পুরস্কৃত ছয় নারী উদ্যোক্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আন্তর্জাতিক নারী দিবসের ১০০ বছর পূর্ণহলো এবার। নারীরা সংগ্রাম করেই দিনটি প্রতিষ্ঠিত করেছিল। বাংলাদেশের সাধারণ নারীরা আজ উদ্যোক্তা হিসেবেও সফল হচ্ছেন। ভাবনাটা সেখান থেকেই এল। বড় ও সফল উদ্যোক্তারা তো এগিয়ে যাচ্ছেনই। কিন্তু যাঁরা স্বল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করে নিজের পাশাপাশি চারপাশের উন্নয়ন করছেন, তাঁদের স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যেই এই পুরস্কার প্রদান।’ বললেন বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সেলিমা আহমাদ। তিনি আরও বলেন, ‘তৃণমূল পর্যায়ের নারীদের উৎসাহিত করতে চাই আমরা। কাজের স্বীকৃতি দিলে তাঁরা অনুপ্রাণিত হবেন। এ ছাড়া যাঁরা পুরস্কার পাননি তাঁদেরও কাউন্সিলিং করার উদ্যোগ নিয়েছি। যাতে ঘাটতিগুলো তাঁরা বুঝতে পারেন। এর উদ্দেশ্য নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, নীতি-নির্ধারণে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা; এমনকি অন্যদেরও যাতে উদ্যোগী করতে পারেন সে বিষয়ে কাজ করতে উদ্বুদ্ধ করা।’ ২৪ মে ‘বিডব্লিউসিসিআই-ইবিএল প্রগ্রেসিভ অ্যাওয়ার্ড ২০১১’ অনুষ্ঠানে ছয়টি বিভাগের ছয় নারীকে নারী উদ্যোক্তা পুরস্কার দেওয়া হয়। এঁদের পাশাপাশি গণমাধ্যমের দুই সাংবাদিককেও পুরস্কৃত করা হয়। যাঁরা তাঁদের কাজে তুলে ধরেন তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তাদের জীবনসংগ্রাম। ইলেকট্রনিক মাধ্যম থেকে এটিএন বাংলার জ্যেষ্ঠ সাংবাদিক সানাউল হক এবং দ্য ফিনানসিয়াল এক্সপ্রেস-এর জ্যেষ্ঠ সাংবাদিক মুনিমা সুলতানা এ সময় উপস্থিত ছিলেন। পুরস্কারপ্রাপ্ত ছয় নারী তাঁদের সাফল্যের নেপথ্য কথা জানিয়েছেন এই প্রতিবেদনে।ঢাকা: শায়লা সুলতানাতখন সবে পড়াশোনার পাট শেষ হয়েছে। আরেক অংশীদার নিয়ে ২০০৫ সালে শুরু হলো বুটিকের দোকান ‘চরকা’। ধানমন্ডির আনাম-র্যাংগস প্লাজায় এ দোকানের ব্যবসা ধীরে ধীরে বাড়তে থাকে। দুই বছর পর ধানমন্ডির অরচার্ড পয়েন্ট শপিং মলে দ্বিতীয় শাখা চালু হয়। গত বছর চরকার আরও দুটি শাখা চালু হয়। পাশাপাশি একটি কারখানাও রয়েছে আমাদের। সেখানে ৩০০-৪০০ লোক কাজ করে। এই সফলতার পেছনে আমার স্বামীর অবদান আছে। প্রথম পুঁজি সে-ই দিয়েছিল। অনেক বাধা এসেছে। আর্থিক স্বল্পতা দেখা দেয়। তখন ব্যাংকগুলো থেকেও পর্যাপ্ত সাহায্য-সহযোগিতা পাইনি। আসলে নারীদের তো তেমন সম্পত্তি থাকে না। ফলে আমানত দেখাতে না পারলে ব্যাংক তাদের ঋণ দিতে আগ্রহী হয় না। যা খুব জরুরি একজন নারী উদ্যোক্তার জন্য। ২০০৮ সালে বিডব্লিউসিসিআইতে সদস্য হিসেবে যোগ দিই। অনেক কিছু শেখার সুযোগ হয়। কাজের মূল্যায়ন হলে সবার ভালো লাগে। এই স্বীকৃতি আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এ দেশের দুস্থ নারীদের নিয়ে কাজ করতে চাই। এখনো অনেক পথ যেতে হবে। বরিশাল: wবলকিস আহমেদব্যবসার শুরু করেছিলাম দুই বোন মিলে। ঘরোয়াভাবেই বরিশাল শহরে বুটিক ও টেইলারিং করি। ধীরে ধীরে ব্যবসা বাড়তে থাকে। একসময় আমার বোন তার পরিবার নিয়ে ব্যস্ত হয়ে যায়। তখন একাই আমি এর দায়িত্ব কাঁধে নিই। বরিশালের চকবাজারে ‘আঁচল’ নামে দোকান চালু করি। কারখানাও আছে আমার। বেশ কিছু লোকের কর্মসংস্থানের সুযোগ তো করে দিতে পারছি। আর পারিবারিকভাবে তেমন কোনো বাধা আসেনি। অর্থনৈতিক দিক থেকেও সমস্যায় পড়তে হয়নি। বিডব্লিউসিসিআইতে যোগ দিয়ে অনেক কিছু শিখেছি। এই পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়াটা বিশাল কিছু। সেখানে পুরস্কার পেয়েছি। এত খুশি যে ভাষায় প্রকাশ করতে পারব না। ইচ্ছা আছে বরিশালের প্রত্যন্ত অঞ্চলগুলোতে নারীদের নিয়ে কাজ করার।