পুরান ঢাকায় আগুনে পুড়েছে ৪৭টি দোকান
পুরান ঢাকার সদরঘাটে একটি মার্কেটে গতকাল শুক্রবার মধ্যরাতে আগুন লাগে। এতে ৪৭টি দোকান পুড়ে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, গতকাল রাত সোয়া ১২টার দিকে সদরঘাট এলাকার সিমসন রোডে ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির একতলা আধাপাকা মার্কেটের একটি বইয়ের দোকানে আগুন ধরে যায়। এ আগুন মুহূর্তের মধ্যে অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সদরঘাটের তিনটি ও ফায়ার সার্ভিসের ফুলবাড়িয়া সদর দপ্তরের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে নামে। প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে মার্কেটের ৩২টি বইয়ের দোকান ও ১৫টি ক্রোকারিজের দোকান পুড়ে যায়।ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে।