পুরান ঢাকায় ডিবির হাতে প্রতারক গ্রেপ্তার
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসে নিয়োগসহ নানা প্রতারণা করার অভিযোগে বিশ্বজিত্ বসু নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর পুরান ঢাকা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।আজ শুক্রবার ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক এ কথা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তার নাম করে একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসে তদবির ও প্রতারণা করে আসছিল। সেই অভিযোগের ভিত্তিতে এদের ধরতে ডিবি পুলিশ তত্পর হয়। তিনি বলেন, বিশ্বজিত্ বসু প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা প্রলয় জোয়ার্দারের নাম বলে কনস্টেবল পদে কিছু লোককে নিয়োগ দিতে যশোর, গাইবান্ধা ও রাজশাহীর পুলিশ সুপারকে তদবির করেন। বিষয়টি তাঁদের কাছে সন্দেহজনক মনে হলে তাঁরা এটা প্রলয় জোয়ার্দারকে জানান। প্রলয় জোয়ার্দার এ ধরনের তদবিরের কথা অস্বীকার করলে যিনি তাঁর নাম ভাঙিয়ে এ কাজ করছেন, তাঁকে ধরার অভিযান শুরু করে ডিবি পুলিশ।তবে গ্রেপ্তার হওয়া বিশ্বজিত্ বসু উপস্থিত সাংবাদিকদের কাছে দাবি করেছেন, তিনি নির্দোষ। তিনি মহানগর মহিলা কলেজের মার্কেটিং বিভাগের প্রভাষক।