রাজধানীর পুরাতন বিমানবন্দরকে নাগরিক কেন্দ্রে পরিণত করার প্রস্তাব দিয়েছে পিপিআরসি নামক একটি সংস্থা।আজ বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে ‘আরবান বাংলাদেশ চ্যালেঞ্জেস অব ট্রানজিশন’ শীর্ষক এক সেমিনারে সংস্থাটি এই প্রস্তাবনা দেয়।সেমিনারে পিপিআরসির স্টাডি গ্রুপের সদস্য আদনান মোরশেদ বলেন, ঢাকা শহরে বর্তমানে জনগণের বিনোদনের জন্য ভালো কোনো জায়গা নেই। তাই পুরাতন বিমানবন্দরকে নাগরিক কেন্দ্র পরিণত করা হলে এখানে মানুষের বিনোদনের সুযোগ সুবিধা থাকবে। স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও ২১ ফেব্রুয়ারির মতো বড় দিবসের অনুষ্ঠানগুলো এখানে আয়োজন করা যেতে পারে।সেমিনারে পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ বলেন, দেশের জনসংখ্যা হলো উন্নয়নের বড় সমস্যা। বর্তমানে যেসব নীতিমালা আছে, এগুলো সব শহরকেন্দ্রিক। তাই শহরের দিকে বা ঢাকা অভিমুখে মানুষ যাতে না আসে, এমন পলিসি নিতে হবে। আর এ জন্য উন্নয়নের বিকেন্দ্রীকরণ করতে হবে।