পুরান ঢাকায় আবার ব্যবসায়ী খুন
রাজধানীর পুরান ঢাকায় আরেক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যবসায়ীর স্বজনদের অভিযোগ, ১০ লাখ টাকা চাঁদার দাবি পূরণ না করায় দুর্বৃত্তরা গতকাল বৃহস্পতিবার সকালে ভিক্টোরিয়া পার্কের সামনে গুলি করে হত্যা করে স্বর্ণ ব্যবসায়ী প্রেমকৃষ্ণ রায়কে (৩৯)।এর আগে ৯ ফেব্রুয়ারি পুরান ঢাকায় খুন হয়েছেন চাল ব্যবসায়ী আফিল উদ্দিন ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আহম্মদ হোসেন। এভাবে একের পর এক হত্যা, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনায় পুরান ঢাকার ব্যবসায়ীসহ সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।স্বর্ণ ব্যবসায়ী খুন: প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, প্রেমকৃষ্ণ রায় গতকাল সকাল সাড়ে সাতটার দিকে তাঁর ভাইয়ের মেয়ে অদ্রিতা রায় ও অঙ্কিতা রায়কে লক্ষ্মীবাজারের সানফ্রান্সিস স্কুলে পৌঁছে দেন। এরপর তিনি সূত্রাপুরের কৈলাস ঘোষ লেনের বাসার উদ্দেশে রওনা দেন। ভিক্টোরিয়া পার্কের সামনে পৌঁছলে চার-পাঁচজন দুর্বৃত্ত তাঁর পথ রোধ করে দাঁড়ায় এবং ৯-১০টি গুলি ছোড়ে। প্রেমকৃষ্ণ রায় মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিত্সকেরা সকাল সাড়ে আটটায় তাঁকে মৃত ঘোষণা করেন।প্রেমকৃষ্ণের ভাই অমলকৃষ্ণ রায় প্রথম আলোকে বলেন, আড়াই মাস আগে প্রেমকৃষ্ণ দুবাই থেকে দেশে ফেরেন এবং পুরান ঢাকায় জেমস জুয়েলার্স ওয়ার্কশপ নামে যৌথভাবে একটি স্বর্ণালংকার তৈরির কারখানা দেন। কয়েক দিন ধরে সন্ত্রাসীরা প্রেমকৃষ্ণের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদার টাকা না দেওয়ায় সন্ত্রাসীরা তাঁর ভাইকে হত্যা করেছে বলে তিনি জানান।সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হানিফ জানান, পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন দুজনকে আটক করেছে। হত্যাকাণ্ডের মূল হোতাদের খুঁজে বের করতে পুলিশি অভিযান শুরু হয়েছে।গতকাল বেলা পৌনে ১২টার দিকে ২০ কৈলাস ঘোষ লেনের চতুর্থ তলায় প্রেমকৃষ্ণের বাসায় গিয়ে দেখা যায়, পরিবারের সদস্যরা তখনো তাঁর মৃত্যুর খবর পাননি। শুধু জানেন যে তিনি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আছেন। বাসার একটি কক্ষের খাটের ওপর প্রেমকৃষ্ণের স্ত্রী স্বপ্না রায় বসে কাঁদছিলেন। পাশে বসা প্রেমকৃষ্ণের ভাবি গীতা রায় কাঁদতে কাঁদতেই বলেন, ‘এখন আপনারা এসে কী করবেন!’ তিনি বলেন, ‘সন্ত্রাসীরা চাঁদা দাবি করে হত্যার হুমকি দিলে কোতোয়ালি থানায় জিডি করা হয়েছিল। তার পরও নিরাপত্তা পাওয়া যায়নি।’প্রেমকৃষ্ণের চাচাতো ভাই কৃষ্ণরায় জানান, পাঁচ মাস আগে প্রেমকৃষ্ণ বিয়ে করেন। স্ত্রী স্বপ্না রায় চার মাসের অন্তঃসত্ত্বা। সাত ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। তাঁদের বাড়ি সাভারের আড়াপাড়া গ্রামে।প্রেমকৃষ্ণের দোকানের কর্মচারী ভবতোষ জানান, সন্ত্রাসীরা তাঁদের কারখানায় (১৭ কোতোয়ালি রোডে অবস্থিত) ফোন করে মালিকদের চাইত। ফোনে চাঁদার জন্য হুমকি দিয়ে বলত, ‘মানুষ নিয়া কত দিন চলবি, একদিন সুযোগ পেলে শেষ করে ফেলব।’কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান প্রথম আলোকে বলেন, নিরাপত্তা চেয়ে ১৪ ফেব্রুয়ারি প্রেমকৃষ্ণ থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। ডায়েরিতে বলা হয়, ১০-১২ দিন ধরে প্রেমকৃষ্ণকে অব্যাহত হুমকি দেওয়া হচ্ছে। এই ডায়েরি করার পর তাঁতীবাজারের পাঁচটি স্থানে পুলিশের পাহারা বসানো হয়।ওসি বলেন, ব্যবসা নিয়ে কারও সঙ্গে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। দুই বছর আগে তাঁর বাসায় ডাকাতি হয়েছিল। তাঁকে সন্ত্রাসীরা তুলে নিয়ে কয়েক দিন আটকেও রেখেছিল। