পুরাতনী লোকগানগুলো সংরক্ষণ করা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরাতনী লোকগান নিয়ে অ্যালবাম করেছেন পণ্ডিত রামকানাই দাশ। নাম অসময়ে ধরলাম পাড়ি। যন্ত্রানুষঙ্গ পরিচালনা করেছেন অমিত বন্দ্যোপাধ্যায়। বের করেছে বেঙ্গল ফাউন্ডেশন। আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় অ্যালবামটির মোড়ক খোলা হবে বেঙ্গল শিল্পালয়ে। থাকছে শিল্পীর একক গানের অনুষ্ঠান। কথা হলো পণ্ডিত রামকানাই দাশের সঙ্গে।‘অসময়ে ধরলাম পাড়ি’তে কোন লোককবিদের গান গেয়েছেন?হাসন রাজা, রাধারমণ, রসিকলাল দাশ, আজিম ফকির, দিব্যময়ী দাশ, রুক্ষ্মিণী, সিতালং শাহর গান করেছি। হাসন রাজা ও সীতালং শাহর দুটি গানের সুর করেছি আমি। অ্যালবামটি তো অনেক আগে বেরিয়েছে। এত দিন পর কেন এর প্রকাশনা অনুষ্ঠান হচ্ছে?বেঙ্গল ফাউন্ডেশন আমার দুটি অ্যালবাম বের করেছে—সুরধ্বনির কিনারায় (২০০৫) ও অসময়ে ধরলাম পাড়ি (২০১০)। আমি কয়েক বছর দেশের বাইরে ছিলাম। তাই তখন বেঙ্গল ফাউন্ডেশন অসময়ে ধরলাম পাড়ি অ্যালবামটি বাজারে ছেড়েছে ঠিকই, কিন্তু প্রকাশনা অনুষ্ঠান করতে পারেনি। এবার দেশে ফেরার পর আমাকে তারা আমন্ত্রণ জানিয়েছে।আপনি তো শাস্ত্রীয় সংগীত ও রবীন্দ্রসংগীতের চর্চা করেন। পুরাতনী লোকগানের ব্যাপারে আগ্রহী হলেন কেন?আমার বাবা রসিকলাল দাশ ও মা দিব্যময়ী দাশ দুজনই ছিলেন লোককবি এবং লোকগানের শিল্পী। তাই শিশুকাল থেকে আমি লোকগান শুনেই বড় হয়েছি। পরে একসময় শাস্ত্রীয় গানের দিকে ঝুঁকে যাই। তবে লোকগানের চর্চাটা নিজের মধ্যে অব্যাহত রেখেছিলাম। ইদানীং মনে হচ্ছে, যে গানগুলো শুনে শুনে বড় হয়েছি, সেগুলোর কথা ও সুরে অনেক বিকৃতি ঘটেছে। তাই নিজেই এসব গান গাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি শেখাচ্ছিও।এই গান সংগ্রহের কাজটা এখনো অব্যাহত আছে?হ্যাঁ, যখনই সময় পাই, সিলেটের বিভিন্ন এলাকায় চলে যাই। সেখানে ঘুরে ঘুরে বিভিন্ন শিল্পীর কাছ থেকে শুনে গানের কথা লিখছি, সুরগুলো শিখছি, রেকর্ড করছি। এটা অনেক বড় কাজ। আমার একার পক্ষে সম্ভব নয়। কিন্তু গানগুলো সংরক্ষণ করা খুব জরুরি। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি এগিয়ে আসে, তাহলে পুরাতনী লোকগানগুলো যথাযথভাবে সংরক্ষণ করা সম্ভব হবে।