ঢাকা সিটি করপোরেশনের ৭০ নম্বর ওয়ার্ডের কমিশনার ও যুবদল নেতা হাজি আহাম্মদ হোসেন (৪৫) খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর পুরান ঢাকার আলুবাজার এলাকার নিজের বাসার কাছে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে হত্যা করে। আহাম্মদ হোসেন ঢাকা মহানগর (দক্ষিণ) বিভাগের যুবদলের সভাপতি ছিলেন।অপর ঘটনায় বাবুবাজারে ছিনতাইকারীদের গুলিতে চাল ব্যবসায়ী আফিল উদ্দিন বিশ্বাস নিহত হয়েছেন। এ ঘটনায় আজ বাবুবাজার বাদামতলীতে ধর্মঘট ডেকেছেন ব্যবসায়ীরা। দুই খুনের ঘটনাই পুরান ঢাকায় ঘটেছে। ওয়ার্ড কমিশনার নিহত হওয়ার ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, গতকাল রাতে পুরান ঢাকার হাজি ওসমান গণি রোডের বড় মসজিদ থেকে আহাম্মদ হোসেন নামাজ পড়ে আলুবাজারের বাসায় ফিরছিলেন। বাসার কাছে পৌঁছালে ওত পেতে থাকা চার-পাঁচ সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি ছুড়ে পালিয়ে যায়। গলা ও বুকের বাঁ পাশে তিনটি গুলি লাগলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে স্বজনেরা উন্নত চিকিত্সার জন্য পান্থপথের স্কয়ার হাসপাতালে নিয়ে যান। রাত পৌনে ১০টায় কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সূত্র জানায়, ঢাকা মেডিকেলেই তিনি মারা যান। কিন্তু সহিংসতা এড়াতে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে অন্য হাসপাতালে নিতে বলে। আহাম্মদ হোসেনকে স্কয়ার হাসপাতালে নেওয়ার খবরে শত শত লোক সেখানে জড়ো হয়। বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়া রাতে স্কয়ার হাসপাতালে নিহত যুবদল নেতার মরদেহ দেখতে যান। এ সময় ঢাকার মেয়র সাদেক হোসেন, আমান উল্লাহ, ফজলুল হক, আবদুস সালামসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা সঙ্গে ছিলেন। লাশ দেখে চলে যাওয়ার সময় খালেদা জিয়া সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। সাদেক হোসেন সাংবাদিকদের বলেন, খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। না হলে এ ধরনের খুন বাড়তেই থাকবে। হাসপাতালে বিএনপি ও যুবদলের কর্মীরা বিক্ষোভ করেছেন। রাত পৌনে ১১টার দিকে নিহত ওয়ার্ড কমিশনারের লাশ স্কয়ার হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। রাতে হাসপাতাল মর্গে লাশ রাখা হয়েছে বলে জানা গেছে। কারা এবং কেন খুন করেছে, সে ব্যাপারে কেউ নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। একাধিক সূত্র জানায়, বিএনপি সরকার ক্ষমতায় থাকার সময় আহাম্মদ হোসেন ঢাকা টাওয়ার নামে আলুবাজারে একটি বহুতল ভবন তৈরি করেন। এ ভবন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। অনেকের ধারণা, এর জের ধরেই তিনি খুন হতে পারেন।নিহতের ভাই সুলতান আহমেদ সাংবাদিকদের বলেন, তাঁর ভাই রাজনীতি করতেন। রাজনৈতিক কারণে তিনি খুন হতে পারেন। তবে হাসপাতালে উপস্থিত দলীয় নেতারা খুনের ব্যাপারে কোনো তথ্যই জানাতে পারেননি। নিহত আহাম্মদ হোসেন দুই ছেলে ও এক মেয়ের বাবা। তাঁর বাবা হাজি দেলোয়ার হোসেন নাজিরাবাজারের আদি বাসিন্দা।পুলিশ জানায়, খুনের ঘটনার পর এলাকায় র্যাব ও পুলিশের টহল বাড়ানো হয়েছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ছিনতাইকারীর গুলিতে চাল ব্যবসায়ী নিহত: পুরান ঢাকার বাবুবাজার এলাকায় গতকাল বিকেলে ছিনতাইকারীদের গুলিতে নিহত হন চাল ব্যবসায়ী আফিল উদ্দিন বিশ্বাস (৩৫)। তিনি কুষ্টিয়ার ভিআইপি রাইস মিলের মালিক। পুলিশ এক যুবককে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক করেছে।