পুরকৌশলীর একদিন
স্থাপত্য নকশা তৈরি হওয়ার পর কোনো স্থাপনা কাঠামো নির্মাণের নকশা তৈরি করেন পুরকৌশলী। নির্মাণকাজ তদারকের ভারটাও পড়ে তাঁর ওপর। একজন পুরকৌশলীর কাজের দিনটা কেমন কাটে তা-ই জানাচ্ছেন বেসরকারি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের প্রকল্প ও ব্যবসায় উন্নয়ন ব্যবস্থাপক প্রকৌশলী মানস মণ্ডলঘুম থেকে তাড়াতাড়ি ওঠার অভ্যাস আমার। সকাল সাড়ে ছয়টার মধ্যেই ঘুম থেকে উঠি। তারপর অফিসের জন্য প্রস্তুতি শুরু হয়। পুরান ঢাকার লক্ষ্মীবাজার থেকে যাই বনানীর অফিসে। দূরত্বটা বেশি হওয়ায় একটু আগেই অফিসের উদ্দেশে বের হতে হয়। নয়টার মধ্যে অফিসে পৌঁছে দিনের আসল কাজ শুরু হয়।নির্মাণের কাজ চলাকালীন প্রায় প্রতিদিনই নির্মাণাধীন এলাকা (সাইট) পরির্দশনে যেতে হয়। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর ফোনে জেনে নিই। এর মধ্যে অফিসের কাজও সারতে হয়। বিভিন্ন আবাসন প্রতিষ্ঠানের সঙ্গে নানা ধরনের সভা করি। গ্রাহকদের নিয়ে মতবিনিময়ও করতে হয়। তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলি।তাদের চাহিদার কথা মাথায় রেখে নিত্য-নতুন চিন্তা বের করি। যা তাদের জন্য ফলপ্রসূ হবে। রাজস্ব খাত নিয়েও আলোচনা করা হয়। এ ছাড়া বিক্রয় ও বিপণনের সার্বিক দিকটাও পর্যবেক্ষণ করি। বেলা গড়িয়ে দুপুর হয়। মধ্যাহ্ন বিরতি। একটা থেকে দুইটার মধ্যে সেরে নিই দুপুরের খাবার।নির্মাণাধীন এলাকায় থাকলে এর ব্যতিক্রম ঘটে। সেখান থেকে অফিসের সঙ্গে সমন্বয়ের কাজটাও করতে হয়। বিকেল পাঁচটায় অফিস সময় শেষ হয়।এরপর বন্ধুদের আড্ডা। তবে সাইট থেকে ফিরতে দেরি হলে সেদিন বন্ধুদের সঙ্গে দেখা করা সম্ভব হয়ে ওঠে না। এ ছাড়া পুরোটা সন্ধ্যা তাদের সঙ্গে কাটিয়ে থাকি। বাসায় ফিরতে ফিরতে রাত আটটা। সারা দিনের ক্লান্তি এসে ভর করে। তখন ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিই। সকালের তাড়াহুড়োয় পত্রিকা পড়ার সময় হয় না। তাই বাসায় ফিরে পত্রিকা নিয়ে বসি। বইও পড়তে ভালো লাগে। পছন্দের কোনো বই হাতের কাছে পেলে পড়া শুরু করি। সুডোকু মেলানোও সময় পেলেই করতে বসি। ১১টার দিকে রাতের খাবার খেতে বসি। খাবার টেবিলেই পারিবারিক কথাবার্তা হয়। খাওয়া শেষে টেলিভিশনের চ্যানেলগুলোতে চোখ বুলাই। গানও শুনি মাঝেমধ্যে। এরপর কম্পিউটারে বসি। ইন্টারনেট খুলেবসি। ফেসবুকে ঢুঁ মারি। ঘণ্টা দুয়েক এভাবেই কেটে যায়। সাধারণত রাত একটা থেকে দুইটার মধ্যে ঘুমোতে যাই। বিছানায় নতুন নতুন ভাবনা এসে ভর করে। পরের দিনের পরিকল্পনা তখনই সাজিয়ে ফেলি। এভাবেই একটি দিনের সমাপ্তি ঘটে।অনুলিখন: তৌহিদা শিরোপা