পুরান ঢাকার বানরের খাবার অনিশ্চিত
‘আয়, মধু আয় আয়, মধু আয় আয়’—কলা হাতে এভাবেই বানরদের ডাকছিলেন আনসারের সদস্য ওমর ফারুক। তাঁর ডাক শুনে ঝাঁকে ঝাঁকে বানর আসছে। কোনোটা ছোট, কোনোটা বড়। ছোট বানরগুলো বড়গুলোর পিঠে চড়ে আসছে। মা বানরগুলো বাচ্চাগুলোকে বুকে চেপে ধরে লাফিয়ে একটার পর একটা ছাদ পার হয়ে আসছে ফারুকের কাছে। সবাই যখন জড়ো হলো, তখন কলা ছুড়ে দেওয়া হলো আঙিনায়। বানরের দল আয়েশ করে এগুলো খেতে লাগল।খাবারের সংকটে দীর্ঘদিন দুর্দশায় ছিল পুরান ঢাকার বানরগুলো। ক্রমেই কমে আসছিল বানরের সংখ্যা। বছর সাতেক আগে পুরান ঢাকার বানরের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। বছর চারেক আগে সরকারও বানরের খাবার সংগ্রহে সহায়তা দেয়। গত বছর থেকে ঢাকা জেলা প্রশাসন এ দায়িত্ব হস্তান্তর করে ঢাকা সিটি করপোরেশনের ওপর। কিন্তু নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার অজুহাতে ২০১১-১২ অর্থবছরের অর্থ ছাড়ের বিষয়টি ঝুলিয়ে রেখেছে ডিসিসি। ফলে এখন আবার খাবার সংকটে পড়েছে পুরান ঢাকার বানরগুলো। খাবার সংগ্রহ করতে অনেক বাসাবাড়িতে হানা দিচ্ছে তারা। বানরের টাকা খেতে চায় কারা?ব্যক্তিগতভাবে কেউ কেউ পুরান ঢাকার বানরগুলোকে কলা ও রুটি খেতে দেয়। ছুটির দিনে গেন্ডারিয়ায় সাধনা ঔষধালয় এলাকায় যারা বানর দেখতে যায়, তারা এ কাজ বেশি করে। বাড়িটিকে ঘিরে বাস করে বেশ কিছু বানর। এ ছাড়া টিপু সুলতান রোড, বনগ্রাম ও নারিন্দা রোড এলাকায়ও বানরের বিচরণ রয়েছে। এসব এলাকায় চার শতাধিক বানর বাস করে। এগুলোকে খাবার দেওয়ার প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেন পক্ষীকুলের আশ্রয় ও খাদ্য নিশ্চিতকরণ প্রকল্পের প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক যশোধন প্রামাণিক।এ প্রসঙ্গে যশোধন প্রামাণিক জানান, বছর সাতেক আগে তাঁরা বানরকে খাবার দেওয়ার উদ্যোগ নেন। আর্থিক সহায়তায় এগিয়ে আসেন সাংবাদিক শিবশংকর চক্রবর্তী। আহসান মঞ্জিলে দায়িত্বরত আনসাররা বানরের খাবার দেওয়ার কাজটি নিজ হাতে করতেন। মূলত রুটি বানিয়ে বানরকে খাওয়ানোর দায়িত্ব বর্তায় তাঁদের ওপর। বছর চারেক আগে ঢাকা জেলা প্রশাসন থেকে সহায়তা পাওয়া যায়। তারা মূলত জিআরের (গভর্নমেন্ট রিলিফ) চাল দিত। চালের বিনিময়ে কেনা হতো কলা। কলা খাওয়ানোর কাজটি এখনো করছেন আনসারের সদস্যরা। বানর পরিচর্যায় পারদর্শী করে তুলতে ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের প্রশিক্ষক এনে এ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়।