পুরান ঢাকা থেকে রাসায়নিক দাহ্য পদার্থ সরানোর সময়সীমা বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার পুরান ঢাকা থেকে ভয়াবহ দাহ্য রাসায়নিক পদার্থ অপসারণের সময় আরও এক মাস বৃদ্ধি করেছে। আজ মঙ্গলবার দুপুরে শিল্প মন্ত্রণালয়ের বর্ধিত ভবনের সম্মেলন কক্ষে কেমিক্যাল ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এ কথা জানান।বৈঠকে কেমিক্যাল ব্যবসায়ীদের পক্ষ থেকে এই ব্যবসার নীতিমালা প্রণয়ন, পুরান ঢাকা থেকে গুদাম ও কারখানা অপসারণের সময়সীমা বাড়ানো এবং একটি বিশেষজ্ঞ কমিটি গঠনসহ কয়েকটি দাবি শিল্পমন্ত্রীর কাছে উত্থাপন করা হয়।শিল্পমন্ত্রী ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, আগামী ৩০ আগস্টের মধ্যে আপনারা একটি পরিকল্পনা জমা দিন। সরকার এ পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করবে। সরকার ব্যবসায়ীদের শত্রু নয়, তবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ভয়াবহ দাহ্য রাসায়নিক পদার্থ অবশ্যই সরাতে হবে।মন্ত্রী আরও বলেন, আগামী ২০ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর এ সংক্রান্ত টাস্কফোর্স রাসায়নিক দাহ্য পদার্থ অপসারণ-প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করবে। এ সময়ের মধ্যে যারা দাহ্য পদার্থ অপসারণ করবে না, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, লালবাগ এলাকার স্থানীয় সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা জেলা প্রশাসক মহিবুল হক এবং শিল্প মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা ছাড়াও কেমিক্যাল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।