‘সবাই জানের চিন্তা করে। আমরা আবার নিমতলীর ঘটনা চাই না। কারখানা, গুদামমালিক সবাইরে কই, দয়া কইরা এইগুলা সরাইয়া নেন। কিন্তু সরায় না। দুর্ঘটনা ঘটলে হুঁশ অয়। চিন্তায় আমগোও তো রাইতে ঘুমই অয় না।’পুরান ঢাকার আবাসিক ভবনে রাসায়নিকের গুদাম এবং কারখানা থাকায় এভাবেই নিজেদের আতঙ্কের কথা জানালেন নবাবগঞ্জ এলাকার ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির। পুরান ঢাকার বিভিন্ন মহল্লা ঘুরে দেখা গেছে, এই আতঙ্ক শুধু কাউন্সিলরের একার নয়, প্রত্যেকেই রাসায়নিকের গুদাম নিয়ে আতঙ্কগ্রস্ত।গত ৩ জুন নিমতলীর অগ্নিকাণ্ডের পর সেখান থেকে শতাধিক ভাড়াটে পরিবার চলে গেছে। ওই দুর্ঘটনায় নারী, শিশুসহ ১২৫ জন নিহত হয়। রাসায়নিকের গুদাম থেকে সৃষ্ট এই অগ্নিকাণ্ডের পর পুরান ঢাকার আবাসিক ভবন থেকে রাসায়নিকের গুদাম ও কারখানা সরানোর দাবি ওঠে।এরপর সরকার পুরান ঢাকা থেকে রাসায়নিক অপসারণের জন্য ব্যবসায়ী ও কারখানার মালিকদের দুই মাস সময় নির্ধারণ করে দেয়। প্রথম দফায় নির্ধারিত দুই মাসের সময়সীমা শেষ হয় গত ১৭ আগস্ট। এরপর ব্যবসায়ীরা শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার কাছে সময় বাড়ানোর দাবি জানান। মন্ত্রী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় দফা সময় বৃদ্ধি করে দেন। এই দ্বিতীয় দফার সময়ও আজ শেষ হচ্ছে।নিমতলীসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আবাসিক ভবনগুলোতে আগের মতোই রাসায়নিকের গুদাম রয়েছে। অপসারণের বিষয়টি পর্যবেক্ষণের কথা ছিল টাস্কফোর্সের। কিন্তু রাসায়নিক অপসারণে গঠিত এই টাস্কফোর্সের কাজের কোনো সমন্বয় নেই।সমন্বয়হীন টাস্কফোর্স: আগস্ট মাসের প্রথম সপ্তাহে বিস্ফোরক অধিদপ্তর, দমকল, জেলা প্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ-ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগসহ সংশ্লিষ্ট কয়েকটি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে আট সদস্যের টাস্কফোর্স কমিটি গঠন করা হয়। ১৫ সেপ্টেম্বর থেকে আজ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাসায়নিক গুদাম অপসারণের প্রক্রিয়া পর্যবেক্ষণের কথা ছিল এই টাস্কফোর্সের।জানা গেছে, গতকাল বুধবার পর্যন্ত টাস্কফোর্স কোনো পর্যবেক্ষণই করেনি পুরান ঢাকায়। টাস্কফোর্সের সদস্যরা জানান, টাস্কফোর্সের সভাপতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরী এখন বিদেশ সফরে। সদস্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অমিতাভ সরকারকে সংস্থাপন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। অন্য সদস্যদের কেউ এ বিষয়ে কিছু জানেন না।এ ব্যাপারে টাস্কফোর্সের সদস্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (কারা ও অগ্নি) মোহাম্মদ কায়কোবাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘এই বিষয়ে আমি কিছুই জানি না। এ ব্যাপারে অগ্রগতি সম্পর্কেও আমি কিছু বলতে পারব না। কারণ আমি তো কোনো খোঁজ করিনি।’