পুরস্কার ভাগ করে নিতেন নিজেরাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ কুইজে নিজেদের কুপন দিয়ে লটারির ড্র করে নিজেরাই পুরস্কার নিতেন কালের কণ্ঠ পত্রিকার রাজশাহী ব্যুরোর কর্মীরা। তাঁদের সঙ্গে ছিলেন পত্রিকাটির পাঠক সংগঠন শুভ সংঘের সদস্যরা। কুইজ পুরস্কারের জন্য বরাদ্দ ১৭টি মোবাইল ফোনসেটও চুরি করেন তাঁরা। এ ঘটনায় গ্রেপ্তার শুভ সংঘের সদস্যরা গতকাল বুধবার রাজশাহী গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে সাংবাদিকদের সামনে এসব তথ্য জানান।রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, চুরি যাওয়া ১৭টি মোবাইল ফোনের ১১টি উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আটজনকে। তাঁদের মধ্যে তিনজন শুভ সংঘের নেতা। তাঁদের তথ্য অনুযায়ী পুলিশ এখন কালের কণ্ঠ পত্রিকার রাজশাহী প্রতিনিধি ইমরান আলীকে গ্রেপ্তারের চেষ্টা করছে।গতকাল গ্রেপ্তার ব্যক্তিদের রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমানের কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। তাঁরা হলেন কালের কণ্ঠ পত্রিকার রাজশাহী শাখা শুভ সংঘের সাধারণ সম্পাদক ইশতিয়াক রেজা, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, সদস্য খালিদ হাসান, মোবাইল ফোনের পরিবেশক রাজশাহীর রামচন্দ্রপুর এলাকার আলমগীর, মাহফুজুর রহমানের ভগ্নিপতি জাহিদুল ইসলাম, ক্রেতা বেলাল ওসমান, ফারুক হোসেন ও সোহেল রানা।শুভ সংঘের সাংগঠনিক সম্পাদক মাহফুজ সাংবাদিকদের বলেন, কালের কণ্ঠ পত্রিকার রাজশাহী ব্যুরো কার্যালয়ে কেবল কর্মীদের ফেলা কুপনে ড্র করা হতো। পত্রিকার রাজশাহী প্রতিনিধি ইমরান, তাঁর এক বন্ধু ফটোসাংবাদিক নজরুল ইসলাম ও কার্যালয়ের পিয়ন হানিফ কুপন ফেলতেন। কিন্তু অন্যরা পেলেও ফটোসাংবাদিক কোনো পুরস্কার পেতেন না। এ নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। পরে ফটোসাংবাদিকদের মুখ বন্ধ রাখার জন্য তাঁকেও একটি মোবাইল ফোনসেট দেওয়া হয়।মাহফুজ আরও জানান, একদিন তিনি ও ইশতিয়াক কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি ইমরানের হাতে লটারির মোবাইল ফোনসেট দেখে বলেন, ‘আমাদের একটা করে সেট দেবেন না?’ এরপর ইমরান তাঁদের একদিন প্রস্তাব দেন, ‘বস (রাজশাহীর নিজস্ব প্রতিবেদক) ঢাকায় যাচ্ছেন। এই সুযোগে আমরা মোবাইলগুলো মেরে দিব। পরে কিছু হলে তিনি সবাইকে সামাল দেওয়ারও আশ্বাস দেন।’ইশতিয়াক বলেন, প্রথমে তাঁরা মোবাইল ফোনসেট রাখা কক্ষটির একটি চাবি বানিয়ে নিতে চেয়েছিলেন, কিন্তু হয়নি। পরে ইমরানই তাঁদের দরজার ওপরের ফাঁক গলিয়ে ভেতরে ঢোকার পরামর্শ দেন। ২০ জুন রাত ১০টার পর তাঁরা শুভ সংঘের সদস্য খালিদকে দরজার ওপর দিয়ে ভেতরে তুলে দেন। পুলিশের সামনে খালিদ বলেন, ঢুকতে তাঁর কষ্ট হলেও পাতলা শরীর হওয়ায় ঢুকতে সক্ষম হন।ইশতিয়াক জানান, খালিদ ওয়ার্ডরোবের ভেতর থেকে ১৭টি মোবাইল ফোনসেট বের করে আনেন। এখান থেকে তিনি চারটি রেখে বাকি ১৩টি মাহফুজকে বিক্রি করতে দেন। মাহফুজ মেহেরপুরে তাঁর ভগ্নিপতি জাহিদুল ইসলামের কাছে সেগুলো পাঠিয়ে দেন। এগুলো ৪০ হাজার টাকায় বিক্রি করেন তিনি।জানা গেছে, এ ঘটনার পর কালের কণ্ঠ পত্রিকার রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আনু মোস্তফা বাদী হয়ে নগরের বোয়ালিয়া থানায় মামলা করেন। পুলিশ প্রথমে অফিসের পিয়ন হানিফকে গ্রেপ্তার করে। পুলিশ এই মোবাইল ফোনসেট ব্যবহারকারী কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্র ফয়সালের সঙ্গে যোগাযোগ করে গত মঙ্গলবার মেহেরপুর থেকে চারজনকে গ্রেপ্তার করে। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী রাজশাহী থেকে অন্য চারজনকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান বলেন, মূল আসামি ইমরান আলীও আত্মগোপনে আছেন। মামলার বাদীও তাঁর কোনো সন্ধান দিতে পারছেন না। ইমরান আলীকে খোঁজা হচ্ছে। গতকালই গ্রেপ্তার ব্যক্তিদের রাজশাহী মহানগর হাকিম আদালতে হাজির করা হলে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।