পুরান ঢাকায় পূজার সাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুয়ারে দুর্গাপূজা। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসবের হাতছানি। প্রস্তুতি চলছে মণ্ডপে মণ্ডপে। প্রতিমা গড়ায় পালদের দম ফেলার এতটুকু ফুরসত নেই। পূজা শুরু হলে টানা ১০ দিন পূজার মণ্ডপ আর প্যান্ডেল উৎসবে মুখর থাকবে। পূজার দিনগুলোয় যে কেউ ঘুরে আসতে পারেন পুরান ঢাকায়।পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ে আসতেই চোখে পড়বে তৈরি হচ্ছে তোরণ। বাঁশের এসব তোরণ পূজা শুরুর আগেই ঢেকে যাবে বাহারি কাপড় আর মরিচবাতিতে। সরু গলিতে একটু পরপরই মিলবে পূজামণ্ডপের প্যান্ডেল। আবার পথের দুধারে দেখা যাবে পূজায় ঘর সাজানোর নানা সামগ্রী বেচাবিক্রি চলছে। মিলবে রান্নাবান্নার তৈজসপত্রও। এগুলো পেরিয়ে জগন্নাথ দেব মন্দিরে আসতেই দেখা যাবে প্রতিমাশিল্পীদের ব্যস্ততা। পালদের হাতের আঙুলের ছোঁয়ায় ফুটে উঠছে একেকটি অঙ্গ। আবার কেউ হাতে একটু পানি নিয়ে প্রতিমার মুখমণ্ডল আর শরীর মসৃণ করার কাজে ব্যস্ত। আর একদল ব্যস্ত প্রতিমা রং করায়।এখান থেকে সোজা চলে গেলে মিলবে সুধারাম বাবাজির আশ্রম, তার ডান পাশে চলে গেছে কোতোয়ালি রোড। কোতোয়ালি রোডের ৭২ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে বানানো হচ্ছে বেশ কিছু প্রতিমা। জায়গাটি বেশ বড় আর ফাঁকা বলে বেশ কয়েকটি মণ্ডপের প্রতিমার দেখা মিলবে এখানে।কোতোয়ালি রোড পেরিয়ে শাঁখারীবাজার রোডে আসতে গেলেই দেখা যাবে এখানে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ১৮ সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজার দিন থেকে এটা করা হয়েছে। এভাবে বন্ধ থাকবে দুর্গোৎসবের পুরোটা সময়। ফলে এ পথে হাঁটা ছাড়া কোনো উপায় নেই।শাঁখারীবাজারের ভেতরের পরিবেশটাও এখন অন্য রকম। পূজার কেনাকাটা সেরে কেউ বাসায় ঢুকছেন। আবার কেউ কেনাকাটার জন্য পরিবারসুদ্ধ বেরিয়ে পড়ছেন। সবখানেই একটা সাজ সাজ রব। শাঁখারীবাজারের মোড়ের একটি শাড়ির দোকানে কথা হয় দোলন বালার সঙ্গে। তিনি জানান, শাঁখারীবাজারে পূজার সব উপকরণই পাওয়া যায়। এবার এখানে বাহারি পোশাকও বেচাকিনি হচ্ছে। বাড়ির পাশেই এতসব আয়োজনে খুশি শাঁখারীবাজারের বাসিন্দারা।লক্ষ্মীবাজারের সুদীপা রানী শাঁখারীবাজারের একটি সনাতন-ধর্মীয় পুস্তক বিক্রয়কেন্দ্র ঘুরে ঘুরে দেখছিলেন। তিনি জানালেন, পূজায় তাঁদের বাসায় একটি প্রতিমা বসানো হবে। মণ্ডপে গান বাজানোর জন্য সিডির খোঁজে এসেছেন তিনি। সুদীপার সঙ্গে থাকা ছোট বোন সুতপা রানী জানান, পূজায় দুর্গা মায়ের ছাপ দেওয়া টি-শার্ট গায়ে পরবেন সব ভাই-বোন। তাই শাঁখারীবাজারে এসে আগেভাগেই ফরমায়েশ দিয়ে রাখলেন।শাঁখারীবাজারে রয়েছে বেশ কয়েকটি পালঘর। ১৩৬ নম্বর শাঁখারীবাজারে দেখা মেলে সিমুলিয়া শিল্পালয় নামের একটি পালঘরের। এর মালিক পরিতোষ পাল। এখানে আরও কাজ করেন বলয় পাল, পরিমল পাল, নিশিবাবু পাল, লিটন পাল, বিষ্ণু পাল, গোবিন্দ পালেরা। এই সিমুলিয়া শিল্পালয়ের পালেরা পুরান ঢাকার বেশির ভাগ প্রতিমা নির্মাণ করছেন। আবার পল্টন পালেরও আছে একটি প্রতিমা গড়ার স্টুডিও। পল্টন পালের সঙ্গে কথা হয় শাঁখারীবাজারের একটি গলিতে। পল্টন পাল জানান, প্রতিবছর আট-দশটি মণ্ডপের প্রতিমা গড়তে হয়। মজুরি ভালোই মেলে। আবার প্রতিমা গড়ে সুনাম জুটলে পরের বছর কাজের জন্য ডাকও পড়ে।আবার উত্তর মৈশুন্ডীর তপন নাথ ব্যস্ত পটকা কেনায়। তপন জানান, পূজায় পটকা ফাটিয়ে পুরো এলাকা মাথায় তুলে নেওয়ার প্ল্যান আছে। সঙ্গে থাকবে আতশবাজির বর্ণিল আলোক।শাঁখারীবাজারের গলি পেরিয়ে এবার হাঁটা যাক নর্থ ব্রুক হল রোডের দিকে। নর্থ ব্রুক হল রোডের বাংলাবাজার জমিদারবাড়ি আর প্যারীদাস রোডের বোবার স্কুলে মিলবে প্রতিমাশিল্পীদের। এখানে অনেকগুলো প্রতিমা গড়ার কাজ চলছে। দেখা হয় শাঁখারীবাজারের সিমুলিয়া শিল্পালয়ের পালদের একটি দলের সঙ্গে। এখানেও ব্যস্ততায় দম ফেলার ফুরসতটুকু নেই।একটু এগিয়ে হেমেন্দ্র দাস রোডের একরামপুর স্কুলের একটি ঘরেও দেখা যাবে প্রতিমা বানানোর পর্ব। আবার সূত্রাপুরের গৌতম মন্দির, শ্রীশ্রীবিহারীলাল জিউ মন্দিরেও দেখা যাবে প্রতিমা গড়ার কারিগরদের ব্যস্ততা। চাইলে ঘুরে আসা যেতে পারে ঢাকেশ্বরী মন্দির থেকে। এখানেও চলছে প্রতিমা নির্মাণ। উর্দু রোডেও একই দৃশ্য।এদিকে লক্ষ্মীবাজার, নবাবপুর রোড, উত্তর মৈশুন্ডী আর গোয়ালনগরেও দেখা মিলবে ব্যক্তিগত উদ্যোগে বানানো মণ্ডপের। মন্দিরে মন্দিরে ব্যস্ততা শুরু হয়েছে তোরণ নির্মাণেরও। ঝেড়ে-মুছে ঝকঝকে করা হচ্ছে মন্দির প্রাঙ্গণ। কোথাও আবার নতুন করে চুনকাম করা হচ্ছে। দেয়ালের পাশাপাশি দরজা-জানালায়ও লাগছে রঙের ছোঁয়া। আর এসব করা হচ্ছে সামনের দুর্গা উৎসবকে রাঙিয়ে দেওয়ার জন্যই।