কারখানা, দোকান ও গুদাম: খোঁজ নিয়ে দেখা গেছে, পুরান ঢাকায় রাসায়নিকের কারখানা, দোকান ও গুদাম নিয়ে এই ব্যবসায় জড়িত ব্যবসায়ীর সংখ্যা প্রায় ১০ হাজার। এর মধ্যে বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য ৬৪০ জন। সদস্য ছাড়া শুধু মিটফোর্ডেই রাসায়নিক দ্রব্যের দোকানমালিক আছেন তিন হাজার ৮৭০ জন। বাংলাদেশ পেইন্ট ডাইস কেমিক্যাল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুস সালাম জানান, পুরান ঢাকায় কেমিক্যাল ব্যবসায়ী আছেন প্রায় ১০ হাজার।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, রাসায়নিক ব্যবসায়ীদের মধ্যে পুরান ঢাকায় মাত্র ৪৬টি প্রতিষ্ঠানের রাসায়নিক দ্রব্য আমদানি-রপ্তানি ও মজুদ করার অনুমোদন আছে। নাম প্রকাশ না করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন উপপরিচালক জানান, রাসায়নিক দ্রব্য থেকে পণ্য উৎপাদনের অনুমোদন রয়েছে মাত্র ৭০টি প্রতিষ্ঠানের। অন্যগুলো চলছে অনুমোদন ছাড়াই।আতঙ্কিত পুরান ঢাকাবাসী: নিমতলীর ঘটনার রেশ কাটতে না-কাটতেই গত ২৩ আগস্ট ১৭১ নম্বর জগন্নাথ সাহা রোডের গাজী ভবনের নিচতলায় বিদ্যুৎবিভ্রাট থেকে রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শ্রমিক আনু মিয়া অগ্নিদগ্ধ হয়ে মারা যান। আর নিতাই মণ্ডল নামের এক কাঠমিস্ত্রির শরীরের ৭০ শতাংশ অগ্নিদগ্ধ হয়। তিনি এখনো যন্ত্রণায় কাতরাচ্ছেন। এ ছাড়া গোটা আমলীগোলার বাসিন্দারা রাসায়নিকের আতঙ্কের মধ্যে রয়েছে।পুরান ঢাকার মিটফোর্ড, সিদ্দিকবাজার, আলুবাজার এলাকা ঘুরে দেখা গেছে, এখনো ছয় শতাধিক রাসায়নিকের দোকান, গুদাম ও কারখানা রয়েছে। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা কোথায় গুদাম ও কারখানা আছে, সেসব তথ্য নিজ উদ্যোগেই থানায় গিয়ে জানিয়ে আসছে।তবে কিছু চিহ্নিত রাসায়নিকের দোকান ও গুদাম বন্ধ রয়েছে। এর মধ্যে রয়েছে হোসেনি দালানের নাহার কেমিক্যাল, গাফফার কেমিক্যাল ও ঢাকা কেমিক্যাল।৭৬ নম্বর আগামসীহ লেনের বাসিন্দা তুষার রেহমান বলেন, ‘আমার বাসার সামনেই একটি কারখানা। ওই কারখানায় কী আছে জানি না, কিন্তু মাঝেমধ্যেই ধোঁয়ায় চারদিক আচ্ছন্ন হয়ে যায়। আতঙ্কে ঘুম হয় না।’পোস্তা এলাকার ব্যবসায়ী আবদুর রহমান বলেন, রাসায়নিকের কারখানা ও গুদাম অপসারণের কোনো কার্যকর বা দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় পুরান ঢাকাবাসীর আতঙ্ক কাটছে না।দাহ্য ২০ রাসায়নিক: নিমতলী দুর্ঘটনার পর টাস্কফোর্স উচ্চমাত্রার দাহ্য ২০টি রাসায়নিক চিহ্নিত করেছিল।গঠিত টাস্কফোর্স সূত্র জানিয়েছে, এই ২০টি রাসায়নিকের মধ্যে রয়েছে টলুইন, থিনার-বি, থিনার-সি, পিভিসি থিনার, ডাই এসিটোন অ্যালকোহল, এসিটোন, বিউটাইল অ্যাসিটেট, আইসো বিউটানল, ডি এল-২৫৭৫, ইথাইল এসিটেট, ইথানল, হেভি অ্যারোমেটিক, আইসো প্রোপাইল অ্যালকোহল, মিথানল, মিথাইল ইথাইল কিটোন, মিথাইল আইসো বিউটাইল, এন-প্রোপাইল অ্যাসিটেট, প্রোপাইল অ্যালকোহল, প্রোপাইলিন গ্লাইকল ও জাইলিন বা মিক্সড জাইলিন।রাসায়নিক গুদাম অপসারণ প্রসঙ্গে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে এখন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত সময়ের পর থেকে যদি কোথাও দাহ্য রাসায়নিক পাওয়া যায়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সময় আর বৃদ্ধি করা হবে না।’