পুরান ঢাকার ঝুঁকিপূর্ণ বাড়ির তালিকা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার শাঁখারীবাজার ও তাঁতীবাজারের ৯০ শতাংশ বাড়িই অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ। এসব বাড়ি নির্মাণের ক্ষেত্রে যেমন রাজউকের অনুমতি নেওয়া হয়নি, তেমনি অনুসরণ করা হয়নি নকশাও। ঝুঁকিপূর্ণ এসব বাড়ি দ্রুত চিহ্নিত করার জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছে গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়।মন্ত্রণালয় অগ্রাধিকার ভিত্তিতে প্রথম পর্যায়ে পুরান ঢাকার ঝুঁকিপূর্ণ এসব বাড়ির তালিকা করে তা ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া রাজউক অনুমোদিত নকশা মেনে রাজধানীর বহুতল ভবনগুলো স্থাপন করা হয়েছে কি না, তদন্ত করে তা জানাতে রাজউককে নির্দেশ দেওয়া হয়েছে।ঝুঁকিপূর্ণ ও অননুমোদিত বাড়ি চিহ্নিত করার বিষয়ে গতকাল সোমবার গণপূর্ত ও গৃহায়ণসচিব জরুরি বৈঠক করেছেন রাজউকের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে।সূত্রমতে, বৈঠকে বলা হয়, পুরান ঢাকার অননুমোদিত বাড়িগুলোর বেশির ভাগই ঝুঁকিপূর্ণ। এ এলাকার বাড়িগুলোর যেমন অনুমোদন নেই, তেমনি কিছু বাড়ির অনুমোদন থাকলেও নকশা বদলে ফেলায় ভবন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। বৈঠকে আরও বলা হয়, রাজউক প্রায় পাঁচ হাজার অবৈধ ভবনের তালিকা করেছে। এগুলোর মধ্যে কিছু ভবনের নকশা নেই, কিছু ভবনের নকশার অনুমোদন থাকলেও তা অনুসরণ করা হয়নি। গ্যারেজ বা বেজমেন্টের জায়গায় দোকানপাট নির্মাণ করা হয়েছে। বৈঠকে শিগগিরই এসব ভবন ভাঙার জন্য অভিযান চালানোর সিদ্ধান্ত হয়।জানতে চাইলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব খন্দকার শওকত হোসেন প্রথম আলোকে বলেন, ঝুঁকিপূর্ণ পাঁচ হাজার বাড়ি তো আর একসঙ্গে ভাঙা সম্ভব নয়, তাই শাঁখারীবাজার ও তাঁতীবাজার এলাকার যেসব বাড়ি ঝুঁকিপূর্ণ, তা ভেঙে ফেলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিব বলেন, ঝুঁকিপূর্ণ বাড়ি ধসে পড়ে যাতে আর প্রাণহানি না হয়, সে জন্যই মন্ত্রণালয় এসব ভবন চিহ্নিত করে তা ভাঙা শুরু করবে। রাজউকের আঞ্চলিক অফিসের কর্মকর্তারা ইতিমধ্যেই ঝুঁকিপূর্ণ এসব বাড়ির তালিকা তৈরির কাজ শুরু করেছেন।রাজউক সূত্র জানায়, রাজউকের তালিকায় অনেক বহুতল ভবনের নাম রয়েছে, যেগুলো অননুমোদিত। তালিকার বেশির ভাগ ভবন নির্মাণের ক্ষেত্রে মূল নকশা মানা হয়নি। এ ছাড়া ভবন নির্মাণকারী কোনো কোনো কোম্পানি বা ব্যক্তিমালিক নিজেরা না এসে দালালের মাধ্যমে নকশার অনুমোদন নেওয়ার চেষ্টা করেন।রাজউকের চেয়ারম্যান নূরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘পুরান ঢাকার শাঁখারীবাজার ও তাঁতীবাজারের ঝুঁকিপূর্ণ বাড়ির তালিকা পেলেই আমরা ভাঙার কাজ শুরু করব।’ তিনি বলেন, শাঁখারীবাজার ও তাঁতীবাজারের ৯০ শতাংশ বাড়ি নির্মাণের ক্ষেত্রে অনুমোদন নেওয়া হয়নি। আবার কিছু বাড়ি অনেক পুরোনো, যা জরাজীর্ণ হওয়ার কারণে ঝুঁকির মুখে পড়েছে।চেয়ারম্যান বলেন, ‘তবে এসব উচ্ছেদ অভিযান চালাতে আমাদের দুটি বড় প্রতিবন্ধকতা রয়েছে। প্রথমত, এসব বাড়ি ভাঙার ব্যাপারে নোটিশ গেলেই আদালতের স্থগিতাদেশ নিয়ে আসেন বাড়ির মালিকেরা। ফলে অভিযান বন্ধ করে দিতে হয়। দ্বিতীয়ত, জনবল-সমস্যা, ম্যাজিস্ট্রেটের সংখ্যা কম থাকায় উচ্ছেদের কাজ দ্রুততার সঙ্গে করা যাচ্ছে না।কনকর্ডের ভবনের ফাটল অনুসন্ধানে কমিটি: রাজধানীর শান্তিনগরে কনকর্ড গ্রুপের নির্মিত ২২ তলা ভবনটিতে ফাটল দেখা দেওয়ার পরিপ্রেক্ষিতে ভবন নির্মাণের বিভিন্ন দিক নিরীক্ষা ও এ-সংক্রান্ত বিষয় তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) এম এ হান্নানকে আহ্বায়ক করে করা কমিটিতে রয়েছেন রাজউকের সদস্য (উন্নয়ন) এম মাহবুবুল আলম, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল মালেক সিকদার, স্থাপত্য অধিদপ্তরের উপপ্রধান স্থপতি আবুল হাসনাত ফুয়াদ ও রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) আবদুল মান্নান।কমিটি সরেজমিনে সংশ্লিষ্ট ভবন ও ভবন-সংলগ্ন স্থাপনা পরিদর্শন করবে; রাজউক অনুমোদিত নকশা, কাঠামো নকশা, ফাউন্ডেশন নকশা, যান্ত্রিক ও বৈদ্যুতিক নকশাসহ সংশ্লিষ্ট নকশাগুলো পরীক্ষা-নিরীক্ষা করবে; কমিটি ভবন ব্যবহারকারীদের সঙ্গে আলোচনা করবে; আগের পর্যালোচনায় কোনো দোষী ব্যক্তি বা ব্যক্তিরা দায়ী হলে তা চিহ্নিত করবে এবং পুরো বিষয় পর্যালোচনার পর সাত দিনের মধ্যে কমিটি গৃহায়ণ ও গণপূর্তসচিবের কাছে প্রতিবেদন জমা দেবে।