রাজশাহী: দিলারা আমজাদমফস্বল শহরে নারীদের ব্যবসা করাটা বেশ কঠিন। এখনো মানুষের মন-মানসিকতার পরিবর্তন হয়নি। শুরুতে অনেকেই নানা মন্তব্য করেছে। আর আমি ছিলাম যৌথ পরিবারে। আমার শ্বশুরবাড়িতেও কথা শুনতে হয়েছে। তখন আমার স্বামী সহযোগিতার হাত বাড়িয়ে দেন। পূর্ণ সমর্থন দিয়েছেন আমাকে। অনুপ্রেরণা পেতাম তাঁর থেকে। আমার স্বামী এবং মায়ের জন্যই আজ এ অবস্থানে আসতে পেরেছি। পরের দিকনির্দেশনা অবশ্য বিডব্লিউসিসিআই থেকে পেয়েছি। পড়াশোনা করার সময়ই আসলে কয়েকজন বন্ধু মিলে বুটিকের কাজ করতাম। এরপর আমার বিয়ে হয়ে যায়। স্বামীর চাকরিসূত্রে চলে যেতে হয় রাজশাহী। ফলে বন্ধুরা ছড়িয়ে-ছিটিয়ে পড়লাম। বন্ধ হয়ে গেল ব্যবসা। সেটি আবার নতুন করে শুরু করি ২০০০ সালে। বুটিকের কাজ চলতে থাকে। খুব পরিশ্রম করতে হয়েছে এটি প্রতিষ্ঠা করতে। বিভিন্ন মেলায় অংশ নিয়েছি, সাড়াও পেয়েছি। কিন্তু এই পুরস্কার পাব, এটা আশা করিনি। এখন দায়িত্ব বেড়ে গেল। নারীদের উন্নয়নের জন্য কাজ করে যাব।সিলেট: গাজী লাইলী আকতারনিজের কিছু জমানো টাকা ছিল। সেটি দিয়েই প্রথম কাজ শুরু করি। ভাবলাম কী করব। সিলেটেই সৌন্দর্যচর্চার ওপর একটা প্রশিক্ষণ নিলাম। এবার ছোট্ট একটা ঘর ভাড়া নিয়ে পাঁচজন মেয়ে নিয়ে কাজ শুরু করলাম ২০০২ সালের দিকে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। একে একে আমার অপরূপা বিউটি পার্লারের শাখা বাড়তে থাকে। অনেক মেয়ের কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারছি। বিউটি পার্লারের সর্বশেষ শাখাটি শুধু ছেলেদের জন্য। সব ধরনের গ্রাহকের কথাই বিবেচনা করার চেষ্টা করি। এই কাজ করতে গিয়ে কত যে কটূক্তি শুনতে হয়েছে। পরিবারের সহযোগিতায় সব বাধা উপেক্ষা করে কাজ করে যাচ্ছি। আসলে ব্যবসাটা আমার কাছে সন্তানের মতো। এই পুরস্কার পাওয়ার পর নতুন করে স্বপ্ন দেখতে শুরু করছি। চট্টগ্রাম: ইয়াসমিন মোরশেদ চৌধুরীঘরোয়াভাবে ১৯৯৬ সালে ব্যবসা শুরু করি। তবে পুরোদস্তুর উদ্যোক্তা হয়ে উঠি ২০০৬-এর দিকে। তখন প্রশিক্ষণ কেন্দ্র, বুটিকস, অনুষ্ঠান ব্যবস্থাপনাসহ নানা ধরনের কাজ করতে থাকি। অনেক কষ্ট হয়েছে এ পর্যন্ত নিয়ে আসতে। চেষ্টা ছিল, সঙ্গে পরিশ্রমও করেছি। পরিবারের বিশেষ করে আমার স্বামী এবং ভাইদের অবদান আছে। তারা এখনো আমার সঙ্গে কাজ করে। শুরুতে একটু বাধা থাকলেও এখন সবাই সর্মথন দেয়। তবে পুরস্কার পেয়ে খুব অবাক হয়েছি। কাজের মূল্যায়ন হয়েছে। সে জন্য খুব ভালো লাগছে। এখন আরও কাজ করে যেতে হবে। খুলনা: লুৎফুন হকসারা দিন ঘরে বসে থাকতাম। একঘেয়ে লাগত। ভাবলাম একটা কিছু করা উচিত। তখনই বুটিক, ব্লকপ্রিন্ট ও হাতের কাজ করার চিন্তা মাথায় আসে। ঘরে বসেই কাজ শুরু করি। তিল তিল করে গড়ে ওঠে প্রিয়া বুটিক। এরপর স্থানীয়ভাবে মহিলা সমিতির আয়োজনে মেলায় আমার তৈরি পোশাক প্রদর্শন করি। গুণগতমান ও নকশার ভিত্তিতে প্রথম পুরস্কার পাই। কাজের আগ্রহ বেড়ে যায়। আর নারীদের কাজ করতে গেলে তো বাধা আসবেই। আমারও এসেছে। সঙ্গে ছিল পরিবারের সহযোগিতা। এরপর বিডব্লিউসিসিআইতে সদস্যপদ লাভ করি। ব্যাংক ঋণের জন্য সঠিক প্রক্রিয়া এখান থেকে শেখানো হয়। বাণিজ্যিক ব্যাংকগুলোতে ঋণের জন্য গিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। বহু নারীর কর্মসংস্থানের সুযোগ হয়, এমন একটি কারখানা করার ইচ্ছা আছে। পাশাপাশি ভবিষ্যতে ঢাকায় একটি বিক্রয়কেন্দ্র চালু করতে চাই।