পুরান ঢাকায় ফটকই ভরসা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এই গেট রাত ১২টা থেকে সকাল ছয়টা পর্যন্ত বন্ধ থাকে। এ সময়ে চেক করে লোক ঢুকতে দেই।’ বলছিলেন বংশালের একটি নিরাপত্তা-ফটকে দায়িত্বরত একজন দারোয়ান। এই ফটকটি বসিয়েছে বংশাল লেন সমাজসেবা পরিষদ।রাতের বেলা চোর, ডাকাত, ছিনতাইকারীদের দৌরাত্ম্য প্রতিরোধে থানা-পুলিশের ওপর ভরসা রাখতে পারছেন না পুরান ঢাকার বাসিন্দারা। তাই এলাকার পঞ্চায়েত, বাড়িমালিক সমিতিসহ বিভিন্ন সংঘের উদ্যোগে মহল্লার গলির মুখে বসছে নিরাপত্তা-ফটক। রাতের বেলা নির্দিষ্ট একটা সময় বন্ধ থাকে ফটকের দুয়ার। এর জন্য এলাকাবাসী নিশ্চিন্তে ঘুমাতে পারছেন। তবে রাতে সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রিত হয়ে পড়ে বলে কেউ কেউ বিরক্তিও প্রকাশ করলেন। গভীর রাতে যাঁরা কাজ শেষে বাসায় ফেরেন, তাঁদের পড়তে হয় বিড়ম্বনায়।আলী নকির দেউড়ীতে রাতদুপুরে রিকশা চলাচল করতে পারে না। কারণ, ফটকের দরজা বন্ধ থাকে। কেবল পকেট-গেটটা খোলা থাকে। এ নিয়ে বিরক্তি প্রকাশ করলেন স্থানীয় বাসিন্দা তৌহিদুর রহমান। তিনি জানান, কোনো দারোয়ান থাকে না ফটকে। তাই ফটকের উপকারিতা নিয়ে তিনি সন্দিহান।বংশাল পুকুরঘাটের বাসিন্দা সাব্বির আহমেদ বলেন, ‘আমাদের এলাকার সমাজসেবা পরিষদের তত্ত্বাবধানে গলির মুখে গেট লাগানো হয়েছে। এর বয়স প্রায় এক যুগ। এখানে দারোয়ানও নিয়োগ করা হয়েছে। প্রয়োজনে দারোয়ান গেট খুলে দেয়। গেটের কারণে আমরা নিশ্চিন্ত থাকতে পারি।’‘আপনার পরিচয় দিন। রাত ১২টা পর্যন্ত গেট খোলা থাকিবে।’ নিরাপত্তা-ফটকে এমন লেখা দেখা গেল গেন্ডারিয়ার কে বি রোড মাজারের গলির মুখে। ওই এলাকায় ঢোকার চার গলির মুখে এমন চারটি ফটক রয়েছে। এগুলো বসিয়েছে অনির্বাণ ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ প্রতিষ্ঠান। এর সভাপতি গোলাম মোস্তফা জানান, বহিরাগতদের অপকর্মের হাত থেকে রক্ষা পেতে ফটকগুলো বসানো হয়েছে। লোহারপুল, কাঠেরপুল এলাকা ঘুরেও অনেক নিরাপত্তা-ফটক দেখা গেছে। কাঠেরপুলের বানিয়ানগর আদর্শ জনকল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পরিচালক শেখ শরীফ মোহাম্মদ জানান, এ এলাকায় মোট আটটি ফটক রয়েছে। আর তাতে পাঁচজন প্রহরী কাজ করছেন।নিরাপত্তা-ফটক বসানোর কারণ জানতে চাইলে তিনি বলেন, গভীর রাতে বহিরাগতরা গলিতে ঢুকে অসামাজিক কাজে লিপ্ত হতো। ছিঁচকে চোর ও ছিনতাইকারীরা গলিগুলো দিয়ে পালিয়ে যেত। আবার মাদকসেবীরা বাসাবাড়ি থেকে চুরি করত। নিরাপত্তা-ফটক বসানোর পর এসব নেই বললেই চলে। তাঁদের এলাকা ছিল অপরাধপ্রবণ। এখন তা পুরোপুরি রোধ হয়েছে। এলাকার নারীরা ভোরে নিশ্চিন্তে হাঁটতে বের হতে পারছেন। নগরের প্রতিটি এলাকায় নিরাপত্তা-ফটক বসানো হলে চুরি-ছিনতাই কমবে বলে মনে করেন শেখ শরীফ মোহাম্মদ।মহল্লার নিরাপত্তা-ফটক নিয়ে কথা হয় বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জমিরউদ্দিন আহমেদের সঙ্গে। তিনি জানান, এলাকার নিরাপত্তার স্বার্থে সবাই মিলে এ রকম ফটক লাগাতে পারে। তবে এর সঙ্গে নিরাপত্তারক্ষী রাখা দরকার। নইলে গভীর রাতে জরুরি সময়ে ফটক খোলা নিয়ে সমস্যা হতে পারে।