পুরান ঢাকায় গুলিতে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহত
পুরান ঢাকার পাতলা খান লেনে আজ মঙ্গলবার সকালে সন্ত্রাসীদের গুলিতে শরিফুল ইসলাম (৪৭) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি ঢাকা সিটি করপোরেশনের ৮২ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ব্যবসায়ী। শরিফুলের স্বজনেরা জানান, আজ সকাল সাড়ে সাতটার দিকে মেয়েকে স্কুলে দিয়ে গেন্ডারিয়ার বাসায় ফিরছিলেন শরিফুল। পুরান ঢাকার পাতলা খান লেনের ডাইলপট্টি এলাকায় আসার পর চার-পাঁচজন সন্ত্রাসী তাঁর গতি রোধ করে এবং এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাঁর শরীরে ছয়টি গুলি পাওয়া গেছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। শরিফুলের বোন সালমা করিম অভিযোগ করে বলেন, গেন্ডারিয়ায় শরিফুলের একটি চায়নিজ রেস্তোরাঁ আছে। দীর্ঘদিন ধরেই কয়েকজন সন্ত্রাসী তাঁর কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না পেয়েই সন্ত্রাসীরা তাঁর ভাইকে গুলি করেছে বলে মনে করেন তিনি।সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে লিখিত অভিযোগ পাওয়া গেলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।