পুরান ঢাকায় নকল প্রসাধনী জব্দ, ৫ জনকে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত আজ বৃহস্পতিবার পুরোনো ঢাকার ছোট কাটারা এলাকায় নকল প্রসাধনী তৈরির কারখানা ও চক মোগলটুলির খান মার্কেটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ করেন। নকল প্রসাধনী তৈরি ও বাজারজাত করার অপরাধে পাঁচজনকে কারাদণ্ড প্রদান করেছেন আদালত।ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা প্রথম আলোকে জানান, নকল প্রসাধনী তৈরি ও বাজারজাত করার অপরাধে শাহীন, সুমন, শামীম, নাজমুল ও খোকন ওরফে কোকাসহ পাঁচজনের প্রত্যেককে ভোক্তা অধিকার আইনে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ছোট কাটারার কারখানায় গিয়ে দেখা যায়, দুটি বিশাল আকৃতির সিলভারের হাঁড়িতে লোশন তৈরি করা হয়েছে। পরে এগুলো নিভিয়া, ডাভ ও ভ্যাসলিনসহ নানা ব্র্যান্ড কোম্পানির কৌটায় ভরে তা চড়া দামে বাজারে বিক্রি হচ্ছে। অভিযানের সময় উপস্থিত র‌্যাব-১০-এর কেরানীগঞ্জ ক্যাম্পের সহকারী পরিচালক নূরে আলম সিদ্দিক প্রথম আলোকে বলেন, খান মার্কেট থেকে ৫৩ ধরনের বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ করা হয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে আমেরিকার প্যানটিন প্রো-ভি শ্যাম্পু, হারবাল অ্যাসেনশিয়াল লোশন এবং ডোভ সাবান ও ক্রিম; থাইল্যান্ডের হেড অ্যান্ড শোল্ডার ও রিজয়েস শ্যাম্পু; ভারতের গার্নিয়ার শ্যাম্পু; জার্মানির নিভিয়া ক্রিম ও লোশন; ইউনিলিভারের সানসিল্ক ও অলক্লিয়ার শ্যাম্পু; সংযুক্ত আরব আমিরাতের ইমপ্যারিয়াল লেদার সোপ, আফটার শেভ লোশন এবং জনসন বেবি কেয়ার বডি লোশনসহ ৫৩ ধরনের প্রসাধনী।