খুনের ঘটনায় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেন। জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে আজ বুধবার বাবুবাজার ও বাদামতলী এলাকার চাল, মিটফোর্ড এলাকার ওষুধ, কেমিক্যাল, বাবুবাজারের কাচ ও আয়না এবং নয়াবাজারের কাগজ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে ধর্মঘটের ঘোষণা দিয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে আফিল উদ্দিন রিকশায় করে তাঁর বাবুবাজারের বাসায় ফিরছিলেন। বাসার সামনে পৌঁছামাত্র মোটরসাইকেলে করে আসা সাত ছিনতাইকারী তাঁর রিকশাটি টেনে কিছুদূর নিয়ে যায়। এ সময় ছিনতাইকারীরা তাঁর হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ব্যাগটি দিতে অস্বীকৃতি জানালে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা আফিল উদ্দিনকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। গুলি পেট ও বুকসহ বিভিন্ন স্থানে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের ব্যবসায়ী ও শ্রমিকেরা সাহায্যে এগিয়ে এলে ছিনতাইকারীরা তাঁদের লক্ষ্য করেও গুলি ছোড়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ছিনতাইকারীরা টাকা ছিনিয়ে নেওয়ার পর প্রায় ১৫-২০টি গুলি ছোড়ে। ঘটনার পর ছিনতাইকারীরা দীর্ঘক্ষণ সেখানে অবস্থান করে। ভয়ে সেখানে কেউ যেতে সাহস করেনি। পরে তারা নির্বিঘ্নে এলাকা ছেড়ে যায়। ছিনতাইকারীদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। এরপর আশপাশের লোকজন আফিল উদ্দিনকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আফিলের মৃত্যুর সংবাদ আশপাশে ছড়িয়ে পড়লে বাবুবাজার ও বাদামতলী এলাকার ব্যবসায়ীরা তাঁদের দোকানপাট বন্ধ করে হাসপাতালে ছুটে যান। বিক্ষুব্ধ ব্যবসায়ীরা লাশটি একটি ভ্যানে তুলে মিছিলসহকারে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত গিয়ে আবার মিছিল নিয়ে বাবুবাজারে ফিরে আসেন। নিহতের চাচাতো ভাই দেলোয়ার হোসেন প্রথম আলোকে জানান, আফিলের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। টাকা ছিনিয়ে নেওয়ার জন্য তাঁকে গুলি করা হয়েছে। ব্যাগে কত টাকা ছিল, সে ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি তিনি। আফিলের বাবার নাম মোজাম্মেল বিশ্বাস। তাঁর স্ত্রীর নাম রুমা বেগম। রাইসা নামে তাঁর চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। চার ভাই দুই বোনের মধ্যে তিনি পঞ্চম। তাঁর গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার পোড়াদহ থানার আইলাচারা গ্রামে। তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে বাবুবাজারের ৭ গোপীনাথ দত্ত কবিরাজ স্ট্রিটের বাসায় ভাড়া থাকতেন। গতকাল রাতেই লাশের ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার কথা। বাবুবাজার-বাদামতলী চাউল আড়তদার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হোসেন সরদার ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় এলাকার সব চালের দোকান আজ বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধ রাখা হবে। এ ধর্মঘট কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন মিটফোর্ড এলাকার ওষুধ, কেমিক্যাল মার্কেট, কাচ ও আয়না এবং নয়াবাজারের কাগজ ব্যবসায়ীরা। কুষ্টিয়া চালকল মালিক সমিতির সভাপতি আবদুল মজিদ টেলিফোনে প্রথম আলোকে বলেন, মিল মালিক আফিল উদ্দিন খুনের ঘটনায় আজ বুধবার কুষ্টিয়া এলাকার সব মিল বন্ধ রেখে শোক পালন করা হবে। বিকেলে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। জানতে চাইলে লালবাগ অঞ্চলের উপপুলিশ কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন বলেন, এ ঘটনার পর ফুলার রোডে চেকপোস্ট থেকে আবদুল খালেক নামে সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী এক যুবককে শাহবাগ থানার পুলিশ আটক করেছে। খালেককে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।