পুরান ঢাকা একেবারে ভেঙে ফেলা সম্ভব নয়: আইনমন্ত্রী
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, পুরান ঢাকা একেবারে ভেঙে ফেলা সম্ভব নয়। এ জন্য অনেক অর্থের প্রয়োজন এবং অসংখ্য মানুষের পুনর্বাসনও করতে হবে। এটি অত্যন্ত কঠিন কাজ। অগ্নিকাণ্ড আর যেন না ঘটে সেই ব্যবস্থাই করতে হবে। দেশে শক্ত আইন আছে কিন্তু আইনের যদি প্রয়োগ না হয় তাহলে আইন করে লাভ কী?আজ রাজধানীর বাংলামোটরে অবস্থিত প্ল্যানার্স টাওয়ার মিলনায়তনে মুক্ত আকাশ আয়োজিত ‘ঢাকায় ঝুঁকিপূর্ণ ইমারত ও অগ্নিকাণ্ড’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আইনমন্ত্রী এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ‘ঢাকায় অনেক জমি ও ভবন এখন ঝুঁকিপূর্ণ। রাজউককে এটি চিহ্নিত করতে হবে। রাজউককেই বলতে হবে ওসব সরিয়ে ফেলতে। এ জন্য শক্ত আইনও আছে। কিন্তু প্রয়োগ না করলে তো আইন করে কোনো লাভ নেই!’আইনমন্ত্রী সবাইকে আইন অনুসরণের আহ্বান জানিয়ে বলেন, ঢাকার সমস্যা সমাধান সম্ভব। এতে ব্যক্তি স্বার্থের চেয়ে জাতীয় স্বার্থকে ঊর্ধ্বে রাখতে হবে। ডেভেলপরাদের অবশ্যই আইন মানতে হবে। ঘটনা ঘটার পর বলাই যাবে না আইন জানা ছিল না। ইমারত ও ভূমি নিয়ে অনেক মামলা আছে। সেগুলো দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা কঠিন কাজ নয়।রাজউককে জনবল বৃদ্ধির তাগিদ দিয়ে শফিক আহমেদ বলেন, ঢাকায় জনসংখ্যা বাড়ছে। এ জন্য ভবনও বৃদ্ধি পাচ্ছে। তাই লাগলে রাজউককে অবশ্যই জনবল সৃষ্টি করতে হবে। সরকার এই জনবল দেবে। আলোচনায় আবাসন শিল্প মালিকদের সংগঠন রিহ্যাবের দুই সদস্য রাজউকের তীব্র সমালোচনা এবং ডিটেইল্ড এরিয়া প্ল্যানের (ড্যাপ) বিশেষজ্ঞ কমিটির কয়েকজন সদস্যের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। রিহ্যাবের সাবেক সভাপতি মো. আবদুল আউয়ালের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী এম এমদাদুল হক।