পুরান ঢাকার রাসায়নিক গুদাম ও কারখানাগুলো বহাল তবিয়তে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার আগামসিহ লেন এলাকার কিছু গলি এতই সরু যে কোনোরকমে একটা রিকশা ঢুকতে পারে। এই এলাকার খুব কম পথেই গাড়ি চলে। অথচ এখানে প্রায় প্রতিটি বাড়ির নিচতলায় রয়েছে কারখানা, রাসায়নিকের গুদাম, রাসায়নিকের দোকান ইত্যাদি। একই অবস্থা লালবাগ, ইসলামবাগ, আরমানীটোলাসহ পুরো পুরান ঢাকায়।গত বছরের ৩ জুন পুরান ঢাকার নিমতলীতে রাসায়নিকের গুদাম থেকে সৃষ্ট আগুনে ১২৩ জন মারা যাওয়ার পর প্রশাসন তৎপর হয়ে রাসায়নিকের গুদাম ও কারখানাবিরোধী অভিযান চালায়। তবে তার প্রভাব পড়েছে খুব সামান্যই। শিল্পমালিকেরা বলছেন, ‘আমরা হুট করে মেশিনপত্র নিয়ে কোথায় যাব, সরকার আমাদের জায়গা দিক, আমরা সেখানে উঠে যাব।’ সরকারি কর্মকর্তারা বলছেন, প্লাস্টিক ও রাসায়নিক সংশ্লিষ্ট কারখানাগুলো সরিয়ে নেওয়া হলে এমনিতেই ওই এলাকা থেকে রাসায়নিকের গুদাম ও দোকানগুলো উঠে যাবে।ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ঢাকা সিটি করপোরেশন এলাকায় রাসায়নিকের গুদাম ও কারখানার সংখ্যা ৯৯৪টি। এর মধ্যে ফায়ার সার্ভিসের অনুমোদিত (ফায়ার লাইসেন্স পাওয়া) ১২৭টি। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ওয়্যার হাউস) জুহুরুল আমিন জানান, গত এক বছরে ভ্রাম্যমাণ আদালত ৭০টি অভিযান পরিচালনা করে চারটি প্রতিষ্ঠান সিলগালা করে দেন, নয়টি গুদাম পুরান ঢাকা থেকে অন্যত্র সরিয়ে দেন। এসব অভিযানে মোট চার লাখ ৮৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মামলা হয়েছে ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।তবে ব্যবসায়ীদের মতে, পুরান ঢাকায় ১০ হাজারের ওপরে কারখানা, রাসায়নিকের গুদাম ও দোকান রয়েছে।একটিও অনুমোদিত নয়: পুরান ঢাকার অনেক গুদামেই অতিদাহ্য রাসায়নিকের মজুদ রাখা হলেও একটিও বিস্ফোরক পরিদপ্তরের অনুমোদন নেয়নি। বিস্ফোরক পরিদপ্তরের প্রধান বিস্ফোরক পরিদর্শক খায়রুল বাশার প্রথম আলোকে বলেন, বিস্ফোরক পরিদপ্তরের অনুমোদিত কোনো গুদাম পুরান ঢাকায় নেই। পরিদপ্তরের অনুমোদিত কয়েকটি গুদাম রয়েছে নদীর ওপারে কেরানীগঞ্জে। তিনি বলেন, সব ধরনের রাসায়নিক আমদানি করতে বিস্ফোরক পরিদপ্তরের অনুমোদন লাগে না, কয়েকটি অতিদাহ্য রাসায়নিকের আমদানির জন্য অনুমোদন নিতে হয়।সেই সব অতিদাহ্য রাসায়নিক পুরান ঢাকার গুদামগুলোতে রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, হয়তো কোনো গুদামে অল্প পর্যায়ে থাকতে পারে। তবে প্লাস্টিক, ফোম ইত্যাদি তৈরির কাঁচামাল হিসেবে অতিদাহ্য রাসায়নিক ব্যবহূত হয় উল্লেখ করে তিনি বলেন, এগুলো বন্ধ করতে হলে পুরান ঢাকা থেকে প্লাস্টিকের কারখানাগুলো তুলে দিতে হবে। যেখানেই কারখানা থাকবে, তার কাছাকাছিই কাঁচামালের দোকান থাকবে—এটাই স্বাভাবিক।প্রধান বিস্ফোরক পরিদর্শক বলেন, ঘনবসতিপূর্ণ ঘিঞ্জি এলাকায় এত কারখানা বোধ হয় বিশ্বের আর কোথাও নেই।যাব কোথায়: নিমতলী নবাব কাটরার যে গলিতে আগুন লেগেছিল, সেই গলিতেই রয়েছে দুটি প্লাস্টিকের কারখানা। এই কারখানা দুটিতে বিভিন্ন কোম্পানির ফরমায়েশ অনুযায়ী প্লাস্টিকের বিভিন্ন তৈজসপত্র থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী তৈরি হয়। কাঁচামাল হিসেবে ব্যবহূত হয় ‘প্লাস্টিকের গুটি’। একই কথা বললেন আগামসিহ লেনে জুতার সোল তৈরির উপকরণ বিক্রেতা তৈয়ব। তিনি বলেন, ‘এখানে অনেক কারখানা, বিক্রি ভালো, সেই জন্যই তো আমরা এইখানে বইয়া রইছি। এহন সরকার যদি আমাগো এসি মার্কেটে গিয়া দোকান করতে কয়, তাইলে হেইখানে আমাগো মাল কিনব কে। যেইখানে কারখানা, সেইখানে আমাগো দোকান।’কারখানার দূষণ: পুরান ঢাকার অলিগলি ঘুরে দেখা গেছে, ঘিঞ্জি গলির স্যাঁতসেঁতে বাড়িগুলো থেকে মেশিনের ঘড়ঘড় শব্দ ভেসে আসছে। কোনো কোনো বাড়ির দেয়ালের সঙ্গে লাগানো পাইপ দিয়ে হুসহুস শব্দে নির্গত হচ্ছে বিষাক্ত ধোঁয়া, কোথাও তরল বর্জ্য গিয়ে মিশছে প্রায় উপচেপড়া পয়োনিষ্কাশনের নালায়।শুধু আগামসিহ লেন ও আগাসাদেক রোড ঘুরে দেখা গেছে, এই এলাকা প্লাস্টিকের বিভিন্ন উপকরণ, জুতা, বিভিন্ন রাসায়নিক কারখানার কাঁচামাল, ক্যারম বোর্ড, বৈদ্যুতিক পাখা, বিভিন্ন বৈদ্যুতিক উপকরণ, বেকারি—এসব হরেক রকমের কারখানা, গুদাম আর দোকানে ভরপুর। আগামসিহ লেনের একটি কারখানায় গিয়ে দেখা গেল, একটি ছোট ঘরে ওপরে মাচা বানিয়ে দোতলা বানানো হয়েছে। নিচে মেশিনে বড় প্লাস্টিকের শিট থেকে জুতার সোল কাটা হচ্ছে, আর ওপরে শ্রমিকেরা সেগুলো ঘষেমেজে ঠিকঠাক করছেন।এই অবস্থায় পুরান ঢাকায় মানুষ বসবাস করছে। গলিগুলো এতই সরু যে আগুন লাগলে ফায়ার সার্ভিসের পানিবাহী ছোট গাড়ি কোনোমতে ঢুকলেও বড় গাড়ি ঢুকতে পারবে না। অথচ এসব কারখানায় অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থাই নেই। ফলে অগ্নিকাণ্ড ঘটলে পরিণাম হয় নিমতলীর ঘটনার মতো ভয়াবহ।