিষয়ে বলা হয়েছে। অথচ পঞ্চম সংশোধনী মামলার রায়ে উচ্চ আদালত এ বিষয়ে কিছু বলেননি।রিট আবেদনে, পুনর্মুদ্রিত সংবিধানের প্রস্তাবনা ও ফুটনোট-১, অনুচ্ছেদ-৩৮ ও এর ফুটনোট-১ এবং অনুচ্ছেদ-৯৯ ও এর ফুটনোট-৩ কেন আইনগত কর্তৃত্ব-বহির্ভূত ঘোষণা করা হবে না—এ মর্মে রুল জারির আবেদন জানানো হয়। রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুনর্মুদ্রিত সংবিধানে থাকা এসব অনুচ্ছেদের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। একই সঙ্গে মুদ্রিত বা পুনর্মুদ্রিত সংবিধানের মূল কপি সরবরাহের জন্য নির্দেশনা চাওয়া হয়েছে।