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁতীবাজার এলাকায় প্রায়ই চাঁদাবাজির কথা শোনা যায়। কিন্তু সক্রিয়ভাবে কেউ পুলিশকে সহযোগিতা করেন না। চাঁদাবাজির শিকার হওয়া ব্যবসায়ীরা অনেক কিছুই পুলিশের কাছে গোপন রাখছেন।পুরান ঢাকায় অপরাধ বাড়ছে: পুরান ঢাকায় ছিনতাই, চাঁদাবাজি ও খুনের ঘটনা বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, অপরাধীদের হাতে তাঁরা অনেকটা জিম্মি। অনেকেই নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ তাঁদের নিরাপত্তা দিতে পারছে না। এমনকি হত্যাকাণ্ডের পরও ঘাতকদের গ্রেপ্তার করতে পারছে না পুলিশ।৯ ফেব্রুয়ারি ছিনতাইকারীদের গুলিতে চাল ব্যবসায়ী আফিল উদ্দিন বিশ্বাস এবং একই দিন রাতে ৭০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, যুবদল ঢাকা মহানগরীর (দক্ষিণ) সভাপতি আহম্মদ হোসেন খুন হন। ব্যবসায়ী আফিল হত্যার প্রতিবাদে ব্যবসায়ী ও কর্মচারীরা ১০ ফেব্রুয়ারি নিজ নিজ দোকানপাট বন্ধ রেখে দিনভর বিক্ষোভ মিছিল করেন। তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ওষুধ, কেমিক্যাল, কাচ ও আয়না মার্কেটের প্রায় সাড়ে চার হাজার ব্যবসায়ী দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভে অংশ নেন। খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে যাত্রাবাড়ী ও মোহাম্মদপুর কৃষি মার্কেটের চাল ব্যবসায়ীরাও তাঁদের দোকানপাট বন্ধ রাখেন। কিন্তু এর নয় দিনের মাথায় ১৮ ফেব্রুয়ারি দিনের বেলায় বাবুবাজারে কয়েকটি চালের আড়তে হামলা চালিয়ে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে আড়াই লাখ টাকা লুট করে। এসব ঘটনায় পৃথক মামলা হলেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। আলোচিত দুটি হত্যা মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে।বাদামতলী-বাবুবাজার চাল আড়তদার সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ার ঘটনায় ব্যবসায়ীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এ থেকে পরিত্রাণের জন্য ব্যবসায়ীরা একজোট হয়েছেন। প্রতিটি ঘরে চার-পাঁচটি লাঠি দেওয়া হয়েছে। প্রতিটি ঘরে একটি করে কলবেল থাকবে। সন্ত্রাসী আসামাত্র কলবেল বাজানো হবে। আগামী মঙ্গলবার প্রতিটি ঘরে একটি করে কলবেল স্থাপন করার পর মহড়া অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে তিনি জানান। তিনি আরও জানান, বাবুবাজারে পুলিশফাঁড়ি স্থাপন ও ব্যবসায়ীদের নিরাপত্তার বিষয়ে জোর দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে এলাকায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, পুরান ঢাকায় চাঁদাবাজি ও ছিনতাই নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন গড়ে ৪০টি ছোট-বড় ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এর মধ্যে সূত্রাপুর, কোতোয়ালি ও বংশাল থানা এলাকায় গড়ে ১০টি ছিনতাই হচ্ছে। এসব ঘটনায় পুলিশ প্রকৃত দোষী কাউকে গ্রেপ্তার করতে পারছে না। স্থানীয় লোকজন কোনো ছিনতাইকারীকে হাতেনাতে আটকের পর পুলিশের হাতে তুলে দিলে অল্প দিনের মধ্যে ওই ছিনতাইকারী জামিনে ছাড়া পেয়ে যায়। গত বুধবার বিকেলে সূত্রাপুর থানার রামকৃষ্ণ মিশন রোডে গণছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় স্থানীয় লোকজন মনির হোসেন (২৫) নামে এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে গণধোলাইয়ের পর পুলিশের হাতে তুলে দেন। তার কাছ থেকে ১৭টি গুলি উদ্ধার করা হয়।পুরান ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সম্পর্কে জানতে চাইলে লালবাগ বিভাগের পুলিশের উপকমিশনার আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, এলাকায় তল্লাশি ও অভিযান বাড়ানো হয়েছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট ও পুলিশি পাহারা জোরদার করা হয়েছে। বিভিন্ন এলাকায় টহল দিয়ে সন্ত্রাসীদের চিহ্নিত ও গ্রেপ্তারের জন্য কাজ চলছে।