জানা গেছে, গত বছর বানরকে খাবার দেওয়ার অর্থ জোগানোর দায়িত্ব হস্তান্তর করা হয় ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) কাছে। এ বিষয়ে যশোধন প্রামাণিক বলেন, ডিসিসি গত অর্থবছরে ৭০ হাজার টাকা দিয়েছে। তবে তা দিয়ে বানরকে সারা বছর ঠিকমতো কলা দেওয়া যায়নি। প্রতি মাসে ১০ হাজার টাকা হিসেবে বছরে এক লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দিলে কাজটি ভালোভাবে করা যাবে। চলতি অর্থবছরে এখনো পর্যন্ত অর্থ ছাড় করেনি ডিসিসি। নিয়মতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগছে বলে ডিসিসি সূত্রে জানা গেছে।তবে যশোধন প্রামাণিক অভিযোগ করেন, বানরের খাবারের টাকায় ভাগ বসাতে চান সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা। তাই তাঁরা এক লাখ ২০ হাজার টাকার বদলে কাগজপত্রে অর্থ ছাড় দেখাতে চায় তিন লাখ টাকা। কিন্তু দুর্নীতিবাজদের কারণে ডিসিসির অতিরিক্ত এক লাখ ৮০ হাজার টাকা যাতে অপচয় না হয়, সেই চেষ্টা করছেন তিনি। এখন মাঝেমধ্যে অনুদানের মাধ্যমে সংগৃহীত টাকা দিয়ে বানরের জন্য কলা কেনা হয় বলে জানান যশোধন প্রামাণিক। তিনি আরও জানান, প্রতিদিন ৪০০টি করে কলা দরকার হয়, আর এতে খরচ হয় প্রায় ২০০ টাকা।বানরের খাবারের টাকা বরাদ্দ করা হচ্ছে না কেন, জানতে চাইলে ডিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যে পরিমাণ টাকা দরকার, তার চেয়ে বেশি টাকা বরাদ্দের চেষ্টা চলছে কার স্বার্থে, জানতে চাইলে তিনি জানান, বিষয়টি তাঁর জানা নেই।এদিকে সাধনা ঔষধালয় কর্তৃপক্ষ প্রতিদিন দুবার তাদের ওখানকার বানরগুলোকে বুট খেতে দেয়। এ দায়িত্বে আছেন সাধনার কর্মচারী আনন্দ চৌধুরী। তিনি জানান, তিন বছর ধরে তিনি দায়িত্বে আছেন। ভিজিয়ে রাখা বুট প্রতিদিন দুই বেলা ছাদে ছিটিয়ে দেন। তখন চারদিক থেকে বানর এসে এগুলো খায়। তাদের খাবারের দৃশ্য দেখতে আনন্দ চৌধুরীর খুব ভালো লাগে।আতঙ্ক যখন বৈদ্যুতিক তারসাধনা ঔষধালয়ের কর্মচারী সুশান্ত মণ্ডল জানান, প্রায়ই বৈদ্যুতিক শক খেয়ে বানর মারা যাচ্ছে। বিদ্যুতের মূল লাইনের খোলা তারগুলো দিয়ে চলাচল করতে গিয়েই শক খায় তারা। যেদিন বানর মারা যায়, সেদিন ভয়ে অন্য বানরগুলো খেতে আসতে চায় না।বিদ্যুৎস্পৃষ্ট বানরকে কেন্দ্রীয় পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা যায়। বিদ্যুতের মূল লাইনের খোলা তারে প্লাস্টিকের আবরণ দেওয়ার জন্য ডিপিডিসিতে আবেদন করেছেন যশোধন প্রামাণিক। তবে তাতে খুব একটা সাড়া দিচ্ছে না ডিপিডিসি।এ বিষয়ে ডিপিডিসির মহাব্যবস্থাপক (দক্ষিণ) মজিবুর রহমান জানান, খুঁটির খোলা তারে প্লাস্টিক লাগানোর কোনো পরিকল্পনা নেই। কারণ, বিদ্যুতের লাইন মাটির নিচ দিয়ে নেওয়ার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তবে পুরো কাজটি করতে সময় লাগবে।