পুরান ঢাকায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজারে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাজীব নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ ও র্যাবের দাবি, রাজীব কোতোয়ালি থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খানের ভাষ্যমতে, গতকাল রাতে র্যাব-১০-এর কাছে খবর আসে ৩৬ তাঁতীবাজারের সামনে একদল সন্ত্রাসী জড়ো হয়ে সন্ত্রাসী তত্পরতা চলানোর চেষ্টা করছে। র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা জবাব দেয়। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে গেলে র্যাব এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে। তখন তারা খোঁজখবর নিয়ে জানতে পারে নিহত যুবক সন্ত্রাসী রাজীব। পরে র্যাব এ ঘটনা কোতোয়ালি থানায় জানায়।ওসি আরও জানান, কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও গুলির খোসা উদ্ধার করে।