পুরস্কার পেল ‘দহনকাল’ ও ‘বাংলাদেশের গণসংগীত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪১৬ বাংলা সনের বাংলাদেশি প্রকাশনা থেকে সৃজনশীল শাখায় কথাশিল্পী হরিশংকর জলদাসের উপন্যাস দহনকাল এবং মননশীল শাখায় সাইম রানার বাংলাদেশের গণসংগীত: বিষয় ও সুরবৈচিত্র্য ‘প্রথম আলো বর্ষসেরা বই’-এর পুরস্কার পেয়েছে। ১৪১০ বঙ্গাব্দ থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সভাপতিত্বে খালিকুজ্জামান ইলিয়াস, সৈয়দ আকরম হোসেন, সৈয়দ মনজুরুল ইসলাম ও মহীবুল আজিজের সমন্বয়ে গঠিত বিচারকমণ্ডলী সম্প্রতি পুরস্কারের জন্য বই দুটি চূড়ান্তভাবে নির্বাচন করেন। ২০ জানুয়ারি পুরস্কার বিজয়ী এই দুই লেখকের প্রত্যেককে ৫০ হাজার টাকা, ক্রেস্ট ও প্রশংসাপত্র দিয়ে প্রথম আলো আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানাবে। হরিশংকর জলদাসের বইটির প্রকাশক মাওলা ব্রাদার্স। সাইম রানার বইটি বেরিয়েছে বাংলা একাডেমী থেকে।হরিশংকর জলদাসের জন্ম ১৯৫৫ সালের ১২ অক্টোবর, চট্টগ্রামের উত্তর পতেঙ্গা গ্রামের জেলেপল্লিতে। তিনি পতেঙ্গা উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে তিনি ‘নদীভিত্তিক বাংলা উপন্যাস ও কৈবর্ত জনজীবন’ বিষয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তাঁর অন্য উপন্যাস জলপুত্র (২০০৮)। তিনি বিখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশিকে নিয়ে লেখেন লোকবাদক বিনয়বাঁশি (২০০৪)। কৈবর্তকথা (২০০৯) নামে তাঁর একটি আত্মজৈবনিক গ্রন্থ রয়েছে। তাঁর অন্যান্য বই কবিতা ও ধীবরজীবনকথা (২০০১), ছোটগল্পে নিম্নবর্গ ও অন্যান্য প্রসঙ্গ (২০০২) ও কবি অদ্বৈত মল্লবর্মণ এবং (২০০২)। হরিশংকর জলদাস পেশাগত জীবনে চট্টগ্রাম সরকারি সিটি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান।সাইম রানার জন্ম ৮ জানুয়ারি ১৯৭৩ সালে কুষ্টিয়া জেলা শহরের আড়ুয়াপাড়ায়। তিনি পড়াশোনা করেছেন কুষ্টিয়া ইউনাইটেড হাইস্কুল, কুষ্টিয়া সরকারি কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিভাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগ থেকে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। এ ছাড়া জাপান সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের বৃত্তি নিয়ে (বুনকা-চো আর্টিস্ট স্কলারশিপ) তিনি জাপানের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ও গায়কী বিষয়ে টোকিওর ক্যারিওবিংগা বুড্ডিস্ট রিসার্চ সোসাইটিতে গবেষণা করেন (২০০৫-০৬)। শিল্পী হিসেবে ২০০৫ সালে জাপানের ওসাকার কলেজ অপেরা হাউসে টোকিও ন্যাশনাল মিউজিক ইউনিভার্সিটির তত্ত্বাবধানে ইন্টারন্যাশনাল পারফর্মিং ফেস্টিভ্যালে সাইম রানা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। এ ছাড়া ২০০৬ সালের ফেব্রুয়ারিতে তিনি টোকিওর রিগা রয়েল হোটেলে ‘কনসার্ট অব বাউল সং’ শিরোনামে একক সংগীত পরিবেশন করেন। পেশাগত জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের খণ্ডকালীন শিক্ষক। গবেষণার পাশাপাশি তিনি সংগীত ও সাহিত্যের চর্চা করেন এবং ছবি আঁকেন। কামারশালার ধ্বনি (২০০৪) নামে তাঁর একটি কাব্যগ্রন্থ আছে।