পুরান ঢাকার স্বর্ণকার খুনের ঘটনায় দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কসংলগ্ন এলাকায় প্রেমকৃষ্ণ রায় (৩৯) নামের এক স্বর্ণকার খুনের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল রোববার রাতে ধোলাইখাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন বিদ্যুত্ ও কাউসার। এই দুজনকে ঢাকা সিটি করপোরেশনের ৭০ নম্বর ওয়ার্ডের কমিশনার ও যুবদল নেতা আহাম্মদ হোসেন (৪৫) খুনের ঘটনায় জড়িত সন্দেহেও গ্রেপ্তার দেখানো হয়েছে। ডিবির অতিরিক্ত উপকমিশনার মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ গতকাল রোববার রাতে আসামিদের গ্রেপ্তার করতে ধোলাইখাল এলাকায় যায়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে পুলিশ বিদ্যুত্ ও কাউসারকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে একটি পিস্তল ও তিনটি গুলি উদ্ধার করা হয়। তিনি জানান, সন্ত্রাসীরা তাদের দাবি করা ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রেমকৃষ্ণকে হত্যা করে। প্রসঙ্গত, গত ৪ মার্চ সন্ত্রাসীদের গুলিতে প্রেমকৃষ্ণ রায় খুন হন। তিনি সূত্রাপুরের ২০ কৈলাস ঘোষ লেনে বাস করতেন।