আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৩তম প্রাণ-প্রথম আলো জাতীয় আচার প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হবে। এ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রোকেয়া আফজাল রহমান।বেলা সাড়ে তিনটায় শুরু হবে জমকালো এই অনুষ্ঠান। পুরস্কার বিতরণের পাশাপাশি থাকবে জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা। বরাবরের মতো এবারও বর্ষসেরা আচার বিজয়ী পুরস্কার হিসেবে পাবেন দুই লাখ টাকা। এ ছাড়া রয়েছে টক, ঝাল, মিষ্টি ও অন্যান্য বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার। পুরস্কারগুলো হলো যথাক্রমে ঢাকা-মালয়েশিয়া-ঢাকা দুটি বিমান টিকিট, ল্যাপটপ কম্পিউটার ও আইপিএস। এর বাইরেও রয়েছে সান্ত্বনা পুরস্কার। চূড়ান্ত পর্বে উত্তীর্ণ ৪৮ জন পুরস্কার পাবেন। এবারের প্রতিযোগিতায় সারা দেশে থেকে তিন হাজার ৩৯০ জন নারী অংশগ্রহণ করেছেন। আট হাজারেরও বেশি আচার জমা পড়েছিল।অনুষ্ঠানটি শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য। প্রতিযোগিতার আয়োজক প্রাণ-আরএফএল গ্রুপ ও প্রথম আলো। মিডিয়া পার্টনার চ্যানেল আই।