নানা আয়োজনে অনুষ্ঠিত হলো চতুর্থ বিজ্ঞাপন উৎসব। ঢাকা অ্যাডভারটাইজিং ক্লাবের উদ্যোগে গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে দিনব্যাপী এই উৎসব হয়।উৎসবে গত বছরের বিজ্ঞাপনের জন্য প্রতিযোগিতায় বিজয়ী ১২টি বিজ্ঞাপনী সংস্থাকে পুরস্কার দেওয়া হয়। বিজ্ঞাপনের ক্ষেত্রে অবদানের জন্য এ ক্ষেত্রের পাঁঁচজন বিশিষ্ট ব্যক্তিকে দেওয়া হয় আজীবন পুরস্কার। আর বিশেষ অবদানের জন্য ‘সোশ্যাল করপোরেট রেসপনসিবিলিটি পুরস্কার’ পেয়েছে ডাচ্-বাংলা ব্যাংক ও মুঠোফোন কোম্পানি সিটিসেল।রাতে ‘গালা অ্যাওয়ার্ড নাইট’ অনুষ্ঠানে বিজয়ীদের এই পুরস্কার দেওয়া হয়। এ সময় অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশনের সভাপতি রামেন্দু মজুমদার বলেন, বিজ্ঞাপন মানুষের জীবনকে প্রভাবিত করে। সুতরাং বিজ্ঞাপন তৈরির সময় সংশ্লিষ্টদের দায়িত্বশীল ও সচেতন হতে হবে। ব্যবসার ক্ষেত্রে নৈতিকতা মেনে চলা উচিত।বিজ্ঞাপন ও সংবাদপত্রের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘রামেন্দু মজুমদার বলেছেন, তাঁরা আইডিয়া বিক্রি করেন। আমরা খবর বিক্রি করার চেষ্টা করি। আইডিয়া ও খবর বিক্রির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে।’ তিনি প্রথম আলোর বর্তমান অবস্থানের পেছনে বিজ্ঞাপনী সংস্থাগুলোর অবদানের কথা উল্লেখ করেন।উৎসব কমিটির চেয়ারম্যান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বিজ্ঞাপন তৈরিতে সৃজনশীলতার প্রয়োজনীয়তার উল্লেখ করে বলেন, বিজ্ঞাপনে কয়েক সেকেন্ডের মধ্যে সবটুকু বলতে ও বোঝাতে হয়।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান নূর, গীতি আরা সাফিয়া চৌধুরী, সানাউল আরেফিন, হান্নান হোসেন প্রমুখ। বক্তৃতা পর্বের পর ১৭টি শ্রেণীতে পুরস্কার দেওয়া হয়। কোনো কোনো প্রতিষ্ঠান একাধিক শ্রেণীতেও পুরস্কার পেয়েছে। স্বর্ণপদক: মিডিয়াকম লিমিটেড (চার শ্রেণীতে স্বর্ণপদক), ইউনিট্রেন্ড লিমিটেড, অ্যাড সাইন, বেঞ্চমার্ক, গ্রে ঢাকা (দুই শ্রেণী), অগলিভি অ্যান্ড মাদার কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড (তিন শ্রেণী), অ্যাডকম (দুই শ্রেণী) ও ধানসিঁড়ি কমিউনিকেশন।রৌপ্য পদক: গ্রে ঢাকা (চার শ্রেণী), মিডিয়াকম, অ্যাডকম (দুই শ্রেণী), কগিটো মার্কেটিং সলিউশন, বেঞ্চমার্ক, ধানসিঁড়ি কমিউনিকেশন ও অগলিভি অ্যান্ড মাদার কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড (দুই শ্রেণী)।ব্রোঞ্জ পদক: ইউনিট্রেন্ড লিমিটেড (তিন শ্রেণী), এক্সপ্রেশনস লি. (দুই শ্রেণী), ম্যাকম, ধানসিঁড়ি কমিউনিকেশন ও ক্যারটকম।আজীবন পুরস্কার: পাঁচজনকে আজীবন সম্মাননা দেওয়া হয়। এই সম্মাননা পেয়েছেন ইস্রারুল হক, মোহাম্মদ শামসুল হুদা, মাজহারুল ইসলাম, আনোয়ার হোসেন তালুকদার ও ওয়াজির সাত্তার।রাতের অনুষ্ঠানের আগে দিনভর ছিল নানা আয়োজন। সকাল নয়টায় শুরু হয় উৎসব। দিনব্যাপী বিভিন্ন ধরনের বিজ্ঞাপন প্রদর্শনের পাশাপাশি চলে দেশি-বিদেশি বিজ্ঞাপন বিশেষজ্ঞদের বক্তৃতা পর্ব। বক্তৃতা করেন এশিয়াটিক থ্রি সিক্সটির চেয়ারম্যান আলী যাকের, এপিএসি: লিও বার্নেটের পরিকল্পনা পরিচালক তোফায়েল রশিদ, লোয়ে লিনটাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট কৃষ্ণান অনন্ত, ম্যাকক্যান জাপানের মহাব্যবস্থাপক ডেভ ম্যাকন, লিও বার্নেট সিঙ্গাপুরের লিন্ডা ফ্লোরেস ও কোকাকোলা ভারত ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার জনসংযোগ ও যোগাযোগ বিভাগের মহাব্যবস্থাপক কমলেশ কুমার শর্মা।