পুরান ঢাকায় গুলি করে ব্যবসায়ীর ১৫ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার শ্যামবাজারে আজ রোববার দুপুরে এক ব্যবসায়ীকে গুলি করে ছিনতাইকারীরা ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। ব্যবসায়ীর নাম আবদুল জলিল (৩৫)। তিনি শ্যামবাজারে হলুদ-মরিচের আড়তদার। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, আবদুল জলিল আজ দুপুর দুইটার দিকে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৫ লাখ টাকা নিয়ে রিকশায় একটি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় লালকুঠির সামনে তিন-চারজন ছিনতাইকারী পথরোধ করে তাঁর টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিতে গেলে ছিনতাইকারীরা ওই ব্যবসায়ীর পায়ে গুলি করে তাঁর হাতব্যাগ থেকে ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। যোগাযোগ করা হলে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ছিনতাই হওয়া টাকা এবং এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।